কদর বাড়ছে কর্ণফুলীর বালুর
ব্যবসায়ীদের কাছে কর্ণফুলীর বালুর কদর দিন দিন বাড়ছে। এ কারণে বাণিজ্যিক ভিত্তিতে বালু তোলার একটি দরপত্রে দর হাঁকানোর প্রতিযোগিতায় নেমেছিলেন ব্যবসায়ীরা। প্রতিযোগিতার কারণে চট্টগ্রাম বন্দরের ওই দরপত্রে প্রাক্কলিত মূল্যের চেয়ে প্রায় ৬৪ শতাংশ বেশি দর পাওয়া গেছে। এই ‘বেশি’র পরিমাণ এক কোটি চার লাখ টাকা।বন্দর চেয়ারম্যান কমোডর আরইউ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বালু উত্তোলনের জন্য দরপত্র আহ্বান করায় ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। এ কারণে প্রত্যাশার চেয়ে বেশি দর পাওয়া গেছে। এতে লাভ হয়েছে বন্দরের।’বন্দর সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি কর্ণফুলী নদীর নয়টি ব্লকে বালু তোলার দরপত্র আহ্বান করা হয়। গত ১০ মার্চ দরপত্র জমা নেওয়া হয়। দরপত্র বাক্স খুলে নয়টি ব্লকের জন্য ২৪টি দরপত্র পাওয়া যায়। এই নয়টি ব্লক শাহ আমানত সেতু থেকে কর্ণফুলীর উজানে কালুরঘাট পর্যন্ত বিস্তৃত।দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই শেষে নয়টি প্রতিষ্ঠানকে এক বছরের জন্য ইজারা দেওয়ার সুপারিশ করে। মূল্যায়ন কমিটির প্রতিবেদন গত ৩১ মার্চ বন্দরের বোর্ড সভায় অনুমোদন করা হয়। এতে বলা হয়, ওই নয়টি ব্লকে বালু তোলার জন্য বন্দরের প্রাক্কলিত মূল্য ধরা হয় এক কোটি ৬২ লাখ টাকা। ঠিকাদারদের কাছ থেকে ইজারা প্রস্তাব পাওয়া যায় দুই কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৭৩৭ টাকা। ওই টাকার ১৫ শতাংশ অর্থাৎ প্রায় ৪০ লাখ টাকা কর দিতে হবে ব্যবসায়ীদের।বন্দর সূত্রে জানা গেছে, কয়েক দিনের মধ্যে নয় ব্লকে নয়টি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে। এ ক্ষেত্রে মে থেকে এক বছরের জন্য বাণিজ্যিকভিত্তিতে বালু তোলার চুক্তি হবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে। কর্ণফুলীর পাঁচ নম্বর ব্লকে বালু তোলার জন্য প্রায় ২০ লাখ টাকা দর হেঁকে সর্বোচ্চ দরদাতা হয়েছেন আবদুস সালাম। তিনি বলেন, ‘কর্ণফুলীর বালুর চাহিদা ভালো। এ কারণে ব্যবসায়ীরা বেশি দর হেঁকেছেন। তবে অভিজ্ঞ না হলে যে দর হাঁকা হয়েছে সেই টাকা তুলে আনা কঠিন হতে পারে।’বন্দর সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর বন্দরের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দরপত্র আহ্বান করে বালু তোলার প্রক্রিয়া শুরু হয়। এর আগে দরপত্র ছাড়াই ঠিকাদারদের প্রস্তাবের পর নির্ধারিত হারে টাকা দিয়ে বালু তোলা হতো। মাঝে কিছুদিন বালু তোলা বন্ধ ছিল। তবে ওই সময় রাতের আঁধারে বালু তোলার অভিযোগ ছিল।