কবি নজরুল যা খেতে ভালোবাসতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজিত মোস্তফা
সুজিত মোস্তফা

বড় মানুষ মানেই বড় কীর্তি বা বড় কীর্তি মানেই বড় মানুষের সম্পৃক্তি। কিন্তু সব বড় মানুষের মধ্যেই অধিকাংশ সময় লুকিয়ে থাকে অতি সাধারণ আটপৌরে কেউ। একজন মানুষ তাঁর কর্মের জন্য যতই দেবতুল্য হয়ে উঠুন না কেন—ঘরে, নিজস্ব পরিমণ্ডলে, নিজের ভুবনে তিনি হয়তো বেশির ভাগ সময়ই একজন সাধারণ মানুষ। তাঁর দৈনন্দিন কর্মসমূহ হয়তো অতি সাধারণ মানুষের চেয়ে এমন কিছু পৃথক নয়।
আমরা খুব বড় মানুষদের কর্মযজ্ঞে মুগ্ধ হয়ে সব সময়ই তাঁদের হাঁড়ির খবর জানার চেষ্টা করি। জানতে চাই কেমন পোশাক, কেমন ঘর, কেমন খাবার, কোন রং তাঁদের পছন্দ, কী তাঁদের শখ। খুব যে বিচিত্র বা ভিন্ন কিছু আবিষ্কার করে ফেলি তা কিন্তু নয়। কবি ও সংগীতস্রষ্টা কাজী নজরুলের শখের খাবার সম্পর্কে জানতে গিয়ে আমি বিস্মিত হয়েছি অন্য কারণে। কারণ হলো, এই অসম্ভব প্রাণপূর্ণ মানুষটি খাবারের ব্যাপারে ছিলেন খুবই সাধারণ। তাঁর প্রবল আকর্ষণ ছিল পান-জর্দা আর চায়ের প্রতি।

পান-জর্দা আর চা—কবির সবচেয়ে প্রিয় ছিল এসবই৷  ছবি: নকশা
পান-জর্দা আর চা—কবির সবচেয়ে প্রিয় ছিল এসবই৷ ছবি: নকশা

তাঁকে আটকে রেখে অনেকবারই কাজ আদায় করা হয়েছে খুবই সহজ একটি পদ্ধতিতে, সেটি হলো তাঁকে খাতা-কলম আর অফুরন্ত চা এবং পান-জর্দা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একটি বন্ধ ঘরে। সৃষ্টি হয়ে গেছে কালজয়ী সব গান, আরও কত রচনা। তিনি কি তাহলে পান-জর্দা এবং চা ছাড়া আর তেমন কিছুই পছন্দ করতেন না? অবশ্যই করতেন।
কিন্তু খাবার নিয়ে তাঁর একদমই বাড়াবাড়ি ছিল না।
অসুস্থ হওয়ার পরে শরীর ঠিক রাখার জন্য তাঁকে খাওয়ানো হতো খুব সহজপাচ্য খাবার, নরম ভাত, সবজি ইত্যাদি। নজরুল গবেষক আসাদুল হকের বক্তব্য থেকে জানতে পারি, অসুস্থ হওয়ার পর তিনি যে সবজি খেতেন সেটি খুব খঁুটিয়ে দেখতেন। আলু, কুমড়া, পেঁপে যা-ই থাকুক না কেন কাটা সবজির আকার নিখুঁত না হলে তিনি ঠেলে খাবারের থালা সরিয়ে দিতেন। যত দিন তাঁর স্ত্রী প্রমীলা দেবী জীবিত ছিলেন তিনি নিজে অসুস্থ হয়েও খুব যত্ন করে সবজি কাটতেন, রান্নার পর ভাঙাচোরা সবজির টুকরো থাকলে সেগুলো বেছে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে কবিকে খাওয়াতেন। সুস্থ অবস্থায় কবি সকালে যখন কাজে বেরিয়ে যেতেন, নাশতা পেতে দেরি হলে তিনি আর সেটির অপেক্ষায় না থেকে বেরিয়ে পড়তেন। বাসা থেকে তাঁকে পানের ডিব্বা তৈরি করে দিতে হতো। পান মুখে দিতেন সব সময় একসঙ্গে দুটো। শুধু জর্দা, পান আর চা দিয়ে দিন পার করে দেওয়ার কথাও শোনা যায়।

সাদামাটা খাবারই পছন্দ ছিল কবির
সাদামাটা খাবারই পছন্দ ছিল কবির

নাশতায় তাঁর প্রিয় ছিল পরোটা ও ওমলেট। বন্ধুবান্ধবের দাওয়াত বা কোনো অনুষ্ঠান আয়োজনে মানুষ তাঁর জন্য পোলাও, কোর্মা, বিরিয়ািন ইত্যাদির ব্যবস্থা রাখলেও এগুলো তাঁর কোনো বিশেষ পছন্দের খাবার ছিল না। মুগ ডাল, মসুর ডাল, শুক্তো, পোস্ত ইত্যাদি তাঁর পছন্দের তালিকায় ছিল।
নজরুলের পালিতা কন্যা শান্তিলতা দেবী, যাঁর আতিথ্যে তাঁর অনেকটা সময় কেটেছে, সেই শান্তিলতার স্মৃতিচারণা থেকে জানা যায় যে কবি ঝিঙে আর শুক্তোর একটা রান্না খুব পছন্দ করতেন। আর পোস্ত দিয়ে রান্না বড় কই মাছও ছিল তাঁর প্রিয়। বাড়িতে মুরগি এবং খাসির মাংস এলেও আগ্রহ করে খেতেন। কিন্তু গরুর মাংস তাঁর পছন্দের তালিকায় ছিল না। হয়তো আরও কিছু পছন্দের খাবার তাঁর ছিল কিন্তু এই বিষয়টাতে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। প্রাণোচ্ছল নজরুল হয়তো তাঁর আড্ডা, সৃষ্টি, দাবা খেলা, সংগ্রামমুখরতা এই সবকিছুর মধ্যেই অফুরন্ত স্বাদ খুঁজে পেতেন। আলাদা করে কোনো খাবারের স্বাদ গ্রহণের জন্য তাঁর বিশেষ অস্থিরতা ছিল না।
লেখক: নজরুলসংগীতশিল্পী, গবেষক ও সংগঠক৷