কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একলা মেয়ে
শফিক আহসান
মগডালে গিয়ে কদম ছিঁড়ি
ইলশেগুঁড়ি পাতায়
পা পিচ্ছিল
তোমার চিন্তা মাথা

পড়িমরি ধপাস করে নামি
তখন তোমার কোচর ভরা ফুল
বলি তারে, সকল কদম
তোমায় দিলাম
কথা শুনে লজ্জা রাঙা মুখ
কোচর ভরা কদম নিয়ে

উল্টো দিকে দৌড়

সবুজ বাগের সাঁকোর উপর
দাঁড়ায় গিয়ে সে
কাঁপা কাঁপা পা

সেসব কেবল
এখন শুধুই স্মৃতি
সবুজবাগের একলা মেয়ে
কেমন আছো প্রীতি!

বোকাদের দল
আহাদ আদনান
কটা বর্ষা এসেছে এই বৃষ্টিস্নাত শহরে,
হাতে কদমফুল এসেছিল কোন যুবক?
ঘুমকাতুরে কাকভোরে কাদাজলে এলোমেলো
সময়, কেঁদেছিল আকাশটা অঝোরে।
কদমের রোঁয়া মিশে যায় বৃষ্টির জলে
ঠাঁই দিতে ব্যর্থ বেদখল ভরাট খাল,
বস্তির আদুল খুকির কাগুজে নৌকো
তাই আজ ভাসে বদ্ধ অলিতে-গলিতে।
থ্রিজি রোমান্সে ঠাঁই নেই কদমের কিংবা
হুমায়ূনীও ভেজা চুল, খালি পা যুবকের,
প্রেম আজ ডাউনলোড হয় টিউবে টিউবে
বর্ষা কি বসন্ত, ফারাক কি শীতাতপে।

আজও তবু কবিতার খাতা খুলে বোকাদের দল
আজও তবু বৃষ্টির ছবি আঁকে বোকাদের দল।

সবুজ ওয়াহিদের দুটি কবিতা
স্থবিরতা
আর কিছু নাই হয় যদি
এলোমেলো হাওয়ায় টুপটাপ বৃষ্টি শুধু ঝরে,
যানজটে পড়া মন কিংবা এই স্থবির বিষণ্ন
শহরের উপরে
উড়ে যায় এক ডাকভোলা কাক!

এর থেকে বেশি আর কতটুকু দিতে পারে অকবিতার কবি?
লাল-নীল রং নয়, শব্দের সীমানায় আঁকা এই ছবি
থাক, থাক, হয়েছে যা-ওভাবেই থাক।
ও মেঘ, তুমি আমারেও নিয়ো সাথে শব্দের নীলিমায় ভাসবার কালে!

এই কথা বলে বলে কলকল বয়ে চলে
হৃদয়ের নদী।

ভুলো না আমায় লেখা বুকে নিয়ে নীলরঙা রুমালখানি ভেসে যায় সে নদীর জলে...


আল থেকে যায় তলে

একদিন যেটা ছিল তোমার-আমার অবাধ চারণভূমি
জোছনাভেজা সে প্রান্তরে আজ
আল-এর সমাবেশ!

নাগবিষে নীল মন দুজনার-আমি এবং তুমি
সব ভুলে যাই, বিস্মৃত কাজ,
স্মৃত শুধু জংলি কালো কেশ!

করজোড়ে চাই, কাকুতি জানাই
জীবন চলার বাঁকে,
প্রার্থনা ফল আকাশ সজল,
মেঘ ঘুম ঘুম ডাকে।

হাসিমাখা মুখে দৃষ্টি রাখি
জলীয় সমতলে,
দুচোখ ভরা ফাঁকি আর ফাঁকি!
আল থেকে যায় তলে!