কনটেইনার পরিবহন কমেছে সাড়ে ১০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন কমছেই। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে আগের একই সময়ের তুলনায় কনটেইনার পরিবহন কমেছে প্রায় এক লাখ ৩০ হাজার একক কনটেইনার অর্থাৎ প্রায় সাড়ে ১০ শতাংশ। আমদানি-রপ্তানি না বাড়ায় কনটেইনার পরিবহনে এই প্রভাব পড়েছে বলে জানা গেছে।প্রসঙ্গত, দেশে সমুদ্রপথে কনটেইনারে পণ্য পরিবহনের প্রায় ৯৬ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। অর্থাৎ বন্দরের কারণে কনটেইনার ওঠানামা কম-বেশি হওয়ার সুযোগ নেই। বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে বন্দরে কনটেইনার ওঠানামা কম-বেশি হয়।বন্দর সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয় প্রায় ১১ লাখ দুই হাজার একক কনটেইনার। গত অর্থবছরের একই সময়ে পরিবহন হয় প্রায় ১২ লাখ ৩২ হাজার একক কনটেইনার। কনটেইনার পরিবহন কমেছে সাড়ে ১০ শতাংশ হারে। অথচ এর আগে গড়ে ১২ শতাংশ হারে কনটেইনার পরিবহন বাড়ছিল।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চীন ও ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয়। ভারত থেকে এখন সড়কপথে পণ্য আসছে বেশি। ফলে কনটেইনারে পণ্য আমদানি কমেছে। রপ্তানি আদেশের মৌসুমের ওপর কনটেইনার পরিবহন কম-বেশি হয়।’ সামনে রপ্তানি আদেশ বাড়লে কনটেইনার পরিবহনও বাড়বে বলে আশা করেন তিনি। বন্দর কর্মকর্তারা জানান, বন্দরের কনটেইনারে যত পণ্য পরিবহন হয় এর মধ্যে পোশাকশিল্পের পণ্যই সিংহভাগ। কনটেইনারে মূলত পোশাকশিল্পের কাঁচামাল আমদানি হয় এবং প্রস্তুত পণ্য রপ্তানি হয়। এ ছাড়া কনটেইনারে আমদানি হয় ইলেকট্রনিকস সামগ্রী, মসলাজাতীয় পণ্য, শিল্পের মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। পোশাকশিল্পের পণ্য ছাড়া পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য ইত্যাদি পণ্য কনটেইনারে রপ্তানি হয়।এ প্রসঙ্গে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বন্দর দিয়ে আমদানি কনটেইনারের অন্তত ৫০ শতাংশ এবং রপ্তানি কনটেইনারের ৮০ শতাংশ তৈরি পোশাকশিল্পের পণ্য পরিবহন করে। বিগত কয়েক মাসে আশানুরূপ রপ্তানি না হওয়ায় বন্দরে কনটেইনার পরিবহন কমেছে। তবে আশা করছি আগামী কয়েক মাসে পরিস্থিতি ভালো হবে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কনটেইনার পরিবহন কমে যাওয়ায় বন্দরসংশ্লিষ্ট খাতে অস্থিরতা তৈরি হয়েছে। চট্টগ্রামে গড়ে ওঠা ১৯টি বেসরকারি কনটেইনার ডিপোতে কনটেইনার ওঠানো-নামানো ও খালাসের কার্যক্রম কমেছে। বন্দরে কনটেইনার পরিবহন কম হলে এসব ডিপোতেও কাজ কম হয়। বন্দরের জেটি পরিচালনাকারী বার্থ অপারেটররাও এখন আগের মতো জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ পরিচালনা করতে পারছে না। এসব কাজে শ্রমিকেরাও প্রতিদিন নিয়োগ পাচ্ছেন না। এ কারণে শ্রমিকদের মধ্যেও অস্থিরতা রয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনালে ১০টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানো হয়। ১৯৭৭ সালে প্রথম এই বন্দরে কনটেইনারে পণ্য পরিবহন শুরু হয়।