কনটেইনার ওঠানো-নামানো কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি অর্থবছর কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে না। অর্থবছরের প্রথম ১১ মাসে আগের একই সময়ের তুলনায় কনটেইনার পরিবহন কমেছে প্রায় ১১ শতাংশ। অর্থবছরের শেষ অর্থাৎ চলতি মাসে কনটেইনার পরিবহন বাড়লেও ঋণাত্মক প্রবণতা রয়ে যাবে।বন্দর সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বন্দরে গড়ে ১২ শতাংশ হারে কনটেইনার ওঠানো-নামানোর প্রবৃদ্ধি হয়েছিল। এ প্রবৃদ্ধি ধরে বন্দরের নানা প্রকল্পও হাতে নেওয়া হয়। কিন্তু এবার কনটেইনার ওঠানো-নামানোর হার না বেড়ে উল্টো কমেছে।২০১০-১১ অর্থবছরের প্রথম ১১ মাসে বন্দর দিয়ে কনটেইনার ওঠানো-নামানো হয় প্রায় ১৩ লাখ ৫৭ হাজার। চলতি অর্থবছরের একই সময়ে হয় প্রায় ১২ লাখ ২২ হাজার একক কনটেইনার। সংখ্যার হিসাবে গত অর্থবছরের চেয়ে এক লাখ ৩৫ হাজার কনটেইনার কম পরিবহন হয়েছে।সূত্র জানায়, চলতি অর্থবছরের শুরু থেকে কনটেইনার পরিবহন কমতে থাকে। অবশ্য গত মাসে কনটেইনার পরিবহন আগের চেয়ে সামান্য বেড়েছে। গত মে মাসে কনটেইনার পরিবহন হয় এক লাখ ২০ হাজার ৫০ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসাবে)। এই সংখ্যা গত অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। তবে গত অর্থবছরের জানুয়ারি মাসে বন্দর দিয়ে এক লাখ ৪০ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছিল। এই অর্জন এখনো ছাড়িয়ে যাওয়া যায়নি।বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে বন্দরে কনটেইনার পরিবহন কম-বেশি হয়। এই অর্থবছরের বেশির ভাগ সময় কনটেইনার ওঠানো-নামানো হার কমলেও এখন বাড়ছে।জানা গেছে, বন্দরে কনটেইনারে করে যত পণ্য পরিবহন হয় এর মধ্যে পোশাকশিল্পের পণ্যই বেশি। কনটেইনারে মূলত পোশাকশিল্পের কাঁচামাল আমদানি হয় এবং প্রস্তুত পণ্য রপ্তানি হয়। এ ছাড়া কনটেইনারে আমদানি হয় ইলেকট্রনিকস সামগ্রী, মসলাজাতীয় পণ্য, শিল্পের মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। পোশাকশিল্পের পণ্য ছাড়া পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য ইত্যাদি পণ্য কনটেইনারে রপ্তানি হয়।এ প্রসঙ্গে তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন-বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘কনটেইনারে করে যত পণ্য আমদানি-রপ্তানি হয়, এর মধ্যে সিংহভাগই পোশাকশিল্পের পণ্য।এর মধ্যে আমদানি পণ্য অন্তত ৪০ শতাংশ এবং রপ্তানি পণ্য ৮০ শতাংশ। অর্থাৎ পোশাকশিল্পের পণ্য পরিবহন বাড়লে কনটেইনার ওঠা-নামাও বাড়বে।’প্রসঙ্গত, দেশে সমুদ্রপথে কনটেইনারে পণ্য পরিবহনের প্রায় ৯৮ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। বন্দরের তিনটি টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানোর ১৯টি জেটি রয়েছে। এর মধ্যে ১৬টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানো হয়।