
চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা। তাঁর মেয়ে শিরোপা পূর্ণা, ঢাকার সাউথ ব্রিজ স্কুলে নবম শ্রেণীতে পড়ে, খুদে চলচ্চিত্রনির্মাতাও। দুই প্রজন্মে আজ জানা যাক এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. যাঁদের লেখা মুগ্ধ করে...
কনকচাঁপা চাকমা: সমরেশের উপন্যাস আর সুনীলের কবিতা।
মেয়ে: স্যার আর্থার কোনান ডয়েল, জুডিথ ম্যাকনট, রোয়াল্ড ডালের লেখা ভালো লাগে।
২. প্রিয় চলচ্চিত্র...
কনকচাঁপা চাকমা: সিনেমার ক্ষেত্রে নির্দিষ্ট পছন্দ নেই। সব ধরনের সিনেমাই দেখি। আমার প্রিয় সিনেমাগুলো ছেলেমেয়েদের দেখাই, আবার ওদের প্রিয়গুলোও আমি দেখি। পথের পাঁচালী অনেকবার দেখেছি।
মেয়ে: রোমাঞ্চকর, রহস্যে ঘেরা সিনেমাগুলো বেশি ভালো লাগে। এ ছাড়া যেকোনো ভালো সিনেমাই দেখি। টিভি সিরিজ শার্লক খুব প্রিয়।
৩. প্রিয় খাবার...
কনকচাঁপা চাকমা: আমাদের বাসার খাবারের তালিকায় শুঁটকি থাকে প্রতিদিন। এ ছাড়া চিংড়ি, চিজ কেক ভালো লাগে।
মেয়ে: আম্মুর মতোই। শুঁটকি, চিংড়ি, চিজ কেক...
৪.গল্প-সিনেমার কোনো কাল্পনিক চরিত্র হওয়ার সুযোগ পেলে...
কনকচাঁপা চাকমা: সমরেশের দীপাবলি (সাতকাহন) হতাম।
মেয়ে: ডেথ নোট নামে একটা জাপানি টিভি সিরিজ আছে। ওটার ‘এল’ চরিত্রটা হতে পারলে ভালো লাগত।
৫. যে পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি...
কনকচাঁপা চাকমা: চাকমা পিনোন, খাদি। এ ছাড়া ছবি আঁকাআঁকির সময় টি-শার্ট, জিনস পরি।
মেয়ে: পাশ্চাত্য ঢঙের পোশাক ভালো লাগে। স্কার্ট, জিনসে স্বাচ্ছন্দ্য বোধ করি।
৬. প্রিয় চিত্রশিল্পী...
কনকচাঁপা চাকমা: পল গগা, ভ্যান গগ, মার্ক রথকো, ঝাও ব্রাদার্স, শুভ প্রশন্ন, গণেশ পাইন, পরেশ মৈত্র... আরও অনেকে আছেন।
মেয়ে: আমার কাছে আম্মুর আঁকা ছবিগুলোই ভালো লাগে। বিশেষ করে আম্মুর ল্যান্ডস্কেপগুলো।
সাক্ষাৎকার: মো. সাইফুল্লাহ