কদর বেড়েছে তৃণমূল নেতা-কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন তাঁরা। ২০ জুন উপজেলা পর্যায়ের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।নেতা-কর্মীরা জানান, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এখন রীতিমতো স্নায়ুযুদ্ধ চলছে। শুরু হয়েছে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ভোট বাড়ানোর রাজনীতি। প্রত্যন্ত অঞ্চলের কর্মী -সমর্থকদের চায়ের কাপেও ঝড় উঠছে প্রতিনিয়ত। প্রার্থীরা কৌশলে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাংগঠনিক দুর্বলতা তুলে ধরার চেষ্টা করছেন। এ ছাড়া নানা উপায়ে কাউন্সিলরদের মন জয়ের ব্যাপারেও সজাগ তাঁরা। ফলে তৃণমূলের নেতা-কর্মীদের কদর বেড়েছে।জানা যায়, উপজেলা সম্মেলনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের (ইউনিয়ন কমিটি) চলমান সম্মেলনেও এসেছে প্রাণচাঞ্চল্য। উপজেলার ১৬টি ইউনিয়ন এবং মিরসরাই পৌরসভা এলাকায় ওয়ার্ড পর্যায়ের সম্মেলন চলছে। জুনের প্রথম সপ্তাহের মধ্যে ইউনিয়ন ও মিরসরাই পৌরসভার সব কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান নেতারা।এদিকে ওয়ার্ড কমিটিতে নেতা নির্বাচন নিয়েও তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউনিয়নের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, অযোগ্য অনেককেই ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে। যার প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে। জেলা-উপজেলাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা এবং উত্তর জেলার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ আতাউর রহমানের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। আর সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য ফেরদৌস হোসেন, মো. মকছুদ আহম্মদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম শাহজাহান এবং যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল মোস্তফার নাম আলোচনায় আসছে।সভাপতি প্রার্থী শেখ আতাউর রহমান জানান, নেতা-কর্মীদের আগ্রহে তিনি উপজেলা সভাপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সভাপতি নির্বাচিত হওয়ার ব্যপারে তিনি আশাবাদী। উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা বলেন, ‘গত তিন বারের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এবারও নেতা-কর্মীরা আমাকে সভাপতি নির্বাচিত করবেন বলে আশা করছি।’সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী, এম শাহজাহান, নুরুল মোস্তফা, মকছুদ আহাম্মদ ও ফেরদৌস হোসেন প্রার্থী হওয়ার কথা নিশ্চিত করে জানান। তাঁরা জানান, ২০ জুনের মধ্যে উপজেলা সম্মেলন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এখন ইউনিয়ন পর্যায়ের সম্মেলন চলছে। উল্লেখ্য, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে। তখন মোহাম্মদ আলী সভাপতি ও নুরুল হুদা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এ বছরের গত ১২ এপ্রিল সভাপতি মোহাম্মদ আলী মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুজ্জামান।