কপাল পুড়ল সাধারণ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির মারামারির পর লুটপাট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির মারামারির পর লুটপাট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী খালিদ জামিল। তিনি এ এফ রহমান হলের ২৩৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। টিউশনির জমানো ও বাড়ি থেকে পাওয়া কিছু টাকা মিলিয়ে ল্যাপটপ কিনেছিলেন। দাম পড়ে ৪০ হাজার টাকা। কিন্তু ২২ মে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মারামারিতে কষ্টে কেনা সেই ল্যাপটপটি খোয়া গেছে। পাল্টাপাল্টি হামলার পর এ এফ রহমান ও আলাওল হলে ব্যাপক লুটপাট চালান ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
খালিদ জামিল প্রথম আলোকে বলেন, ‘আমাদের অধিকাংশ পড়াই ইন্টারনেটভিত্তিক। আমার পড়ালেখার সব তথ্য ল্যাপটপে সংরক্ষিত ছিল। দুই মাস পর চূড়ান্ত পরীক্ষা। তাই ল্যাপটপটি খুব প্রয়োজন ছিল। কিন্তু এটি লুট হয়ে গেল। এখন সবকিছু আবার নতুন করে সংগ্রহ করতে হবে।’
হলে থাকা আবাসিক শিক্ষার্থীদের অনেকেই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। একটা ল্যাপটপ কিংবা একটা ক্যামেরা কেনার পেছনে খালিদ জামিলের মতো প্রায় সবার এমন কষ্টের গল্প রয়েছে।
এ এফ রহমান হল সূত্র জানায়, ছাত্রলীগের কর্মীরা ঘটনার সময় হলের ৫৬টি কক্ষের তালা ভেঙে ভেতর ঢোকেন। এসব কক্ষের লকারের তালা ভেঙে লুটপাট চালান তাঁরা। তবে হলের প্রাধ্যক্ষের নামফলকসহ তাঁর দপ্তর ও দাপ্তরিক কার্যালয়ের কাচসহ ১৩২টি কক্ষের কাচ ভাঙা হয়েছে। এই হলে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২২ জন শিক্ষার্থী তঁাদের জিনিস হারানোর তালিকা হলের দাপ্তরিক কক্ষে জমা দিয়েছেন।
স্থানীয় একটি পত্রিকায় সাংবাদিকতা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাশেদ পারভেজ। তিনি এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। ঘটনার সময় তিনি রাঙামাটি ছিলেন। রাশেদ জানান, লুটপাটে তিনি ল্যাপটপ, টেবিল ফ্যান, নগদ ছয় হাজার টাকা, দুটি টি-শার্টসহ বেশ কিছু বইপত্র হারিয়েছেন।
অন্যদিকে একই বিভাগের শিক্ষার্থী বিজয় কুমার আলাওল হলের আবাসিক শিক্ষার্থী। তিনি বলেন, ‘ঘটনার সময় ভয়ে দ্রুত কক্ষ ত্যাগ করি। পরে কক্ষে এসে দেখি দরজার তালা ভাঙা। দেখি আমার দুটি মুঠোফোন, টেবিল ফ্যান, নগদ এক হাজার টাকা নাই।’
এ এফ রহমান হলের নিম্নমান সহকারী ও ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যসচিব সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বুধবার সকাল পর্যন্ত আমাদের হলে ২২ জন শিক্ষার্থী তঁাদের খোয়া যাওয়া জিনিসপত্রের তালিকা জমা দিয়েছেন। এ তালিকা থেকে শিক্ষার্থীরা সব মিলিয়ে ১২টি ল্যাপটপ, একটি নোটবুক, ছয়টি মুঠোফোন হারানোর কথা বলেছেন। এ ছাড়া নগদ টাকা, টেবিল ফ্যান, কাপড়চোপড়, প্রসাধনীসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র হারানোর কথা বলেছেন তাঁরা। তবে এঁদের মধ্যে পাঁচ শিক্ষার্থী তঁাদের ল্যাপটপ ফিরে পেয়েছেন।’
অন্যদিকে আলাওল হল সূত্র জানায়, এই হলের ৩২টি কক্ষের তালা ভেঙে লুটপাট চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব কক্ষের ভেতরের লকারের তালাও ভাঙা হয়েছে। কাচ ভাঙা হয়েছে প্রায় ৫৫টি কক্ষের।
আলাওল হলের সেকশন কর্মকর্তা ও ওই দিনের ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যসচিব মোহাম্মদ হাশেম বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ১৬ জন শিক্ষার্থী তঁাদের জিনিসপত্র হারানোর তালিকাসহ ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে নয়জন শিক্ষার্থী তাঁদের ল্যাপটপ ও একজন ডেস্কটপ হারানোর কথা বলেছেন। এ ছাড়া ল্যাপটপের পাশাপাশি ক্যামেরা হারিয়েছেন একজন। মুঠোফোন হারিয়েছেন ছয়জন। নগদ টাকা, বই, ব্যাগসহ কাপড়চোপড় হারানোর কথাও আবেদনে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।’
লুটপাটের শিকার শিক্ষার্থীরা আবেদনে তঁাদের হারানো জিনিপত্রের বাজারমূল্যও উল্লেখ করে দিয়েছেন। এ এফ রহমান হলের শিক্ষার্থীদের আবেদন ও হলের তৈরি করা তালিকা ঘেঁটে দেখা গেছে, শিক্ষার্থীরা প্রতি ল্যাপটপের বাজারমূল্য দেখিয়েছেন ৪০ হাজার টাকা করে। সেই হিসাবে দুই হলের শিক্ষার্থীদের হারানো ১৬টি ল্যাপটপের বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। অন্যদিকে তিনজন শিক্ষার্থী তঁাদের হারানো ডেস্কটপ, নোটবুক ও ডিএসএলআর ক্যামেরার বাজারমূল্য দেখিয়েছেন যথাক্রমে ৩০, ২৫ ও ৩০ হাজার টাকা। পাশাপাশি প্রতি মুঠোফোনের বাজারমূল্য দেখিয়েছেন ১০ হাজার টাকা। ফলে হারানো ১২টি মুঠোফোনের বাজারমূল্য দঁাড়াচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা। অন্যদিকে নগদ টাকা, কাপড়চোপড়, বই, ফ্যান, ব্যাগসহ নানা ইলেকট্রনিকস সামগ্রীর যে বাজারমূল্য দেখিয়েছেন, তাও প্রায় দেড় লাখ টাকার মতো। সব মিলিয়ে দেখা যাচ্ছে, দুই হলের শিক্ষার্থীরা প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র হারিয়েছেন।
এদিকে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দুই হলই ২৩ মে দুটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।