কবজিতে রঙিন তারুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকাল তরুণেরা হাতের কবজিতে নানা ঢঙের ব্যান্ড পরেন। মডেল: ফারহান, শিফা, ফরহাদ ও লাবণ্য। ছবি: অধুনা
আজকাল তরুণেরা হাতের কবজিতে নানা ঢঙের ব্যান্ড পরেন। মডেল: ফারহান, শিফা, ফরহাদ ও লাবণ্য। ছবি: অধুনা

হাতের কবজিতে নানা রকমের ঘড়ি শোভা পায় তো সেই অনেক আগে থেকেই। ঘড়ি না পরার চলও দেখা যায় মাঝেমধ্যে। তবে রিস্টব্যান্ডের জনপ্রিয়তা যে বেশি, তা তরুণদের হাত দেখলেই বোঝা যায়। আর রিস্টব্যান্ডের ধরন-ধারণ দেখে তরুণের পছন্দ-অপছন্দ বা আগ্রহের ব্যাপারটাও বোঝা যায় বেশ। রিস্টব্যান্ড দেখে টের পাওয়া যায় তরুণদের পছন্দ কোন দিকে যাচ্ছে।
ঈদের আগে বন্ধুরা মিলে রুদ্ররা গিয়েছিলেন রিস্টব্যান্ড কিনতে। সেই দলের মইনুল কিনলেন পছন্দের ব্যান্ডদলের নাম লেখা রিস্টব্যান্ড। ওঁদের সহপাঠী হুমায়ুন একটু দার্শনিক টাইপের। সে রকম উক্তি লেখা ব্যান্ড কিনলেন। রুদ্রর ভাই পড়ে স্থাপত্য বিষয়ে। নিজের জন্য তো বটেই মায়া সভ্যতার মোটিফ আঁকা ব্যান্ড কেনেন তিনি। রুদ্র বলেন, ‘ব্যান্ড না পরলে হাত ফাঁকা ফাঁকা লাগে। খুব ফরমাল জায়গায় অবশ্য পরি না। উজ্জ্বল রঙের ব্যান্ডই পছন্দ আমার।’
অনেক ব্যান্ড আছে, যেগুলো চামড়া বা সুতার তৈরি । কিন্তু রাবারের রঙিন রিস্টব্যান্ডই তরুণদের হাতে বেশি দেখা যাচ্ছে এ সময়। পছন্দের কার্টুন চরিত্র, ফুটবল ক্লাবের লোগো বা কোনো পছন্দের লাইন লেখা রিস্টব্যান্ডগুলো তুলে ধরে ব্যক্তিত্বের ছাপও।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশির হাতে পরেন ১০টির মতো রিস্টব্যান্ড। একটিতে ফেসবুকের লোগো, একটিতে ব্যাটম্যান। একটিতে সবুজ রঙের মাঝখানে লেখা বাংলাদেশ। জীবনের ব্যাপারে দৃষ্টিভঙ্গি বোঝা যায় এমন কোনো উক্তিও আছে কোনো কোনোটায়। ছড়াকার অনিক খানও হাতে রংবেরঙের রিস্টব্যান্ডে পরেন। তরুণ চলচ্চিত্র নির্মাতা মাসুদের রিস্টব্যান্ড ভর্তি হাতে ক্যামেরার লেন্সের মতো দেখতে একটি ব্যান্ডও দেখা গেল। মাসুদের ভাষায়, ‘রঙিন ব্যান্ডগুলোর মধ্যে একরকমের তারুণ্য আছে। নিজের রুচি আর ব্যক্তিত্বটাও তুলে ধরা যায় বলে স্টাইল অনুষঙ্গ হিসেবে এর জুড়ি নেই।’
শুধু ছেলেদের নয়, মেয়েদের হাতে হাতেও ব্রেসলেটের বদলে দেখা যায় রঙিন সব রিস্টব্যান্ড। পছন্দের ব্যান্ড, প্রিয় তারকা কিংবা প্রিয় কার্টুন বা সিনেমার চরিত্রের নাম লেখা ব্যান্ডগুলো মেয়েদের হাতে দেখা যাচ্ছে বেশ। ফ্যাশন-সচেতন মেয়েরা নিজেদের নকশা করা রিস্টব্যান্ডও পরেন।
বনানীর রিস্টব্যান্ড হাউসের সঙ্গে কথা বলে জানা গেল, তরুণদের কথা ভেবেই তাদের রিস্টব্যান্ড তৈরি ও বিপণনের যাত্রা শুরু। তরুণদের পছন্দের থিমগুলো নিয়েই তৈরি হচ্ছে রঙিন ব্যান্ডগুলো। তরুণেরা নিজেদের পছন্দমতো ডিজাইনে রিস্টব্যান্ড বানিয়ে নিতে অর্ডারও দিচ্ছেন প্রতিনিয়ত।