কফিনের কারখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কফিন তৈরির কাঁচামালের একটি বড় অংশই সহজলভ্য নীলফামারীতে
কফিন তৈরির কাঁচামালের একটি বড় অংশই সহজলভ্য নীলফামারীতে

নীলফামারী জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে নীলফামারী সৈয়দপুর সড়কের পাশে উত্তরা ইপিজেড। ওই ইপিজেডের একটি প্লটে গিয়েই চোখে পড়ে নীলফামারীর নারী ও পুরুষ শ্রমিকদের ব্যস্ততা। সকাল নয়টার মতো বাজে। শ্রমিকদের কাজের টুকটাক শব্দ ছাড়া আশপাশে তেমন শব্দ নেই এ কারখানায়। পাশেই রাখা কফিনের স্তূপ। ওয়েসিস কফিনসের এই কফিনই সমাদৃত হয়েছে ইউরোপের বাজারে। সামনে এই হাতে তৈরি কফিন দখল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারও।
কথা হয় কারখানার নারী শ্রমিক সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গ্রামের রিনা রায়ের (৩৫) সঙ্গে। রিনা বললেন, ১৮ মাস ধরে এখানে কাজ করছি। প্রথম দিকে একটু কষ্ট হলেও এখন কাজটা খুব সহজ হয়ে গেছে। এখানে ভারী কোনো কাজ নেই। কাজে কোনো ঝুঁকিও নেই। এর আগে বাড়ির কাজ দেখাশোনা করতাম। একজনের (স্বামীর) আয়ে সংসারে অভাব-অনটন লেগেই থাকত। অভাব-অনটনের কারণে ঝগড়া-বিবাদও হতো।
এখন স্বামী এভারগ্রিনে কাজ করে, আমি এখানে কাজ করে মাসে প্রায় ছয় হাজার টাকা উপার্জন করি। ছেলে পঞ্চম শ্রেণীতে, আর মেয়ে প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে। আমাদের সংসারে এখন সুখের অভাব নেই।
পাশ থেকে সরকারপাড়া গ্রামের রানী দে (৪০) যোগ করলেন, ‘সাড়ে চার বছর থেকে এখানে কাজ করছি। আগে টেইলারি (দরজির কাজ) করতাম। যে আয়-উপার্জন হতো, তাতে অভাব যেত না। এখন স্বামী ক্ষুুদ্র ব্যবসা করে আর আমি এখানে চাকরি করে যে বেতন পাই, তাতে আমাদের পরিবারে সচ্ছলতা এসেছে।’
কুন্দুপুকুর ইউনিয়নের সুঠিপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (৩৫) বলেন, ‘আমি প্রায় সাড়ে তিন বছর এখানে কাজ করছি। এখানে যাঁরা কাজ করছেন, তাঁরা প্রায় সবাই এই এলাকারই মানুষ।’
এখন মূলত তিন ধরনের কফিন তৈরি হয়। ব্যাম্বু (বাঁশ) কফিন, সি গ্রাস (হোগলা) কফিন ও উইলো কফিন। বাঁশ ও হোগলা স্থানীয়ভাবে সংগৃহীত হয়।
শুধু উইলো আমদানি করতে হয়। উইলো দেখতে প্রায় পাটখড়ির মতো। এটি পাটখড়ির মতো ভঙ্গুর হলেও এটিকে পানিতে ভেজানোর পর বেতের মতো বাঁকানো যায়।
ওই কফিনগুলো ভেজিটেবল ডাই ব্যবহার করে রং করা হয়। এর বাইরেও স্বল্প পরিসরে এখানে তৈরি হচ্ছে আর্ন, পিকনিক বাস্কেট, ক্রিসমাস বাস্কেট ইত্যাদি পণ্য।
উত্তরা ইপিজেডের এসএফবি নম্বর ২বি ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওয়েসিস কফিনস। মানবসম্পদ কর্মকর্তা পলিনা ডি কস্তা জানান, এখানে এ এলাকার ৭৮ জন শ্রমিক কাজ করছেন। এর মধ্যে সিংহভাগ নারী শ্রমিক।
ওয়েসিসের ব্যবস্থাপক জেমস এ খান জানালেন, এই কফিনগুলোর সম্পূর্ণ কাঁচামালের ৭৫ শতাংশ এ অঞ্চল থেকে সংগ্রহ করা হয়।