কপিরাইট নিবন্ধন কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিখেছেন মৌলিক কোনো কিছু? এই যেমন গান, কবিতা, গল্প, অনুবাদ, নাটক কিংবা উপন্যাস, তাহলে স্বাভাবিকভাবেই আপনি এর কপিরাইট বা মেধাস্বত্ব লাভ করবেন। আইনেও তা বলা হয়েছে। এটি কেবল কোনো বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়; চলচ্চিত্র, সংগীত কিংবা নাটক নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্য। আবার কোনো সফটওয়্যার বা কম্পিউটারের জন্য নির্মিত কোনো প্রোগ্রামের জন্যও প্রযোজ্য। এসবের কপিরাইট সুরক্ষার জন্য লেখক বা প্রণেতার উচিত তাঁর সৃষ্টকর্মটির নিবন্ধন করিয়ে নেওয়া। কারণ, কেউ যদি কপিরাইট ভঙ্গ করে নকল করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি প্রতিকার পেতে সুবিধা হয়। একটি বিষয় জেনে রাখা জরুরি, কোনো ব্যক্তির জীবদ্দশায় আজীবন তিনি কপিরাইটের অধিকারী। তাঁর মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত উত্তরাধিকারীরা কপিরাইট ভোগ করবেন। ৬০ বছর পর এগুলো জনখাতে চলে যাবে।কোনো সৃষ্টিকর্মের কপিরাইটের নিবন্ধনের জন্য আবেদন করতে হলে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত কপিরাইট কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এই আবেদনপত্রে যে কর্মটির কপিরাইট করতে চান, তার সব বিবরণ, স্বত্ব কার নামে হবে, শর্ত কী হবে প্রভৃতি বিষয় পূরণ করতে হবে। আবেদনপত্র তিন কপি জমা দিতে হবে। যে কর্মটির কপিরাইট নিবন্ধন করার জন্য আবেদন করা হয়েছে, তার ধরন অনুযায়ী নির্ধারিত ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মূলকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। কর্মটির হস্তান্তরসূত্রে মালিকানার ক্ষেত্রে ২৫০ টাকার স্ট্যাম্পে হস্তান্তর দলিল দাখিল করতে হবে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম জমা দিতে হবে। অঙ্গীকারনামা ১৫০ টাকার স্ট্যাম্পে লিখে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। প্রচ্ছদকর্মের ক্ষেত্রে প্রচ্ছদশিল্পীর ২৫০ টাকার স্ট্যাম্পে না-দাবিনামা অথবা হস্তান্তর দলিল দাখিল করতে হবে। পাণ্ডুলিপি, সাহিত্যকর্ম, রেকর্ডকর্ম, সিডি, ক্যাসেট, সিনেমা ও কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে দুই কপি কর্ম জমা দিতে হবে। চারুকর্মের ক্ষেত্রে তিন কপি জমা দিতে হবে। চারুকর্মের ক্ষেত্রে এক কপি শক্ত কভারে নাম-ঠিকানা ও কপিরাইট নোটিশসহ পেস্টিং করে জমা দিতে হবে। কেউ যদি আইনজীবীর মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে চান, সে ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওকালতনামা দাখিল করতে হবে। আবেদনপত্রের যোগাযোগের স্থানে পূর্ণ ঠিকানা ও সম্ভব হলে ফোন বা মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে। বিদেশি কর্মের ক্ষেত্রে যে দেশের মূল কর্ম, ওই দেশের মূল মালিকের হস্তান্তর দলিল সত্যায়িত করে দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সব কাগজপত্রের ফটোকপি সত্যায়িত করে দিতে হবে। সত্যায়নকারীর নাম, পদবি ও ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে। কোনো কারণে উল্লিখিত বিষয়গুলোর কোনো একটি উপাদান না থাকলে এবং ত্রুটিপূর্ণ আবেদনের ক্ষেত্রে আবেদনটি বাতিল হয়ে যাবে।কপিরাইট ভঙ্গ করলে প্রতিকার কীকেউ যদি কোনো লেখকের বা প্রণেতার বই বা কোনো সৃষ্টকর্ম নকল করেন, তাহলে দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রতিকার চাইতে পারবেন। শাস্তি হিসেবে কপিরাইট ভঙ্গকারীর হতে পারে চার বছরের জেল এবং সর্বোচ্চ দুই লাখ টাকার জরিমানা। চলচ্চিত্রের ক্ষেত্রে এ শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর ও পাঁচ লাখ টাকা। ফৌজদারি বিচার হবে দায়রা জজ আদালতে। এ ছাড়া জেলা জজ আদালতে ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞার প্রতিকার চাওয়া যাবে। লেখক: আইনজীবী