
টেবিলে ধোঁয়া ওঠা কফির পেয়ালা। সঙ্গে ট্যাকো স্যান্ডউইচ। খেতে খেতে বই পড়ছেন একদল তরুণ। মাঝে মাঝে বইয়ের বিষয় নিয়ে চলছে আলোচনা। এমন চিত্র দেখা গেল নগরের জিইসি এলাকার ওয়েল ফুড সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত রিও ক্যাফেতে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত কফি খেতে খেতে এখানে আড্ডায় মেতে ওঠেন সব বয়সের মানুষ। সঙ্গে বাড়তি পাওনা ক্যাফেতে অবস্থিত বই কর্নার থেকে বই পড়া ও বিনা মূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ।
চট্টগ্রামে রিও ক্যাফের মোট পাঁচটি শাখা রয়েছে। এর মধ্যে নগরের জিইসির মোড় ও এম এ আজিজ স্টেডিয়ামপাড়ার হল টোয়েন্টিফোরে অবস্থিত শাখা দুটিতে রয়েছে বুক কর্নার। এ ছাড়া নগরের আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টার, হালিশহরের বড়পোল ও খুলশীর ১ নম্বর সড়কে অবস্থিত রিও ক্যাফের শাখা তিনটিতে বিনা মূল্যে ওয়াইফাই ব্যবহারেরও সুযোগ রয়েছে।
রিও ক্যাফের পাঁচটি শাখাতেই পাওয়া যাবে ১৪ ধরনের ইতালিয়ান হট কফি। এসব কফির মধ্যে এসপ্রেসো, মাচ্চিয়াটো ও কন পান্না মিলবে ১২০ টাকায়। ২০০ টাকায় পাওয়া যাবে ক্যাপুচিনো, ক্যাফে মোচা, কফি লাট্টে ও হট চকলেট। পারসিয়ান ওয়ার্ম চকলেট ও হট কোকোয়া ডিলাইট কফিতে চুমুক দিতে গুনতে হবে ১৫০ টাকা। এ ছাড়া ভ্যানিলা লাট্টে, হ্যাজেলনাট লাট্টে, মোচা লাট্টে, ক্যারামেল লাট্টে পাওয়া যাচ্ছে এই ক্যাফেতে। এসব কফির দাম পড়বে ২৫০ টাকা। প্রতি কাপ কফির সঙ্গে দেওয়া হবে একটি কুকিজ ও ক্রোসান্ট।
কফির পাশাপাশি মিন্ট টি, লেমন টি ও আর্ল গ্রে টি পাওয়া যাবে রিও ক্যাফেতে। এসব চা মিলবে প্রতি কাপ ৬০ টাকায়। এ ছাড়া আট ধরনের আইস ক্রাশড বেভারেজ মিলবে রিও ক্যাফেতে। এর মধ্যে কুকিজ অ্যান্ড ক্রিম ৩৫০ টাকায়, পিচ স্মুদি ১৫০ টাকায়, ক্যারামেল ৩০০ টাকায় পাওয়া যাবে। প্রতি গ্লাস ইতালিয়ান লেমনেড ব্লু লেগুন পাওয়া যাবে ১৮০ টাকায়। রিও ক্যাফের বেশ কয়েকটি শাখায় পাওয়া যাবে স্যান্ডউইচও। এর মধ্যে ট্যাকো স্যান্ডউইচ ১৫০, বারবিকিউ চিকেন স্যান্ডউইচ ১৮০, বিফ স্যান্ডউইচ ১৯০ ও চিকেন স্যান্ডউইচ মিলবে ২০০ টাকায়। রিও ক্যাফেতে চার ধরনের পিৎজাও পাওয়া যাবে ৩৩০ থেকে ১ হাজার ৩০০ টাকার মধ্যে। এসব পিৎজার মধ্যে স্পাইসি পেরিপেরি হাওয়াইন পিৎজা ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বড় আকারের এই পিৎজা ১ হাজার ৩০০ টাকায় ও ডিলাক্স সাইজের পিৎজা ৬৩০ টাকায় কিনতে পাওয়া যাবে। এই কফি শপে তিন ধরনের ইতালিয়ান পাস্তাও পাওয়া যাবে। প্রতি প্লেট চিকেন মাশরুম আলফ্রেডো ২৯০, ক্রিম চিকেন মাশরুম ২৯০ ও পাস্তা মারিনারা ৩৪৫ টাকায় পাওয়া যাবে। চট্টগ্রামে নিজের মতো করে সময় কাটানোর জায়গার অভাব পূরণ এবং বইয়ের পাঠক তৈরি করা—এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে রিও ক্যাফে প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ আসিফ হাসান।
ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, ‘ক্যাফেটির সব শাখাতেই প্রিয়জনদের নিয়ে সুন্দর সময় কাটানোর সব আয়োজন করা হয়েছে। গ্রাহকেরা এক কাপ কফি নিয়ে যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারছেন। তাই এই কফি শপে প্রতিদিনই বাড়ছে গ্রাহকের সংখ্যা।’