কনের বয়স ১৬ তাই কাবিননামা ছাড়াই বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে অষ্টম শ্রেণীর ছাত্রীকে কাবিননামা ছাড়াই বিয়ে দিয়েছে তার পরিবার। কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় কাজী বিয়ে পড়াতে অস্বীকৃতি জানালে গ্রামের মসজিদের মুয়াজ্জিন দিয়ে আকদ পড়ানো হয়। গত ১০ ফেব্রুয়ারি এখলাস মিয়ার ছেলে আনিসুল ইসলামের সঙ্গে একই গ্রামের মহসিন মিয়ার মেয়ে নাসরিন সুলতানার এ বিয়ে সম্পন্ন হয়।ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিবাহ ও তালাক নিবন্ধক (রেজিস্ট্রার) কাজী মো. আলমগীর বলেন, ‘জন্মনিবন্ধন সনদ অনুযায়ী মেয়েটির বয়স ১৬ বছর। ১৮ বছরের কম বয়সের মেয়েদের বিয়ে নিবন্ধনের ওপর সরকারি বিধিনিষেধ থাকার কথা জানালে বরপক্ষের লোকজন আমার ওপর চাপ প্রয়োগ করে। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাবিননামা না করে আমি ফিরে আসি। তারপরও বাল্যবিবাহ থেকে রক্ষা পায়নি সে। কাবিননামা ছাড়াই বিয়ে পড়ান মাওলানা মো. আজগর।’ মাওলানা মো. আজগর বলেন, ‘বিয়ে পড়ানোর আগে পাঁচ লাখ টাকার কাবিননামা হয়েছে বলে জানায় বরপক্ষ। কনেপক্ষ তখন নীরব ছিল। তারপরও কাজী দেখতে না পেয়ে মেয়ে সাবালিকা কি না জানতে চাইলে উপস্থিত ব্যক্তিরা মেয়ে সাবালিকা বলে জানান।’ ইসলামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দাশ বলেন, ‘নাসরিন সুলতানা এ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে বিয়ের ব্যাপারে আমাকে জানায়। আমি বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যানকে জানাই।’ ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানান। কিন্তু আমার কিছু করার ছিল না। ’এ ব্যাপারে যোগাযোগ করলে আনিসুল ইসলাম বলেন, ‘নাসরিন সুলতানার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে অনেক আগে থেকে উভয় পরিবার প্রতিশ্রুতিবদ্ধ ছিল। নাসরিন সুলতানার বাবা-মা এ বিয়েতে রাজি ছিলেন।’ বয়স কম হওয়ায় কাজী আলমগীর বিয়ে নিবন্ধন না করার সত্যতা স্বীকার করে বলেন, ‘ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে পড়ানো হলেও কাবিননামা না করায় তাকে ঘরে তোলা হয়নি। কাবিননামা করার পর ঘরে তোলা হবে।’ নাসরিন সুলতানা জানায়, লেখাপড়ার করার ইচ্ছে ছিল, বিয়ে নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বিয়ে না পড়ানোর নির্দেশ দেওয়ায় কাজী সাহেব কাবিননামা না করে চলে আসেন। কাবিননামা ছাড়া বিয়ে হয় কী করে তা আমার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’