কবিগানে তথ্য অধিকার আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ কবিগানের আসর বসানো হয় নগরের বিভিন্ন মোড়ে। ছবিটি ডিসি পাহাড় এলাকা থেকে তোলা
তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ কবিগানের আসর বসানো হয় নগরের বিভিন্ন মোড়ে। ছবিটি ডিসি পাহাড় এলাকা থেকে তোলা

‘মানুষ হলে সচেতন/ তথ্যই শক্তি তথ্যই মুক্তি/ বুঝিবে তখন’। এমন কবিগানে গত ২৯ সেপ্টেম্বর মুখরিত ছিল নগরের রাজপথ। তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে আয়োজন করা হয় ভ্রাম্যমাণ কবিগানের আসর।
কবিগান ছাড়াও শোভাযাত্রা, মানববন্ধন, তথ্য অধিকার আইনবিষয়ক ভাঁজপত্র ও প্রচারপত্র বিলি করা হয় প্রচারণার অংশ হিসেবে। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) চট্টগ্রাম মহানগর ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আয়োজন করা হয় এ প্রচারণার। এতে সহযোগিতা করেন ইয়ুথ এনগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা।
সকাল সাড়ে নয়টায় সনাক চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার নগরের ডিসি হিল প্রাঙ্গণে উদ্বোধন করেন ভ্রাম্যমাণ প্রচারণার। এরপর কবিয়াল আবু ইউসুফ ট্রাকে করে তাঁর দল নিয়ে সারা দিন নগরের বিভিন্ন মোড়ে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক কবিগান পরিবেশন করেন। কবিগানের মাধ্যমে তথ্য অধিকার আইনের খুঁটিনাটি দিকগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে বিকেল পাঁচটায় ডিসি হিল প্রাঙ্গণে কবিগান পরিবেশনের মাধ্যমে শেষ হয় এ আয়োজনের। এ ছাড়া বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়।