কদর বেড়েছে সীতাকুণ্ডের আপেলকুলের
সীতাকুণ্ডের পাহাড়ে এবার আপেলকুলের বাম্পার ফলন হয়েছে। মৌসুম শুরুর আগেই বাজারে সরবরাহ করতে পারায় খামারিরা ভালো দামও পেয়েছেন। তা ছাড়া হরতাল-অবরোধের কারণে উত্তরবঙ্গ থেকে কুল আসতে না পারায় চট্টগ্রামের বাজরেও কদর ছিল সীতাকুণ্ডের আপেলকুলের।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সীতাকুণ্ডের ছলিমপুর, কুমিরা ও বারৈয়ারঢালায় ছয়টি আপেলকুলের বাগান রয়েছে। এসব বাগানের আপেলকুল এবার চট্টগ্রামের ফলের বাজারে ভালো বিক্রি হয়েছে। কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের একটা বড় অংশ পাহাড়ি ভূমি। এ ভূমিতে সঠিকভাবে ফলের বাগান করলে কেবল আপেলকুল নয়, নানা ধরনের ফলের চাহিদাও মেটানো সম্ভব।
উপজেলার কুমিরার জিন্নুরাইন হ্যাচারি, পোলট্রি, ডেইরি অ্যান্ড ফিশারিজ প্রকল্পের মালিক এসএম জমির উদ্দীন প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আগে অনেকটা শখের বশে তিনি খামারের টিলায় দেড় শ আপেলকুল ও ৫০টি বাউকুলের গাছ লাগান। এর পর দুবছর আগে কলম করে আরও শতাধিক আপেলকুলের গাছ লাগান। ওই বাগানে তিন বছর ধরে আপেলকুলের ফলন হচ্ছে। এ বছরও বাম্পার ফলন হয়েছে। সীতাকুণ্ডের আপেলকুলের সবচেয়ে বড় বাগানটির অবস্থান উপজেলার সলিমপুরের ফকরি এস্টেটে। বাগানের মালিক হোসাইনী তাহের ফকরি বলেন, তাঁর বাগানে আট হাজার ৮০০ আপেল কুলের গাছ রয়েছে। মৌসুমের অর্ধেক সময়ে বিক্রি হয়েছে ২০ টন। শুরুতে প্রতি কেজি কুল ১৬০ টাকায় বিক্রি করেছেন। এখন বিক্রি করছেন ৬০ টাকায়। এবার ৬০ টনের বেশি আপেলকুল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে ৮০ লাখ টাকার কুল বিক্রি হবে বলে তিনি জানান। ফকরি এস্টেটের ব্যবস্থাপক মো. নাজির বলেন, পাহাড়ে চাষ করা খুবই কষ্টকর। তবে যা-ই চাষ করা হোক না কেন, ফলন ভালো হয়। খামারে আপেলকুলের ফলনও প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।
সুমিষ্ট স্বাদের জন্য লালচে সবুজ আপেলকুলের জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে। সীতাকুণ্ড উপজেলার ফলের দোকানে এই ফল শোভা পাচ্ছে। দাম কমে যাওয়ায় এই কুলের বিক্রিও বেশ ভালো।
কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবার আগাম ফলন হওয়ায় চলতি বছরে অগ্রহায়ণ মাস থেকে আপেলকুল ও বাউকুল বিক্রি শুরু হয়।
এখানকার উৎপাদিত কুল প্রতি কেজি ১০০ টাকা দামে বিক্রি হয়েছে গত সপ্তাহে। চাষিরা ভালো লাভও করতে পেরেছেন।
সীতাকুণ্ড বাজারের ফল ব্যবসায়ী সতীশ চন্দ্র পাল বলেন, আপেলকুল ক্রেতাদের বেশ পছন্দের। প্রতি কেজি ৫৫ টাকা দামে বিক্রি হচ্ছে। মৌসুমী ফল বলে ক্রেতারাও স্বাদ নিতে কিনছেন আপেলকুল।