কন্যাশিশুর জন্য বিনিয়োগ করতে হবে

আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অনুযায়ী আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০১৫-এর প্রতিপাদ্য হলো ‘কিশোরীর শক্তি: দৃশ্যকল্প ২০৩০’। এই প্রতিপাদ্যটি কন্যাশিশুদের পেছনে, বিশেষ করে তার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক দক্ষতার বিষয়ে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে, যাতে আজকের কিশোরী ১৫ বছর পর ২০৩০ সালে সুস্থ, শিক্ষিত, দক্ষ ও কাজে নিযুক্ত পূর্ণবয়স্ক নারীতে পরিণত হতে পারে। কিশোরীদের জন্য বিনিয়োগে সমতাপূর্ণ ও টেকসই উন্নয়নের সুফলগুলো আরও নিশ্চিত হয়। তা ছাড়া কিশোরীদের উন্নয়নের মধ্য দিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত উন্নয়নও নিশ্চিত হয়।
২০১২ সালে প্রথমবারের মতো যখন আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্যাপন করা হয়, তখন কয়েকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সেগুলো হচ্ছে, মেয়েদের মানবাধিকার সম্পর্কে প্রচার ও জেন্ডার-বৈষম্য দূরীকরণ এবং বিশ্বজুড়ে মেয়েরা যে বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে, তা শনাক্ত করা। কিশোরীদের প্রতি বৈষম্য ও সহিংসতা যখন প্রথাসিদ্ধ আচরণে পরিণত হয়, তখন সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি কিশোরীদের বিভিন্ন সুযোগ ও পছন্দের ক্ষেত্র সীমিত হয়ে পড়ে এবং তাদের সামগ্রিক সুস্থতা ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে কিশোরীদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অন্তর্ভুক্তি প্রায় শতভাগ এবং মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণও আশাব্যঞ্জক, প্রায় ৬৯ শতাংশ (ব্যানবেইস ২০১৪)। তবে ঝরে পড়ার হার এখনো অনেক বেশি—৪৭ শতাংশ (ব্যানবেইস)। এতে স্পষ্ট হয় যে অধিকাংশ মেয়ে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে পারছে না। অতএব শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। কিশোরীদের মানসম্পন্ন মাধ্যমিক শিক্ষা অর্জনের ব্যাপারে উৎসাহিত করতে হবে। বাল্যবিবাহের প্রচলন রয়ে যাওয়ায় বিষয়টি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পথে এক বড় বাধা। মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় ঝরে পড়ার উচ্চহারের নেপথ্যে এটি একটি বড় কারণ।
মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১২-১৩ অনুযায়ী বিয়ের কারণে মাধ্যমিক পর্যায়ে কিশোরীদের ঝরে পড়ার হার ৫২ শতাংশ। বাংলাদেশ জনমিতিক ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০১৪ অনুযায়ী, কিশোরীদের জীবিত সন্তান জন্মদানের হার প্রতি হাজারে ১১৩, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। কিশোরীর সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার জন্য এটা বন্ধ করা প্রয়োজন। বিডিএইচএস ২০১৪ অনুযায়ী, বিবাহিত কিশোরীদের মধ্যে জন্মনিরোধক সামগ্রী ব্যবহারের হার (সিপিআর) ৪৭ শতাংশ, যা জাতীয় সিপিআরের চেয়ে কম। এই বিষয়টির প্রতিও বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন।
মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য প্রয়োজন একটি শক্তিশালী ও সুস্থ শ্রমশক্তি, যেখানে নারী ও পুরুষ উভয়েই থাকবে। বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে চায়। এ জন্য এ দেশের মেয়েদের অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে এবং স্বাস্থ্যসেবা পায়। তাহলেই আগামী দিনের নারীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারবে।
এই কিশোরীদের অবশ্যই বিদ্যালয়ে ধরে রাখতে হবে। এতে দেশে বাল্যবিবাহের হার কমবে এবং কিশোরীদের সন্তান জন্মদানের হার কমবে। এই তরুণ জনসংখ্যার একটি বড় অংশ যদি বাল্যবিবাহ ও অপ্রাপ্তবয়সে মাতৃত্বের কারণে হারিয়ে যায়, তাহলে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে এবং দৃশ্যকল্প ২০৩০ অর্জনের বিষয়টিও কঠিন হয়ে পড়বে।
এই বিশেষ দিনে, কিশোরীদের কল্যাণ নিশ্চিত করার জন্য উন্নয়নের প্রক্রিয়ায় যুক্ত সরকারি-বেসরকারি খাতের সবাইকে ‘কিশোরীর শক্তি: দৃশ্যকল্প ২০৩০’ বুঝতে হবে এবং তা বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। জাতিসংঘের বিবরণ অনুযায়ী:
* উন্নত মানের শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং অন্যান্য শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য আরও বিনিয়োগ করতে হবে, যাতে মেয়েরা জীবন, কর্ম ও নেতৃত্বের জন্য প্রস্তুত হতে পারে।
* কৈশোরের বছরগুলোয় স্বাস্থ্য ও পুষ্টির জন্য বিনিয়োগ, বয়ঃসন্ধিকালীন শিক্ষা, মাসিক চলাকালীন সুস্থ থাকার উপায় এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও সেবা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।
* কিশোরীদের শারীরিক, মানসিক ও যৌন নিপীড়ন বা সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-নীতি গ্রহণ করতে হবে।
* বাল্যবিবাহ বন্ধ করতে ও নারীর যৌন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক, সামাজিক ও নীতিগত উদ্যোগ নিতে হবে।
* কিশোরীর নাগরিক ও রাজনৈতিক সংশ্লিষ্টতা, সৃজনশীলতা ও মেধা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
* কিশোরীদের জন্য প্রযোজ্য জেন্ডার-বিষয়ক আইন এবং নীতিমালা সম্পর্কে সবাইকে, বিশেষ করে প্রতিবন্ধী, অরক্ষিত ও প্রান্তিক এবং মানব পাচার ও যৌন নিপীড়নের ঝুঁকিতে থাকা কিশোরীদের জানাতে হবে।
কিশোরীদের সম্ভাবনাকে কাজে লাগানোর অঙ্গীকার থাকলে তারা শক্তিশালী ও ইতিবাচক পরিবর্তনের দিশারিতে পরিণত হবে। এতে তারা নিজেদের ক্ষমতায়নের জন্য, জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও বাংলাদেশের টেকসই অগ্রগতির জন্য কাজ করতে পারবে।
ইউএনএফপিএর একটি প্রতিবেদন থেকে অনূদিত