কপর্দকহীন থেকে লাখপতি
ভারতে নয় বছর শরণার্থী-জীবন কাটিয়েছেন দয়াকর চাকমা। দেশে ফিরেছেন ১৯৮৮ সালে। তখন দয়াকরের বয়স ছিল ১৩, এখন ৩৫ পেরিয়েছে। লেখাপড়া করেছেন নবম শ্রেণী পর্যন্ত। সেই দিন আর এই দিনে বিরাট তফাত। সেই দিন চোখে স্বপ্ন ছিল, কিন্তু আজ স্বপ্ন পূরণের আনন্দ। সেই দিন তিনি ছিলেন কপর্দকশূন্য কিশোর, আজ লাখপতি যুবক। দয়াকর চাকমার বাড়ি পানছড়ির লতিবান ইউনিয়নের দুর্গম শুকনাছড়ির বাউরপাড়া গ্রামে। ২০০৪ সালে উত্তরাধিকার সূত্রে পাওয়া পাঁচ একর টিলাভূমি পরিষ্কার করেন তিনি। আড়াই একরে রোপণ করেন ২৫০টি লিচু আর ৫০টি আম্রপালি জাতের আমের চারা এবং বাকি আড়াই একরে ১০০ আগর চারা ও ৫০০ সেগুন গাছের চারা রোপণ করেন। অনেক পরিশ্রম আর যত্নের পরও ৫০টি লিচু আর ১৫টি আমের চারা মরে যায়। কিন্তু তাতে দয়াকরের স্বপ্ন মরেনি, শরীরের বিন্দু বিন্দু ঘাম দিয়ে গড়ে তোলেন বাগানটি। বর্তমানে তাঁর বাগানে ২০০টি লিচু আর ৩৫টি আম্রপালি গাছ রয়েছে। সারি সারি গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লিচু আর আম। মধুমাসে মধুফলগুলো পাকতে শুরু করেছে। দয়াকর চাকমা জানান, ২০০৯ সাল থেকে প্রথম লিচু ধরে, বিক্রি করেন ১৬ হাজার টাকার। পরের বছর ৩৯ হাজার টাকার লিচু আর আম বিক্রি করেন। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় এ বছর লিচু আর আমের বাম্পার ফলন হয়েছে। এবার কম করে হলেও দেড় লাখ টাকার আম আর লিচু বিক্রি করতে পারবেন বলে জানান। বাউরপাড়া গ্রামের সমাজসেবক শান্তি বিকাশ চাকমা বলেন, ‘বাগান করে স্বাবলম্বী হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন দয়াকর চাকমা। দয়াকরের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে গ্রামের প্রতিটি ঘরে লিচু ও আমগাছ লাগানো হয়েছে। শ্যামবিন্দু চাকমা, প্রদীপ চাকমা, ললিত মোহন চাকমাসহ অনেক কৃষক বাগানে মিশ্র ফলের বাগান করছেন।’শুকনাছড়ি এলাকায় দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ চাকমা বলেন, ‘মাটি ভালো হওয়ায় পাহাড়ি এলাকায় বাগানে ফলন ভালো হয়। কিন্তু দয়াকর চাকমা অত্যন্ত পরিশ্রমী। ফল ধরার আগে ও পরে আমরা তাঁকে শুধু কারিগরি সহযোগিতা দিয়ে থাকি।’