কবিগানে মুখর সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান করেন শিল্পী রাজীব ভট্টাচার্য্য
গান করেন শিল্পী রাজীব ভট্টাচার্য্য

‘জ্ঞানী, গুণী মানুষ ভাইরে বেহুঁশ হয়ো না/ এ জীবনে গুণী মানুষ মরতে পারে না/ যেমন ছিলেন চক্র দাদা/ দিল দরিয়া সবই সাদা/ তিনিও তো মোদের ছেড়ে যেতে পারে না’—লোককবি চক্রপাণি ভট্টাচার্য্য এখনো তাঁর অসংখ্য ভক্তদের মাঝে বেঁচে আছেন, সেটা বোঝা যায় কবিয়াল সন্তোষ কুমারের পরিবেশিত এ কবিগানে। ২০ মে সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি মিলনায়তনে লোককবি চক্রপাণি ভট্টাচার্যে্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসন্ধ্যায় পরিবেশন করা হয় এ কবিগান। ‘তোমায় স্মরণ করি’ শিরোনামের এই অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা।
সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় কথামালার আয়োজন। সংগঠনের সভাপতি শিল্পী আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি বলেন, ‘লোককবি চক্রপাণি ভট্টাচার্য্য আজীবন মাটি ও মানুষের জন্য গান করে গেছেন। তিনি দেশের সম্পদ।’ জীবদ্দশায় মূল্যায়িত না হলেও তাঁকে একুশে পদকের মতো রাষ্ট্রীয় পদকে ভূষিত করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশাবাদ তাঁর। সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দীন। বক্তব্য দেন কল্পতরু ভট্টাচার্য্য, সঞ্জিত বণিক, লিয়াকত হোসেন, রীতা দত্ত, সুজিত রায়, ডি কে দাশ, ফারুক হাসান প্রমুখ। এরপর প্রয়াত লোককবির জীবনী পাঠ করেন মানসী বণিক।
কথামালা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় লোককবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শুরুতে ‘আরার দেশত মাইনসে আইজও চান্দর দেশত যাইতো চায়’ গান পরিবেশন করেন শিল্পী সাইফুদ্দিন মাহমুদ খান। ‘অ, আ, আঙ্গুল বাড়াইয়া’ গান পরিবেশন করে লোকশিল্পী আবদুর রহিম। এরপর ছিলেন শিল্পী শাহরিয়ার খালেদ, হিমেল মণ্ডল ও আনন্দ প্রকৃতিবাদীর গানের পরিবেশনা। রাজীব ভট্টাচার্য্যের ‘বাদল দিনে শ্রাবণ ধারায়’ গানটি আনন্দ দেয় দর্শকদের। আয়োজনে স্বরচিত কবিতা পাঠ করেন রানা ভট্টাচার্য্য ও আরিকা মাইশা। এরপর কবিয়াল মোহাম্মদ ইউসুফ, সন্তোষ কুমার, মাধুরী ভট্টাচার্য্য, সঞ্জয় গান্ধী ও বাবুল দাশের কবিগান জমিয়ে তোলে আসর। সবশেষে কবি ওমর কায়সারের স্বরচিত ছড়া পাঠের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাওন পান্থ ও জাহানারা টিনা।