কবরীর হাসিতে প্রকাশ পেত মনের সৌন্দর্য
প্রয়াত অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর ব্যক্তিত্বের গুনগান ছিল, আছে, থাকবে। তাঁর সঙ্গে অভিনয় জগতে কাজ করার মুহূর্তগুলো এখন শুধুই যেন স্মৃতি।
৩ এপ্রিল, বেলা ৩টা ৪১ মিনিট। কবরী ম্যামের সঙ্গে ৭ মিনিট ১১ সেকেন্ডের কথাগুলোই আমার কাছে তাঁর শেষ স্মৃতি। আমি তাঁর খোঁজ নিতে ফোন করলেও নিজের অসুস্থতার বিষয়ে না বলে বলছিলেন এই তুমি সেই তুমি সিনেমার কথা। খুব দ্রুত ডাবিংয়ের কাজটুকু শেষ করতে চাচ্ছিলেন তিনি। কিন্তু ১৭ এপ্রিল তিনি আমাদের ছেড়ে চিরতরে চলে যান।
কবরী ম্যামের (প্রয়াত অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরী) সঙ্গে আমার পরিচয় ২০১৯ সালের জুলাই মাসে। পরিচালক আকাশ রঞ্জনের কাছে জানতে পারি, তিনি তাঁর সিনেমার জন্য নতুন মুখ খুঁজছেন। ম্যামের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম শিল্পকলা একাডেমিতে। কিন্তু পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় বেরিয়ে যান তিনি। পরে ফোনে কথা বলার মাধ্যমে জানতে পারি, তিনি রমনার সামনেই আছেন। গাড়িতে করে একসঙ্গে যাওয়ার সময়টুকুই তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয়ের স্মৃতি। তাঁর সিনেমার একটি অতিথি চরিত্র করার জন্য আমাকে বলেছিলেন।
১৫ থেকে ২০ দিন পর আবার দেখা হয়েছিল কবরী ম্যামের সঙ্গে। তবে এবার দেখা করতে গিয়েছিলাম তাঁর বাসায়। প্রথমবার তাঁর বাসায় যাওয়ার ঘটনাটি ছিল বেশ মজার। এর আগে কখনোই যেহেতু তাঁর বাসায় যাওয়া হয়নি, তাই স্বাভাবিকভাবেই ঠিকানা আমার জানা ছিল না। আমার সঙ্গে পরিচিত একজনের যাওয়ার কথা ছিল। কিন্তু যাই আমরা তিনজন। তাঁর সামনে যাওয়ার পর প্রথমেই প্রশ্ন করেছিলেন, ‘এ কে?’ প্রশ্ন শুনেই চমকে গিয়েছিলাম। তবে একটু পরে বুঝতে পারি, আমাকে নয়, বরং অচেনা তৃতীয়জনকে প্রশ্ন করেছিলেন ম্যাম।
সারাহ বেগম কবরীর একটি বৈশিষ্ট্য ছিল, তিনি প্রথম পরিচয়েই একজনকে খুব ভয় পাইয়ে দিতেন। অনেক ধরনের প্রশ্ন করতেন। তিনি বোঝার চেষ্টা করতেন, কোন মানুষটি কেমন? তাঁর চিন্তাভাবনা কেমন? সেভাবেই তিনি সেই ব্যক্তির সঙ্গে আচরণ করতেন আর তাঁকে আপন করে নিতেন। যদিও প্রথমে তাঁকে একটু রাগী মানুষ মনে হতে পারে, কিন্তু তিনি আসলে ছিলেন খুব নরম মনের একজন মানুষ।
কাজের সময়ে বা তার বাইরেও ম্যাম তাঁর মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করে নিতেন। তাঁর হাসি শুধু সৌন্দর্যের বহিঃপ্রকাশ ছিল না। আমি দেখেছি, তাঁর কাছের মানুষদের সঙ্গে তিনি হাসতে হাসতে অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠতেন। তাঁর মনের সৌন্দর্যের প্রকাশ পেত যেন এই মিষ্টি হাসিতেই।
কাজ করার সময় তাঁর আন্তরিকতাই দেখেছি। তিনি আমাকে সম্বোধন করতেন ‘এই ছেলে’ আর অবাক (আমার ডাকনাম) বলে। মানুষকে আপন করে নিতে পারতেন। আমি এর ব্যতিক্রম ছিলাম না। তাঁর ব্যবহারের কারণে নিজেকে তাঁর পরিবারেরই একজন সদস্য বলে মনে হতো। সব সময়েই একধরনের আন্তরিকতা ও মায়া অনুভব করেছি।
মনে পড়ে, সিনেমার শুটিংয়ের সময় তিনি প্রায়ই আমাকে বলতেন, ‘তোমার ওপর আমার অনেক ভরসা।’ হয়তো কবরী ম্যামের স্বপ্নের যাত্রার সঙ্গে মিশে যেতে পেরেছিলাম বলেই আমার ওপর আস্থা রাখতেন। তবে যেকোনো ভুল কাজের জন্য তিনি শাসনও করতেন আপনজনের মতো। খুব সোজা–সরল কথা বলতেন তিনি।
কবরী ম্যামের আরেকটি দিক, তিনি সব বিষয়েই জানতে ও জ্ঞান রাখতে চেষ্টা করতেন। তাঁর সঙ্গে কথা বলার সময় এমন কোনো বিষয় পাইনি, যা তিনি জানতেন না। সিনেমা নিয়ে কথা ও আড্ডা দেওয়ার জন্য মাসের মধ্যে তিন থেকে চারবার তাঁর বাসায় যাওয়া হতো। গল্প আর আড্ডার মধ্যে এ বিষয়গুলো খুবই চমকে দিত।
পরিচালক কবরীর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ছিল একেবারেই অন্য রকম। প্রতিবার শুটিংয়ের আগে তিনি কর্মশালা করাতেন। কিন্তু সেটা কোনো প্রাতিষ্ঠানিক ধাঁচের কিছু নয়। গল্পের ছলেই দৃশ্য বুঝিয়ে দেওয়ার ক্ষমতা ছিল ম্যামের। কোনো কিছুতে কৃত্রিমতা একেবারেই পছন্দ করতেন না। প্রতিটি দৃশ্যেই প্রাকৃতিক একটা আবহ রাখতেন।
শেষ দিনের শুটিং পর্যন্ত ম্যামের কাজে মুগ্ধ হয়ে শুধুই শিখেছিলাম। এই তুমি সেই তুমি সিনেমার শুরুর কিছু দৃশ্যে কাজ করা দিয়েই আমাদের শুটিং শেষ হয়েছিল। একটি বিশ্ববিদ্যালয়ে শুটিং হওয়ায় সেখানে একসঙ্গে অনেক চরিত্রের উপস্থিতি ছিল। দেখেছিলাম, ম্যাম খুব যত্নের সঙ্গে প্রতিটি চরিত্রকেই সমান গুরত্ব দিচ্ছিলেন। এ কারণেই সেই দৃশ্য হয়ে উঠেছিল অসাধারণ। ম্যামের শেষ দিনের কাজের মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি।
অনুলিখিত
লেখক: অভিনেতা