কনসার্টে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনাদের কারোর কি এমন হয়? ধরুন, সন্ধেবেলা স্ত্রীকে নিয়ে যাবেন চেম্বার মিউজিক কনসার্টে অথবা অপেরায়, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না কিছুতেই? আমার কিন্তু এমনটা হয় প্রতিবারই। অথচ অদ্ভুত কাণ্ড, যখন ফুটবল খেলা দেখতে যাই কিংবা বোলিংয়ে বা সে রকম কোথাও, আমার প্রিয় গাড়িটা স্টার্ট নেয় একেবারে অনুগতের মতো, তারপর ছুটতে থাকে সানন্দে...।উবু হয়ে বসে গভীর অভিনিবেশ সহকারে টাইপ করছিলাম, সেই সময় ঘরে ঢুকল মারিয়ানা।—কাজ থামাও, প্লিজ, এবং আপাদমস্তক কাজে ঢুকে থাকার ভান কোরো না অযথা, আর কয়টা বাজে এখন তা জানো না, সে কথাও বলতে যেয়ো না।মাথা একটু ঘুরিয়ে শূন্য দৃষ্টিতে তাকালাম মারিয়ানার দিকে।—কী যেন বললে তুমি?—যা শুনতে পেয়েছ, সেটাই বলেছি! সাতটা দশ বাজে! তোমার তো এতক্ষণে রেডি হয়ে থাকার কথা ছিল!—রেডি হয়ে মানে? বুঝতে পারলাম না।—ভান কোরো না। তুমি ভালো করেই জানো, আমি কী বলছি। চেম্বার মিউজিক সন্ধ্যা।আমি ঘড়ির দিকে তাকালাম।—অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেরি হয়েই গেছে ইতিমধ্যে। আমি কাপড় বদলাতে বদলাতে তো আরও...।মারিয়ানা মর্মভেদী যে দৃষ্টি হানল, তাতে শুভ কোনো কিছুর পূর্বাভাস আমি পেলাম না।—ঠিক আছে গো, ঠিক আছে। আমরা সময়মতো পৌঁছাতে চেষ্টা করব। আমার জামা রেডি করেছ?—সব রেডি বাথরুমে।করিডোরে বের হয়ে কাপড় খুলতে শুরু করলাম। আজকের সন্ধেটাই মাটি! চেম্বার মিউজিকের চেয়ে নিকৃষ্ট আর কিছু নেই, পায়ে টাইট-মারা জুতো ছাড়া। আমি প্রায় প্রস্তুত ভেবে মিনিট দশেক পর মারিয়ানা ঢুকল শোবার ঘরে। আমি তখন বালিশ দিয়ে মুখ ঢেকে বিছানায় শুয়ে আছি।—আবার ভান শুরু করেছ? এই অভিনয়ের মাধ্যমে তুমি কী বর্ণনা করছ, জানতে পারি?—কী? কী? আগুন লেগেছে কোথাও?—তুমি কি পাগলটাগল হয়ে গেলে নাকি!লাফ দিয়ে উঠলাম বিছানা ছেড়ে।—ও হ্যাঁ, চেম্বার মিউজিক সন্ধ্যা! প্রায় চিৎকার করে বললাম। এখন মনে পড়েছে। মনে হয় আমি খুব ক্লান্ত, মানসিক চাপে আছি। পরিশ্রান্ত ও অবসাদগ্রস্তও। মাথা ঠিকমতো কাজ করছে না। আর তাই শার্ট না পরে রাতের পায়জামা পরে ফেলেছি। তারপর মনে হলো, এখন ঘুমোনো দরকার...যাকগে। তো যা-ই হোক না কেন, ঠিক সময় আমরা পৌঁছাতে পারব না, এটা নিশ্চিত।ইচ্ছের সম্পূর্ণ বিপক্ষে গিয়ে নিজেকে সাদা ফুলহাতা শার্ট পরালাম। তারপর আচমকা হাত দিয়ে পেট খামচে ধরে বসে পড়লাম মর্মবিদারী চিৎকারসহ।—অ্যাপেনডিক্স! বললাম কান্না কান্না স্বরে। আমার অ্যাপেনডিক্স!—চুপ করো! তোমার সঙ্গে আমার দেখা হওয়ার বহু বছর আগেই তোমার অ্যাপেনডিক্স কেটে ফেলা হয়েছে। ১০ মিনিটের মধ্যে তোমাকে যেন গাড়ির ভেতরে দেখতে পাই! নইলে তোমার বোলিং ও রহস্যময় দাবা-সন্ধ্যাগুলো একদম চিরতরে বন্ধ করে দেওয়া হবে।না, এ নিয়ে ঠাট্টা চালানো উচিত হবে না। পাঁচ মিনিট পর জানালাম, আমি প্রস্তুত। ওভারকোট পরে চললাম দরজা খুলতে।—চাবি ঘুরছে না, চাবি এদিক-ওদিক করার চেষ্টা করতে করতে বললাম, চাবি ভেঙে গেছে। আর চাবি তো আমাদের মাত্র একটা! চেম্বার মিউজিক কনসার্টে যাওয়া আর হয়েছে!—ভাগো এখান থেকে!রীতিমতো ধাক্কা দিয়ে আমাকে দরজার কাছ থেকে সরিয়ে দিল মারিয়ানা। তারপর চাবি ঘুরিয়ে দরজা খুলে ফেলল। তার মর্মভেদী দৃষ্টি তীক্ষ থেকে তীক্ষতর হচ্ছিল। আমি ভয়ে ভয়ে হাঁটছিলাম তার পিছু পিছু। গ্যারেজে পৌঁছালাম আমরা।—টিকিট তোমার কাছে?—হুঁ, দায়সারা উত্তর দিয়ে অন্যদিকে চোখ ফেরালাম।—দেখাও! যদি মনে করে থাকো, টিকিট বাসায় রেখে কনসার্টে রওনা দেবে, তো বিরাট ভুল করছ। দেখাও বলছি!পকেট থেকে ওয়ালেট, তারপর ওয়ালেট থেকে টিকিট বের করে মারিয়ানার নাকের সামনে দোলালাম। সে আশ্বস্ত হলো। স্টিয়ারিং হুইলের পেছনে বসে গাড়ি স্টার্ট দিতে শুরু করলাম...।—গাড়ি তো স্টার্ট নিচ্ছে না!—নিচ্ছে না? আমি তিন পর্যন্ত গুনব!মারিয়ানা তিন বলার সঙ্গে সঙ্গেই গাড়ি স্টার্ট নিল।—চলো এবার।একটি বিন্দুর দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতো বসে রইলাম।—পারব না—প্রায় কেঁদেই ফেললাম—খুব নার্ভাস লাগছে! হাঁটু অবশ...নিজেই দেখো। তুমি চেঁচামেচি করে জোরাজুরি করলেই সব সময় এমনটা হয়। তার চেয়ে বলি, জাহান্নামে যাক চেম্বার মিউজিক, আমরা ঘরে বসে থাকব, মদ পান করব...।—এক...দুই...তিন পর্যন্ত গোনার সুযোগ পেল না মারিয়ানা, তার আগেই আমি গাড়ি তুলে নিয়ে এলাম মূল সড়কে।—গাধা, তুমি তো ভুল দিকে যাচ্ছ! শহর তো উল্টো দিকে! কনসার্ট হলটা কোথায় তা তো তুমি ভালো করেই জানো!১০ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম যথাস্থানে।—কনসার্ট শেষ হয়ে গেছে? বড় আশা নিয়ে আমি প্রশ্ন করলাম প্রবেশমুখে দাঁড়ানো টিকিট চেকারকে।—না, এখন বিরতি। আপনাদের টিকিট দেখান।আমি ওয়ালেট বের করলাম।—মনে হচ্ছে, টিকিট হারিয়ে ফেলেছি, বিড়বিড় করে বললাম।—ফালতু বাত! ছ্যাঁৎ করে উঠল মারিয়ানা। আমি নিজের চোখে টিকিট দেখেছি তোমার কাছে। জলদি বের করো বলছি!লবির দেয়ালে আমাকে ঠেসে ধরে মারিয়ানা আর টিকিট চেকার তল্লাশি শুরু করল আমার শরীরে।—চাইলে আমাকে পুরো ন্যাংটো করতে পার তোমরা, আমি বললাম। তোমাদের যেমন মর্জি, কিন্তু টিকিট আমার কাছে নেই।গাড়িতে আসার পথে সুযোগ বুঝে আমি স্রেফ গিলে ফেলেছি টিকিট দুটো। আমার বুকপকেটে মারিয়ানা খুঁজে পেল আধা চিবোনো দুটো সার্কাসের টিকিট।—এসব তো এখানে কাজে আসবে না, দ্রুত বললাম আমি। তবে টিকিট চেকার টিকিট দুটো ছিনিয়ে নিল, আমি সেগুলো ছিঁড়ে ফেলার সুযোগ পাওয়ার আগেই।—ব্যাপার না, ঢুকে পড়ুন, বলল সে। হল এমনিতেই অর্ধেক ফাঁকা।কালই আমি ব্যাটার নামে অভিযোগপত্র লিখব। সার্কাসের টিকিট নিয়ে সে চেম্বার মিউজিকের কনসার্টে ঢোকায়! যত্ত সব!