কবি ওহীদুল আলম সম্মাননা পদক পেলেন ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি ওহীদুল আলম সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনরসে পরিপূর্ণ ও প্রাণবন্ত মানুষ ছিলেন কবি ওহীদুল আলম। তিনি সাদাসিদে জীবন যাপন করে জীবনরস উপভোগ করতে পেরেছেন। শিক্ষকতা পেশায় থেকেও তিনি কখনো শিক্ষাকে পণ্য হিসেবে নেননি। তদুপরি তিনি শিক্ষার আলো ফেরি করে বেরিয়েছেন সমাজে। দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে।
দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ তাদের ১৩ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সাহিত্যের নানা শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় সাহিত্যিককে কবি ওহীদুল আলম সম্মাননা প্রদান করে।
মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন কবি আবুল মোমেন, প্রাবন্ধিক-গবেষক ড. মাহমুদুল আলম, অধ্যক্ষ আনোয়ারা আলম ও কবি রাশেদ রউফ। বিশিষ্ট আবৃত্তিশিল্পী আয়েশা হকের সঞ্চালনায় অুনষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অমিত বড়ুয়া। অুনভূতি ব্যক্ত করেন সম্মাননাপ্রাপ্ত সাহিত্যিক ফাহমিদা আমিন, ছড়াশিল্পী নূর মোহাম্মদ রফিক, কবি রিজোয়ান মাহমুদ, নাট্যজন সনজীব বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া ও কবি বদরুননেসা সাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. অনুপম সেন বলেন, সাহিত্যের জগৎ একটি সৃজনশীল ও মননশীলতার জগৎ। এই চর্চাটি যাঁরা করেন তাঁরা প্রত্যেকেই সৃষ্টিশীল। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান সময়ে আমাদের ছেলেমেয়েরা এই চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। এটা কোনোভাবেই মঙ্গলজনক নয়। কারণ মননশীল চর্চা থেকে দূরে থাকলে মানসিক বিকাশ কখনো পরিপূর্ণ হয় না।