কনিষ্ঠ দুই প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দক্ষ প্রকৌশলী হয়ে ওঠার সর্বোচ্চ সনদ জেন্ড। যাঁরা এ বিষয়ে সর্বোচ্চ এ সনদ অর্জন করেন, তাঁদের জেন্ড অনুমোদিত প্রকৌশলী (জেডসিই) বলা হয়। বিশ্বের সবচেয়ে কমবয়সী হিসেবে এ সনদ পেয়েছে বাংলাদেশের শিশির চক্রবর্তী। গত ৩১ ডিসেম্বর মাত্র ১৩ বছর বয়সে এ সনদ অর্জন করে। শিশিরের আগে সবচেয়ে কমবয়সী এ সনদধারী ছিল আরেক বাংলাদেশি শেহজাদ নূর। শেহজাদ ২০১১ সালে ১৪ বছর বয়সে এ সনদ অর্জন করে। চাকরিজীবী বাবা শ্যামল চক্রবর্তী ও মা শিখা চক্রবর্তীর একমাত্র সন্তান শিশির ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। শিশিরের আগে বাংলাদেশ থেকে মাত্র ৫২ জন এ সনদ পেয়েছেন। ব্যবসায়ী বাবা শাহনূর রহমান ও অভিনয়শিল্পী মিতা নূরের ছেলে শেহজাদ নূর। দুই ভাইয়ের মধ্যে বড় সে। সে এ বছরের ও লেভেল পরীক্ষার্থী। কমবয়সী এই দুই জেডসিই ৮ জাুনয়ারি প্রথম আলো কার্যালয়ে কথা বলেন প্রজন্ম ডট কমের সঙ্গে।তাদের কথাবার্তা নিয়ে আজকের আয়োজন।সাক্ষাৎকার নিয়েছেন নুরুন্নবী চৌধুরীশুরুর ব্যাপারে জানতে চাই।শিশির: আমার অনেক আগে থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহ। নিজের আগ্রহ আর পরিবারের উৎসাহে আমি পিএইচপিতে কিছু করার ব্যাপারে আগ্রহী হই। ঢাকার আইবিসিএস-প্রাইম্যাক্স থেকে এ বিষয়ে প্রশিক্ষণ নিই। সেখানে আমার প্রশিক্ষক মাসুদ আলম আমাকে বেশ সহযোগিতা করেছেন। শুরুতে শুধু ওয়েবসাইট তৈরির প্রতিই আগ্রহ ছিল। তখনই জেড সিই হব এমন কোনো লক্ষ্য ছিল না। তবে আগ্রহ ছিল এবং লেগে ছিলাম।শেহজাদ: আমারও আগ্রহটা ছোটবেলা থেকেই। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই আমার প্রযুক্তির প্রতি আগ্রহ। আমার গৃহশিক্ষক তারেকুল ইসলাম আমাকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের গল্প শোনাতেন। সেটাও আমাকে খুব আলোড়িত করেছে। ২০০৬ সালের দিকে আমি ভিজ্যুয়াল বেসিকে কাজ করতাম। ২০০৮ সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করি। একদিন ব্লগে বাংলাদেশের প্রথম জেডসিই হাসিন হায়দারের সঙ্গে পরিচয় হয়। এ ব্যাপারে তিনি আমাকে উৎসাহ এবং পরামর্শ দেন। সেভাবেই শুরু। ভবিষ্যতে দেশের বাইরে পড়াশোনার ইচ্ছে রয়েছে আমার। তাই এ অর্জন সেখানে কিছুটা হলেও কাজে লাগবে। অনুপ্রেরণা দিয়েছিলেন কারা?শিশির: আমার শিক্ষকের বেশ সহযোগিতা পেয়েছি। জেডসিই হওয়ার ক্ষেত্রে তিনিই আমার অনুপ্রেরণা। এ ছাড়া পরিবারের সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না। শেহজাদ: তথ্যপ্রযুক্তি জগতের সেরা মানুষদের গল্প শুনে শুনে আমার অনেক আগ্রহ বেড়ে যায়। এ ছাড়া আমার মা-বাবার বেশ সহযোগিতা ছিল। জেন্ড সার্টিফিকেশনের পরীক্ষাটা কেমন?শিশির: জেডসিই হতে চাইলে প্রস্তুতি নিয়ে যেকোনো সময়ে পরীক্ষা দিতে পারবেন। ২০০ ডলার দিয়ে নিবন্ধন করে এ পরীক্ষা দিতে হয়। অনলাইনে অনুষ্ঠিত ৭০টি প্রশ্নের উত্তর দিতে হয়। এর মধ্যে ৭০ শতাংশ উত্তর সঠিক হলে উত্তীর্ণ হওয়া যায় এবং জেডসিই হিসেবে স্বীকৃতি মেলে। পরীক্ষাটা মূলত একটি কক্ষে হয়, যেখানে সিসিটিভি থাকে। কক্ষে অন্য এক দিকে থাকেন একজন পরীক্ষা নিয়ন্ত্রক। শেহজাদ: পরীক্ষার বিষয়ে আমাদের সবারই একটা ভয় থাকে। একই অবস্থা হয় জেডসিই হওয়ার পরীক্ষার ক্ষেত্রেও। এখানে মূলত কারিগরি দক্ষতাই বেশি জরুরি। মুখস্থ করে এ সনদ অর্জন প্রায় অসম্ভব। আবার অনেককেই দেখা যায় একবার অনুত্তীর্ণ হয়ে আর দ্বিতীয়বার চেষ্টা করেন না। আবার অনেকেই আছেন প্রথমবার উত্তীর্ণ হতে পারেননি কিন্তু পরে পেরেছেন। এখানে বিষয়টা হচ্ছে নিজের দক্ষতা। এ ছাড়া অনেকেই ভাবেন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা বুঝি সহজেই জেডসিই হতে পারেন। বিষয়টি মোটেই তা নয়। ইংরেজি বা বাংলা যেকোনো মাধ্যমের শিক্ষার্থীরাই জেড সিই হতে পারেন। প্রয়োজন শুধু দক্ষতার। শিশির: আরও একটা বিষয় মনে রাখা উচিত। জেডসিই পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার বিষয় নেই বললেই চলে। তাই পরীক্ষা দিতে আগ্রহীদের অবশ্যই নিজেকে প্রস্তুত করে নিতে হবে কারিগরিভাবে। নিজের মৌলিক জ্ঞান ভালো থাকতে হবে। তবেই সফল হওয়া সম্ভব। শেহজাদ: এ ব্যাপারে আমারও একই মত। পিএইচপির কাজের চাহিদা কেমন মনে হয়?শেহজাদ: পিএইচপি ভালোভাবে শিখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। কারণ, ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে প্রোগ্রামিং ভাষার মধ্যে শীর্ষে আছে পিএইচপি। তা ছাড়া ওয়েব ডেভেলপমেন্টের কাজ এখন বাড়ছে। বড় বড় প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় হচ্ছে। এতে কাজের চাহিদা বাড়ছে। শিশির: পিএইচপির বেশ সম্ভাবনা আছে। ভালো কাজ করতে পারলে সফলতা আসবেই। শেহজাদ: আমরা যা পারি, সেটিই সবার মধ্যে ছড়িয়ে দিতে আমরা খুব শিগগিরই এ বিষয়ে সেমিনার আয়োজন করব। বিশ্বের বিভিন্ন দেশে তৈরি পণ্যে নিজেদের নাম দিয়ে দেয়। আমার মনে হয়, এখন সময় এসেছে ওয়েবসাইট তৈরি করে নিচে লেখার—‘মেড ইন বাংলাদেশ’। কারণ, আমরা ভালো করছি।ভবিষ্যৎ পরিকল্পনা কী?শিশির: আমার বয়স এখন অনেক কম। আমি চাই আরও ভালোভাবে পড়াশোনা করতে। কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনার ইচ্ছে রয়েছে। পিএইচপি নিয়ে আরও শিখতে চাই। জেডসিই একটি সনদমাত্র। এটিই পিএইচপির সবকিছু নয়। একজন পিএইচপি দক্ষ হতে হলে যা যা করা প্রয়োজন, সবকিছুই আমি করতে চাই। শেহজাদ: পিএইচপি শেখার পাশাপাশি আমি আরও বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করেছি ইতিমধ্যে। আগ্রহ থাকলে আসলে শেখা যায়। যখন কাজটি মনোযোগ দিয়ে করা যায় তখন প্রোগ্রামিংটাও অনেকটা খেলার মতো হয়ে যায়। তবে এ কাজে দক্ষতা অর্জনের জন্য পড়াশোনাকে পেছনে ফেলার ইচ্ছে নেই আমারও। বিশ্বের অনেক সেরা তথ্যপ্রযুক্তি জগতের বিখ্যাত ব্যক্তিরা পড়াশোনা শেষ করেননি। তবে সবাই তো এক রকম হবে না। তাই পড়াশোনার প্রতিও আমার সমান আগ্রহ আছে। আমি ভবিষ্যতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় যা ভাবতাম, এখনো তাই ভাবি। তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা করতে চাই। নতুনদের জন্য কিছু টিপস দক্ষতা অর্জনের পাশাপাশি ধৈর্য থাকতে হবে। হাল ছাড়া যাবে না আর লেগে থাকতে হবে। কাজটাকে পছন্দ করতে হবে। করার জন্য করা এমন হলে সফল হওয়া যাবে না। পরীক্ষায় নার্ভাস না হওয়াই ভালো। পারব না এমন না ভেবে নিজের কনফিডেন্স রাখতে হবে যে পারবই। কোনোভাবে মুখস্থ করে সফল হওয়া যাবে না। তাই মুখস্থ বাদ দিয়ে কারিগরি দক্ষতা বাড়াতে হবে। যেকোনো প্রোগ্রাম কিংবা কিছু শিখতে চাইলে সেটি ব্যবহার করে দেখা উচিত। এতে দক্ষতা বাড়ে। জেড সিএ পরীক্ষার জন্য স্টাডি গাইড আছে, সেখানে অসংখ্য তথ্য রয়েছে।  শুধু জেড সিই হওয়ার জন্য পিএইচপি শেখা এমন করা ঠিক নয়। কাজটাকে শিখে তারই অংশ হিসেবে জেড সিই অর্জন করতে হবে, এমন বিষয় মাথায় রাখলে ভালো করা সম্ভব। বেসিক আইডিয়া থাকতে হবে আর নিজের কনসেপ্ট ডেভেলপ করতে হবে। বেসিক জানার জন্য পিএইচপি ম্যানুয়াল পড়া যেতে পারে। এসব ম্যানুয়ালে অনেক তথ্য পাওয়া যায়।