অসময়ের বৃষ্টিতে কপাল পুড়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলার লবণচাষিদের। গত মার্চ ও চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কয়েক দফা বৃষ্টিতে মাঠে উৎপাদিত লবণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে মিঠা পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ফলে এ মৌসুমে লোকসান গুনতে হবে বলে আশঙ্কা করছেন চাষিরা। গত শুক্রবার এ প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত মহেশখালীতে বৃষ্টিপাত হচ্ছিল।চাষিরা জানান, গত বছর নভেম্বর মাসের শুরুতেই মহেশখালীর বিভিন্ন এলাকায় চাষিরা লবণ চাষ শুরু করেন। উৎপাদনও হয় আশানুরূপ। উৎপাদিত লবণ বিক্রি করে হাসি ফোটে সবার মুখে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মণ সাদা লবণ ১৮০ টাকা ও কালো লবণ ১৬০ টাকা করে বিক্রি হয়। কিন্তু মার্চ থেকে একাধিক দফায় ভারী বৃষ্টিসহ কয়েক দিন পরপর হালকা বৃষ্টি হলে প্রচুর উৎপাদিত লবণ মাঠেই নষ্ট হয়ে যায়। পাশাপাশি ব্যাহত হয় নতুন উৎপাদন। এতে হতাশ হয়ে পড়েন চাষিরা। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করছেন তাঁরা। গত শুক্রবার সকালে পৌর এলাকা ও কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, লবণ মাঠ থেকে বৃষ্টির পানি সরাতে ব্যস্ত চাষিরা। বৃষ্টির মিঠা পানি সরিয়ে লবণাক্ত পানি ঢোকাচ্ছেন অনেকে। কুতুবজোম ঘটিভাঙ্গার লবণচাষি রুহুল কাদের জানিয়েছেন, নতুন করে বৃষ্টি না হলে চার-পাঁচ দিন পর থেকে মাঠ লবণ উৎপাদনের উপযোগী হবে। তবে আবার ভারী বৃষ্টি হলেই মাঠ উৎপাদনের উপযোগী করতে অন্তত ১০ দিন সময় লেগে যাবে। পৌর এলাকার চরমপাড়ার বাসিন্দা লবণচাষি কামাল হোসেন বলেন, ‘এ বছর লবণের ভালো দাম পাওয়ার আশায় তিন একর জমিতে লবণ চাষ করেছি। শুরুতেই আশানুরূপ দামে কিছু লবণ বিক্রি করে বেশ খুশিও হয়েছিলাম। কিন্তু গত এক মাসের মধ্যে দুই দফা ভারী বৃষ্টি ও কয়েক দিন পরপর হালকা বৃষ্টিতে কপাল পুড়েছে। এতে সব মিলিয়ে চলতি মৌসুমে লাভ না হয়ে লোকসান হবে বলেই আশঙ্কা করছি।’ একই এলাকার লবণচাষি নুরুল আলম বলেন, ‘গত ২ মার্চ বৃষ্টির কারণে মাঠে লবণ উৎপাদন ১০ দিন বন্ধ ছিল। এরপর এপ্রিলের শুরুতে তিন দিনের ভারী বৃষ্টিতে লবণ উৎপাদন আবার বন্ধ হয়ে যায়। এর কয়েক দিন পর হালকা বৃষ্টিতে উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ায় চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।’মহেশখালী উপজেলা লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি ও বড়মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান শরীফ বাদশাহ বলেন, ‘অসময়ে বৃষ্টির কারণে এ মৌসুমে লবণ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না সন্দেহ রয়েছে।’ তবে আগামী এক মাসের মধ্যে কোনো বৃষ্টি না হলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) কক্সবাজার কার্যালয়ের গবেষণা কর্মকর্তা এ টি এম ওয়ালি উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘চলতি মৌসুমে মহেশখালীতে প্রায় ১৭ হাজার একর জমিতে লবণ চাষ হয়েছে। কিন্তু গত এক মাসে একাধিকবার বৃষ্টিপাতের ফলে লবণ উৎপাদন চরমভাবে ব্যাহত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা।’ তবে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে তিনি জানান।