নানা ধরনের কবি আমাদের ক্যাম্পাসে আছে। যদিও এদের বেশির ভাগের সঙ্গেই আমার পরিচয় নেই। কবি ‘হোসে রভীনতা’ও একজন কবি। নাম দেখে ইতিমধ্যে অনেকে ভ্রু কুঁচকে ফেলেছেন। একজন বাঙালি কবির নাম লাতিন হওয়ার তেমন কোনো কারণ নেই। যদিও এই নামে লাতিনভাব স্পষ্ট। কবি শুনলেই লম্বা চুলওয়ালা, পাজামা, পাঞ্জাবি পরা কেউ একজন মনে ভেসে আসার সম্ভাবনা থাকে। কবি হোসে রভীনতাকে কখনো পাজামা, পাঞ্জাবি পরতে দেখিনি। লম্বাটে, রোগা একজন। উসকোখুসকো চুল, যার চোখের দৃষ্টি বিষণ্ন কিংবা শূন্য।কবি হোসে রভীনতার বিষয়ে সামান্য অপরাধবোধ আমার আছে। অপরাধবোধের কারণ বলা যাক। একবার আমরা কজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। দূর থেকে কবিকে তখন আসতে দেখলাম, কবিকে দেখে অপরাধবোধের কারণটা তখন গজিয়েছিল। কবি এগিয়ে আসছেন, এরই মধ্যে আমরা কবিকে ফাঁদে ফেলার আইডিয়া বের করে ফেলেছি। কবি এগিয়ে এলে সিরিয়াস মুখভঙ্গি করে বললাম, ‘এই যে বাংলার লাতিন কবি, আপনার জন্য সুসংবাদ। কবি সুসংবাদ জানতে চাইলে জানালাম, অমুক সাহিত্য পত্রিকায় তার পাঠানো কবিতাটা ছেপে দিয়েছে। কবিতা ফাটাফাটি হয়েছে। শুনে কবি সন্দেহের দৃষ্টিতে চেয়ে রইলেন, যদিও ভেতরে ভেতরে আনন্দিত। আমাদের একজন তখন কবিকে ছাপা হওয়া কবিতা উপলক্ষে চা খাওয়ানোর জন্য চেপে ধরল।কবি অনুরোধ উপেক্ষা করতে শেখেননি। তবুও চেহারায় সন্দেহের ট্রেডমার্ক ঝুলিয়ে চায়ের অর্ডার দিলেন। ভেতরে ভেতরে উত্তেজিত, কখন গিয়ে সাহিত্য পাতায় নিজের কবিতা দেখবেন। বলা বাহুল্য, সাহিত্য পত্রিকায় কবিতা ছাপানোর বিষয়টা মিথ্যা। সে মিথ্যা রসিকতা কবির জন্য খানিকটা নিষ্ঠুরতার মতো ছিল, কারণ হয়তো বা তার অনুভূতি কিছুটা চড়া সুরে বাঁধা বলে। তাই পত্রিকা ঘেঁটে যখন নিজের কবিতা পাননি, মনে মনে রুষ্ট নিশ্চয়ই হয়েছিলেন। যদিও তা প্রকাশ করেননি। এরপর অনেক দিন কবির সঙ্গে দেখা হয়নি। সেদিন সন্ধ্যার আগে কবির সঙ্গে দেখা। চেহারা আগের মতোই। চোখের দৃষ্টি আরও শূন্য বলে মনে হলো। দুজন বসে গল্প করছি আর চা পান করছি। এমন সময় কবির কাছে তাঁর নাম হোসে রভীনতার কারণ জানতে চাইলাম। উত্তরে কবি কিছু বললেন না, মৃদু হাসলেন। কবির আসল নাম আমার জানা। হোসে রভীনতা ছদ্মনাম, তা-ও জানা। কিন্তু ছদ্মনামের উৎপত্তি অজানা। এ প্রসঙ্গে আর কিছু জানতে চাইলাম না। তখন সন্ধ্যা, চারদিকে খানিকটা বিষণ্নভাব। কবিকে বললাম, ‘সন্ধ্যার সময়টা চারপাশে বিষণ্নভাব কেন, বলুন তো? কবি মৃদু হেসে বললেন, এই সময় বোধ হয় স্রষ্টার মন বিষণ্ন হয়। স্রষ্টার বিষণ্নতা তার সৃষ্টিতে চলে আসে বলে প্রকৃতি বিষণ্ন। শুনে চমৎকৃত হলাম। বাহ্, লোকটা তো দারুণ কথা বলে। একটু দুঃখই হলো আগের ব্যবহারের জন্য। গত ২৩ ফেব্রুয়ারি ছিল কবি হোসে রভীনতার জন্মদিন। এই লেখাটি ছাপা হবে কি না, জানি না। তানভীর হোসেনরসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।