কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে

সুস্থ সমাজ গঠন ও দেশকে এগিয়ে নিতে হলে কন্যাশিশুর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে নারী-শিশু নির্যাতনকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখলে কন্যাশিশুসহ নারীর নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে না।
গত বুধবার রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ শীর্ষক প্রচারাভিযানে বক্তারা এ কথা বলেন। প্রথম আলো বন্ধুসভা ও ব্র্যাক যৌথভাবে এ প্রচারাভিযানের আয়োজন করে।
সভায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, ‘কন্যাশিশুসহ নারীদের প্রতি পদে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়। সে কারণে কোনো যানবাহনে পুরুষের পাশে বসতে অস্বস্তিবোধ করি। কারণ অনেক মানুষের অশোভন আচরণ নারীদের নিরাপত্তা বিঘ্নিত করে। ছেলেদের কন্যাশিশুদের সম্মান দিতে শিখতে হবে। সেই দৃষ্টিভঙ্গি আমাদের সবার ধারণ করতে হবে।’
নারী অধিকার কর্মী টুকু তালুকদার বলেন, ‘আমাদের বিপদে পড়া নারী শিশুকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। কন্যাশিশুরা আধুনিক প্রযুক্তির মাধ্যমেও নানাভাবে হয়রানি করা হচ্ছে।’
রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমেধা চাকমা কন্যাশিশুদের রক্ষায় সবার সচেতন অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, কন্যাশিশুরা যেন কোনো পুরুষকে ঘৃণার চোখে না দেখে সেই সেই পরিবেশ সৃষ্টিতে পুরুষের দায়িত্ব বেশি।
আইনজীবী সুস্মিতা চাকমা নিজের কিশোর বয়সের কথা তুলে ধরে বলেন, ওই সময় শারীরিক পরিবর্তন শুরু হওয়া কন্যাশিশুরা মানসিকভাবে অস্বস্তিতে থাকে। তাই তাদের প্রতি সবার দৃষ্টি দেওয়া প্রয়োজন।
প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, পরপর কন্যাশিশুর জন্ম দিলে মায়েদের বিপদ হয়। এতে বোঝা যায় কন্যাশিশুরা কত অবহেলিত। রাঙামাটি বন্ধুসভার সহসভাপতি জিনা চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা কমিটির আন্দোলন সম্পাদিকা মিনারা আরশাদ, ব্লাস্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান, তরুণ নারী অধিকার কর্মী মুক্তাশ্রী চাকমা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো রাঙামাটির নিজস্ব প্রতিবেদক হরি কিশোর চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী মুন চাকমা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে বন্ধুসভার ১৭তম জন্মদিবস পালন করা হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানের সুরে নাচ পরিবেশন করেন ফিফা চাকমা ও তাঁর দল।