কফি বদলে দেবে পাহাড়ের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলার জালিয়াপাড়া থেকে তিন কিলোমিটার দূরে বড় পিলাক। উঁচু-নিচু পাহাড়ি পথ ধরে কিছু দূর গেলেই চোখে পড়বে বেশ কয়েকটি বাগান। বাগানগুলোতে নানা জাতের ফলের সঙ্গে কফিরও আবাদ করা হয়েছে। বড় পিলাকের কমলাবাগান এলাকায় নুর হোসেনের বাগানে ঢুকতেই দেখা মিলল চেরি ফলের মতো গাঢ় লাল কফি ফলের। মাঝারি আকৃতির ঝোপালো কফিগাছে থোকায় থোকায় ধরেছে কফি।কফিচাষি নুর হোসেন তাঁর পাঁচ একর পাহাড়ি জায়গায় প্রায় ৮০০ কফিগাছ লাগিয়েছেন বলে জানালেন। গত বছর কফির ফলন হয়েছে প্রায় ১০ মণ। এক কেজি ১৫০ টাকা দরে কক্সবাজারের একটি প্রতিষ্ঠানের কাছে তিন মণ কফি বিক্রি করে পেয়েছেন এক লাখ আট হাজার ১২০ টাকা। নুর হোসেনের মতো এলাকার বহু চাষি এখন কফি চাষের দিকে ঝুঁকছেন। কৃষিবিদদের মতে, পার্বত্য চট্টগ্রামের অনাবাদি পাহাড়ে কফি হতে পারে একটি লাভজনক ফসল। এখানকার মাটি ও আবহাওয়া কফি চাষের জন্য উপযুক্ত। প্রক্রিয়াজাত কারখানা ও বিপণনব্যবস্থা গড়ে তোলা গেলে এই কফিই বদলে দিতে পারে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের কফিবিদ মাজহারুল করিম জানান, কফি চাষের তেমন রোগবালাইয়ের আক্রমণ হয় না বললেই চলে। তাই কোনো রকম পরিচর্যা ছাড়াই খুব সহজেই পাহাড়ি অঞ্চলে কফি চাষ করা সম্ভব। তিনি আরও জানান, পাহাড়ের ঢালে কিছুটা ছায়াদানকারী গাছের নিচে কফির চাষ করতে হয়। এতে ফলন হয় ভালো।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা জানান, বর্তমানে বিশ্বে বাণিজ্যিকভাবে কফিয়া রবুস্টা ও কফিয়া অ্যারাবিকা—এই দুই জাতের কফি চাষ হয়ে থাকে। তবে স্বাদ ও গন্ধের বিচারে কফিয়া অ্যারাবিকার গুণগত মান ভালো। নার্সারিতে বীজ থেকে চারা তৈরি করে চারার বয়স ছয় মাস থেকে এক বছর হলে তা মূল জমিতে লাগাতে হয়। বর্ষাকাল কফির চারা লাগানোর উপযুক্ত সময়। কফির সঙ্গে সাথি-ফসল হিসেবে ভুট্টা, শিম, মাষকলাই, অড়হড় ইত্যাদি ফসলের চাষ করা য়ায়।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুর রউফ বলেন, কফি মরু অঞ্চলের উদ্ভিদ বিধায় এটি সহজেই মিশ্র ফসল হিসেবে বনজ উদ্ভিদের সঙ্গে সেচবিহীন অবস্থায় চাষ করা যায় এবং আশানুরূপ ফলন পাওয়া যায়। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহব্বত উল্লাহ বলেন, ‘কফি চাষ কৃষকদের মধ্যে জনপ্রিয় না হওয়ার অন্যতম কারণ কফি প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সমস্যা। এই সমস্যা সমাধানকল্পে ইতিমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি প্রকৌশল বিভাগ এবং পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের যৌথ উদ্যোগে একটি কফি গ্রাইন্ডার উদ্ভাবন করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় তিন হাজার টাকা। এই কফি গ্রাইন্ডারের মাধ্যামে কৃষকেরা সহজেই কফি গুঁড়া করে বাজারজাত করতে সক্ষম হবে।’