কন্যাশিশুর নিরাপদ শৈশব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের ছোট্ট পুতুল (ছদ্মনাম)। সবে স্কুলে যাওয়া শুরু করেছে মেয়েটি। কিছুদিনের মধ্যেই স্কুল হয়ে উঠল তার আনন্দের জায়গা। প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরে নতুন নতুন গল্পের ফুলঝুরি ফুটত তার মুখে। সে গল্পের শ্রোতা কখনো হয়ে উঠত মা-বাবা, কখনো বা ভাই, মামা...। হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেল মেয়েটি। স্কুলের প্রতিদিনের এত আনন্দের মাঝখান থেকে ধীরে ধীরে গুটিয়ে নিল নিজেকে। গল্পের ফুলঝুরিও গেল ফুরিয়ে। মেয়েটির এ পরিবর্তন দৃষ্টি এড়িয়ে গেল সবার। ৭ থেকে ১১ বছর পর্যন্ত নিজের মামা দ্বারা প্রতিনিয়ত যৌন নিপীড়ন সহ্য করতে হয়েছে তাকে। লজ্জা ও ভয়ে কোনো দিন মাকে জানাতেও পারেনি বিষয়টি। এখন তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ালেখা করছেন। এত বছর পেরিয়ে যাওয়ার পরও শৈশবের দুঃসহ স্মৃতিগুলো ভুলতে পারেননি। রাতে দুঃস্বপ্ন দেখে এখনো ভয়ে আঁতকে ওঠেন তিনি। মনে মনে আজও পুরুষজাতির প্রতি তাঁর এক পাহাড়সম ঘৃণা। শুধু পুতুল নন, আমাদের সমাজে এমন বহু মেয়ে আছেন যাঁরা শৈশবে দুলাভাই, মামা, চাচা, চাচাতো-মামাতো ভাই, এমনকি দাদা-নানা দ্বারাও ধর্ষণসহ নানা রকম শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন। যার পরিণতি খুবই বেদনাদায়ক, করুণ ও নিষ্ঠুর।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘শৈশবে শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হওয়ার মতো ঘটনা একটি মেয়ের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে। কখনো কখনো এ প্রভাব এত বেশি হয় যে মেয়েটি দুঃস্বপ্ন দেখে ভয় পেতে শুরু করে। এ ভয় বেশির ভাগ ক্ষেত্রেই মানসিক রোগের পর্যায়ে চলে যায়। পরবর্তী জীবনের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রেও এ প্রভাব পড়তে পারে। মানসিক এ পরিবর্তনের আচরণিক বহিঃপ্রকাশও ঘটতে পারে। কোনো বিষয়ের প্রতি একরোখা ও জেদি মনোভাব, চিৎকার-চেঁচামেচির অভ্যাস, মানুষের প্রতি অবিশ্বাস প্রবণতা, সব সময় ভয়ে কুঁকড়ে থাকার মতো ঘটনা হতে পারে। মেয়েটির মধ্যে বিষণ্নতা, মাদকাসক্তি, আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে। শৈশবে একটি মেয়েশিশুকে যেন শারীরিক ও যৌন নিপীড়নের মতো ঘটনার শিকার না হতে হয়, তার জন্য পরিবারের ভূমিকাই মুখ্য। মা-বাবাকে তাঁর মেয়েশিশুটির প্রতি আরও সচেতন হতে হবে। মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক যেন অবশ্যই বন্ধুত্বপূর্ণ হয়, সেদিকে নজর দিতে হবে। মেয়েশিশুটি ধীরে ধীরে বড় হচ্ছে, তার কী কী করা উচিত, পরিবারে বা আত্মীয় স্বজন কার সঙ্গে কতটুকু দূরত্ব রেখে মেশা ভালো প্রভৃতি বিষয় নিয়ে মা বন্ধুর মতো খোলামেলা আলোচনা করতে পারেন। মেয়েশিশুটিকে কার সঙ্গে স্কুলে কিংবা বেড়াতে যেতে পাঠানো নিরাপদ, সেটিও ভাবনার দায়িত্ব অভিভাবকেরই। জীবনে যেকোনো দুর্ঘটনা ঘটতেই পারে। সে ক্ষেত্রে ‘পরিবারই একমাত্র নির্ভর আশ্রয়স্থল’ শিশুমনে এ বিশ্বাসের জায়গাটি তৈরি করতে হবে। ‘মায়ের কাছে কোনো ভয় নেই, লজ্জা নেই’ বিষয়টি শিশুটিকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন। তাহলে যেকোনো সমস্যা ছোট আকার থেকেই নির্মূল সম্ভব। আপনার শিশুটি সব সময়ের মতো সহজাত ও স্বাভাবিক আচরণ করছে কি না খেয়াল রাখুন। যদি কোনো দুর্ঘটনা আঁচ করতে পারেন, অবশ্যই আপনি নিজেকে ওর একজন বিশ্বাসযোগ্য বন্ধুর ভূমিকায় অবতীর্ণ করুন। শিশুটি নিজ থেকে বিষয়টি বলতে চাইলে তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। এ পরিবারের সে গুরুত্বপূর্ণ একজন, তাকে এ বিষয়ে ভাবনার বীজটি বুনে দিন। তাকে নিয়ে খোলা হাওয়ায় ঘুরতে বেড়িয়ে পড়ুন। অথবা তার প্রিয় কোনো খেলার সঙ্গী হয়ে উঠুন। যদি তাতেও শিশুটির মানসিক ও আচরণিক পরিবর্তন দৃষ্টিগোচর না হয়, অবশ্যই একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।