সদ্য প্রয়াত কবি ও ঋতপত্র সম্পাদক অরুণ সেন স্মরণে ২৫ এপ্রিল সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে স্মৃতিচারণা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। ‘ভালো থেকো সোনালু ফুল’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত আবৃত্তি জোট।
সন্ধ্যা সাতটায় আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহের। অনুষ্ঠানে অরুণ সেনকে নিয়ে স্মৃতিচারণা করেন কবির সহধর্মিণী চামেলী সেন, সহোদর বরুণ সেন, সহচর নাট্যজন স্বপন মজুমদার, ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী, কবির বাল্যবন্ধু রফিক আহমদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী ও অশোক মিত্র।
অনুষ্ঠানে অনুপম সেন বলেন, ‘কবি অরুণ সেন স্বভাবে যেমন ঋজু ছিলেন তেমনি ভাষা ব্যবহার ও নিজের মত প্রকাশে ছিলেন অকপট। তিনি আজীবন কবিতায় মগ্ন ছিলেন।’
স্মৃতিচারণা শেষে অনুষ্ঠানে কবিকে নিবেদন করে শুরু হয় কবিতা পাঠের আসর। এতে কবিতা পাঠ করেন কবি সাথী দাশ, অভীক ওসমান, আশীষ সেন, আনন্দ মোহন রক্ষিত, হোসাইন কবির ও মনিরুল মনির। এরপর কবি অরুণ সেনের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, হাসান জাহাঙ্গীর, প্রণব চৌধুরী, মছরুর হোসেন, দেবাশিস রুদ্র, কণা দাশ, মুজাহিদুল ইসলাম, এ এস এম এরফান, শাহরিয়ার তানজিম, সেলিম ভূইয়া প্রমুখ।