জ্ঞানটা হয়তো সীমিত আমার। এই স্বল্পজ্ঞানে বুঝেছি আমাকে একা চলতে হলে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সাহসী হতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল ও আত্মবিশ্বাস থাকতে হবে। প্রতিষ্ঠিত নারীদের এই গুণগুলো যে থাকা চাই। আমার কন্যা প্রমিতির বয়স ছয় মাস। আমি সচেতন মা হতে চাই। নারী হয়ে জন্ম নেওয়ার অপরাধে প্রমিতি যেন পিছিয়ে না থাকে, সে জন্য অনেক চাওয়া আমার। মেয়ে আমার সাহসী হোক, আত্মবিশ্বাসী হোক এবং তার মধ্যে এমন ব্যক্তিত্ব তৈরি হোক, যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারে। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ঘটনা দেখে আমার মনে প্রশ্ন জেগেছে, আমি আমার কন্যাকে সাহসী হতে সাহায্য করলাম, তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম, একা চলাফেরা করতে শেখালাম কিন্তু দিল্লির মতো ঘটনার শিকার হবে না, তার নিশ্চয়তা কী! সমাজে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হতে একজন নারীর যেসব গুণ থাকা প্রয়োজন তা দিল্লির ওই ছাত্রীর মধ্যে ছিল, কিন্তু এগুলোর কোনোটিই তাঁকে রক্ষা করতে পারেনি। আমি দেখেছি, উচ্চশিক্ষার জন্য বাসা ছেড়ে দূরে গেলে মেয়েদের মা-বাবার ওপর অতিনির্ভরশীলতা কমে বরং দায়িত্বশীলতা বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ে। সব মিলিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার জন্য যে অভিজ্ঞতা প্রয়োজন, তা সে অর্জন করতে পারে। কিন্তু ইডেন কলেজের সেই ছাত্রী, যাঁকে জোর করে কাজি অফিসে ডেকে নিয়ে শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হলো, সেই মেয়ের মা-বাবা তো তাঁকে স্বাবলম্বী করে গড়ে তোলার আশাতেই নিজেদের নিরাপত্তাবলয়ের বাইরে সুদূর ঢাকায় পাঠিয়েছিলেন পড়ালেখা করতে। মেয়েটি হলে থাকতেন, নিজের যাবতীয় প্রাত্যহিক কাজ নিশ্চয় তাঁকেই করতে হতো। কেন তাঁর এই পরিণতি। আরেকটি ঘটনা মনে দাগ কেটেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সাদিয়া আফরিন তাঁর রাতের পালার দায়িত্ব পালন করছিলেন। তিনি কি স্বপ্নেও ভেবেছিলেন যে ওই ক্লিনিকের একজন নিম্নবেতনভুক্ত কর্মচারী তাঁর সর্বনাশ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাঁকে হত্যা করবেন? তিনি তো একজন অসহায়, সাধারণ মেয়ে ছিলেন না, যাঁর ওপর সহজেই যেকোনো পুরুষ চড়াও হতে পারেন। তাহলে কেন, কিসের আশায়, কোন ভরসায় আমাদের বোনদের, কন্যাদের চিকিৎসক, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে উৎসাহিত করব। আমাদের গর্ব নিশাতরা হিমালয় জয় করছেন, ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস হাজার মিটার ওপর থেকে বুকে প্যারাস্যুট বেঁধে ঝাঁপিয়ে পড়ছেন—এই ঘটনাগুলো যেমন সত্যি, একইভাবে এই তরুণীদের মতো হওয়ার ব্রত নিয়ে নিরলস পরিশ্রম, সাধনা ও অধ্যবসায় করে চলা অসংখ্য নারী পদে পদে লাঞ্ছিত হচ্ছেন, সেটাও সত্যি। এ ক্ষেত্রে তাঁদের যোগ্যতা তাঁদের রক্ষা করতে পারছে না।একজন অসহায় নারীর ওপর পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচারের ঘটনাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কেননা, দুর্বলের ওপর সবলের অত্যাচার চিরকাল ধরেই চলে আসছে। সে কারণেই নারীদের উৎসাহিত করা হয় সমাজে নিজেকে প্রতিষ্ঠিত হতে। তাঁদের জন্য দেশে চালু করা হয়েছে অসংখ্য সরকারি-বেসরকারি বৃত্তি, কোটাব্যবস্থা, সচেতনতামূলক কার্যক্রম ইত্যাদি। এত কিছুর পরও নারীরা যখন নির্যাতিত হচ্ছেন, তাহলে বুঝতে হবে কোথাও বড় একটা ফাঁক রয়ে গেছে। সরকার থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত যাঁরা নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কাজ করে চলেছেন, যাঁরা নারীদের সব প্রতিকূলতা পেরিয়ে পড়ালেখা করে মাথা উঁচু করে দাঁড়াতে উৎসাহিত করে চলেছেন, তাঁদের কাছে তাই অনুরোধ থাকবে, যেসব মেয়ে পড়ালেখায় এগিয়ে যাচ্ছেন, যাঁরা প্রতিষ্ঠিত হওয়ার খুব কাছাকাছি, তাঁরাও কেন অনেক ক্ষেত্রে পাশবিকতার শিকার হচ্ছেন, তার কারণগুলো খুঁজে বের করে সেগুলো নির্মূলে এগিয়ে আসুন।