কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শরৎ
আমজাদ হোসেন
বর্ষা শেষে শরৎ আসে
নতুন ছবি চারিপাশে,
নীল আকাশে মেঘের দেশে
সাদা মেঘের ভেলা ভাসে।
পথের মাঝে হঠাৎ করে
আকাশ ভেঙে বৃষ্টি পড়ে,
মনের সুখে ছাতা ছেড়ে
বৃষ্টির ফুলে পকেট ভরে।
নদীর ঘাটে ঝাঁকে ঝাঁকে
নাইয়রিদের নৌকা হাঁকে,
নতুন বউয়ের ঘোমটা ফাঁকে
লজ্জারাঙা হাসি আঁকে।
কাশবনেতে হাওয়া খেলে
নদীর বাঁকে নৌকার পালে,
ইচ্ছে করে দৃষ্টি মেলে
সঙ্গী হতে মেঘের দলে।

পাখির আকাশ
হোসেইন আলফেসানী 

পাখি, শরৎ আকাশ দিলাম তোমায়
আপন মনে ওড়ো।
মেঘের ভেলায় ভেসে ভেসে
নীল সীমানায় থাক।
মনের আকাশ সীমাহীন
সাদা নীলের খেলা
তারই মাঝে উড়ছ পাখি
ডানায় দুরন্তপনা।
যেই মেঘেতে হারায় যত
কল্পলোকের কথা।
সেই আকাশ দিলাম তোমায়
মেঘের মায়া মাখা।
সাদা মেঘের কোমলতায়
বাদলা দিনের বৃষ্টি ফোঁটায়
প্রাণের তালে ভেজো।
তোমার গানের সুরে
এই আকাশকে শুনিও।
তোমার ডানায় হারিয়ে যাবে
কালো রাতের ব্যথা।
পাখি, শরৎ আকাশ দিলাম তোমায়
মেলো আপন রাঙা ডানা ।

উদাসী মন 
অতশী বর্ণা পোদ্দার

শরতের নীলাভ আকাশ, মনটা হঠাৎ করল উদাস
জীবন পালে লাগল হাওয়া, বাউলে গান গায়।
ঘাসের ওপর শিশির দল, ভিজল তাই পদতল
কুয়াশা মোড়া সকালে তাই, মনটা নেচে যায়।

কাশের বনে সাদার রাশি, তুলার মেঘ পাঠাল হাসি
মনের কোনো ঠিকানা নেই, কোথায় যে সে ধায়!
স্বচ্ছ কোন জলাশয়, তাতে হঠাৎ আকাশ দাঁড়ায়
জীবনপালে লাগল হাওয়া, মনটা নেচে যায়।

শরত্কন্যা
বিনয় বর্মন
সাদা মেঘের শাড়ি পরে সাজল শরত্কন্যা
চতুর্দিকে যায় ছড়িয়ে মোহন রূপের বন্যা

সারা শরীর জুড়ে যে তার হাসনাহেনার গন্ধ
গলায় দোলে শিউলিমালা চুলে ঢেউয়ের ছন্দ

ভেলায় চড়ে যায় সে ভেসে দূরে পাহাড়ের প্রান্তে
সবার জন্য হিমেল হাওয়া বৃষ্টিফোঁটা আনতে

মাঝে মাঝে হাসিতে তার রোদটা ওঠে ঝলকে
ভরা কলস কাঁখের বাঁকে আবেগ ওঠে ছলকে

মাঠের পারে নদীর ধারে কাশের সঙ্গে নৃত্য
সকাল-দুপুর সেই মেয়েটার আনন্দিত চিত্ত

তার সঙ্গে খেলতে আসে মাছরাঙা পানকৌড়ি
অবাক হয়ে তাকিয়ে থাকে গাঁয়ের বধূ গৌরী

সন্ধ্যা হতেই বনবাদাড়ে জোনাকগুলো জ্বলছে
শরৎ মেয়ের কানে কানে দুঃখের কথা বলছে

তাকিয়ে দেখো আকাশভরা পাগল করা জোছনা
জনমদুঃখী উদাস খুকি চোখের পানি মোছ না!

ঘুড়ি
কাজী ইকবাল
দক্ষিণা হাওয়ায় একটু দেখো
আকাশ পানে চেয়ে,
উড়ায় ঘুড়ি ছোট্ট বালক
নাটাই হাতে নিয়ে।

উড়ছে ঘুড়ি ছুটছে জোরে
খোলা আকাশ পেয়ে,
আনন্দ পায় ছোট্ট বালক
ঘুড়ির পানে চেয়ে।

একটু করে দিচ্ছে ছেড়ে
একটু করে টান,
এতেই দেখ বালক মনে
বইছে সুখের বান।

পদ্মাজল
ইকবাল মাহফুজ
হাজার মায়ের স্বজন কেড়ে
ভরছে কি পেট পদ্মাজল!
কে থামাবে স্বজনহারার
নয়ন ভেজা অশ্রুঢল।

রাক্ষুসে তোর পেটজুড়ে আজ
হাজার শিশুর বায়না; শোন
আপনহারা ভাইটি যেন
বলছে ফিরে আয়না বোন।

দেখ না নদী বইছে কত
চোখ ছাপিয়ে ছলাৎ ছল
হাজার মায়ের স্বপ্ন খেয়ে
শান্ত কি তুই পদ্মাজল!