কপি চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার নিয়মিত ও প্রান্তিক চাষিরা এবার কপি চাষ করে লাভের মুখ দেখছেন। প্রতিদিন উপজেলার হাট-বাজার এবং শহরের বিভিন্ন এলাকায় নিয়ে কপি বেচে ভালো মুনাফা করছেন তাঁরা। অনুসন্ধানে জানা যায়, বেশ কয়েক বছর ধরে এ উপজেলার নিয়মিত ও প্রান্তিক চাষিরা বেশি লাভের আশায় ফুল, বাঁধা ও পাতাকপি আবাদ করে আসছেন। প্রতি কানিতে সেচ, সার, শ্রমিক ও কীটনাশক বাবদ খরচ হয় চার-পাঁচ হাজার টাকা। কপি বিক্রি করে কানিপ্রতি লাভ হয় ১২-১৫ হাজার টাকা। উপজেলার দৌলতপুর, রোসাংগিরী, সুয়াবিল, শোভনছড়ি, কাঞ্চননগর, আবদুল্লাপুর, খিরাম, নানুপুর, রাঙামাটিয়া, হারুয়ালছড়ি, সুন্দরপুরসহ বিভিন্ন এলাকায় কপি চাষ করে বেশ লাভবান হচ্ছেন চাষিরা। দক্ষিণ দৌলতপুর গ্রামের চাষি মো. ইসমাইল হোসেন জানান, তিনি এবার এক কানি জমিতে পাতাকপির চাষ করেছেন। এতে খরচ হয়েছে ছয়-সাত হাজার টাকা। ইতিমধ্যে জমিতেই ১৫ হাজার টাকার কপি ব্যাপারিদের কাছে বিক্রি করেছেন। তিনি পাঁচ বছর ধরে পাতাকপির চাষ করে আসছেন বলে জানান। শুয়াবিল গ্রামের কৃষক এনায়েত উল্লাহ বলেন, তাঁর জমিতে দেড় হাজার ফুলকপি ও বাঁধাকপির ফলন হয়েছে। বর্তমান বাজার মূল্যে তিনি খুশি। খিরাম গ্রামের ছাত্র আবদুর রহমান কৃষি বিভাগের সহযোগিতায় অনাবাদি ১০ (অর্ধকানি) গণ্ডা জমিতে ফুলকপির চাষ করেন। লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন জমিতে সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করেন। কপিচাষ করে দৌলতপুর গ্রামের সাবেক চাকরিজীবী শফিউল আজম বর্তমানে আর্থিকভাবে বেশ সচ্ছল হয়েছেন। পৈতৃক জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে তিন-চার বছর ধরে তিনি কপি চাষ করে আসছেন। এবার নিজেই জমি কিনে কপি চাষ করেন এবং অন্যের জমি থেকে কপি কিনে বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছেন। তাঁর মতো গ্রামের অনেকেই এখন সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান তিনি। উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ফটিকছড়ির ৮৫০ হেক্টর জমিতে এবার সবজির আশানুরূপ ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকা, কৃষি বিভাগের যথাযথ দেখভাল এবং চাষিদের অক্লান্ত চেষ্টায় এবার অতীতের তুলনায় কপিসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। তা ছাড়া বেশ লাভবানও হচ্ছেন কৃষক। আশা করছি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে চাষিরা আরও বেশি লাভবান হবেন। তিনি কিছু কিছু প্রান্তিক ও নিয়মিত চাষিকে সবজিচাষে উদ্বুদ্ধ করছেন বলেও জানান।