কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি সুন্দর, আমাদের মুজিবর
তুষার কর

আমরা যখন খেলাঘরে এসে মিলি

তুমিও আসো নদী হাসে ঝিলিমিলি।

ভাব বিনিময়ে মন খুলে কথা বলো

ডেকে নিয়ে যাও, সমুদ্রে যাই চলো।

তুমি খোলা হাওয়া, দূরে যাওয়া তাই

তুমি তরী বাওয়া, ভোরের সানাই।

আনন্দ হাট, মাঠ-ঘাট, প্রান্তর

তুমি সুন্দর, আমাদের মুজিবর।

আমরা যখন ‘সোনার বাংলা’ গাই

আহা, কত শোভা শরৎ–আকাশে পাই।

এই গানে তুমি বাজাও প্রাণের বাঁশি

পতাকায় দেখি তোমার মুখের হাসি।

শৌর্য-বীর্য-নবীন জীবন দাও

পাহাড়সমান হই যেন তুমি চাও।

তুমি ধ্রুবতারা, আঁধারের বাতিঘর

তুমি সুন্দর, আমাদের মুজিবর।

আমরা যখন পড়ি ইতিহাস বই—

তুমি ক্লাশে এলে থেমে যায় হইচই।

তুমি লাল ঘুড়ি, আকাশের নীল গায়

মেঘ ফুঁড়ে যাই, ছেঁড়া পালে সাদা নায়।

তুমিই তো দেশ, মায়ের মানিক ধন

তোমার বিশাল বুকজুড়ে প্রিয়জন।

বজ্রে তোমার বাজে মন্দ্রিত স্বর

তুমি সুন্দর, আমাদের মুজিবর।

আমরা যখন ভয় থেকে আনি জয়

তোমার জন্য অবনত হিমালয়।

দেশের কর্মে মানুষকে বড় করে

মৈত্রীর রাখি বেঁধে দিলে ঘরে ঘরে।

মেঘমালা হয়ে বাংলাকে চেয়ে দেখো

কাছে ডেকে বলো, লক্ষটা থির রেখো।

তোমার ডাকে এসেছে একাত্তর

তুমি সুন্দর, আমাদের মুজিবর।

ভালোবাসা

রেহনুমা রাশিক    

সপ্তম শ্রেণি

তারাগঞ্জ পাইলট গার্লস হাইস্কুল, শেরপুর

আমরা জানি এই বাংলার

সবচেয়ে খাঁটি মিতা কে,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর,

ভুলতে পারি কি তাঁকে?

ঘাতক বুলেট কেড়ে নিল

প্রিয় জাতির পিতাকে,

শ্রদ্ধা জানাই, স্মরণ করি,

ভালোবাসা দিই তাঁকে।

কী লিখেছি দেখো

আবার এসো

অন্তরা কুরী    

অষ্টম শ্রেণি, উত্তর পতেঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম

বৃষ্টি পড়ে, মেঘের নিচে কত্ত পাখি ওড়ে,

প্রশ্ন জাগে বৃষ্টি ছাড়া

থাকব কেমন করে?

বর্ষা তুমি এসো আবার একটি বছর পরে,

তুমি এলেই সজীবতা

আসবে বাইরে–ঘরে।

বৃষ্টি ও ছোট্ট বোন

মোহাম্মদ আকিফ মনসুরী   

দশম শ্রেণি, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

ছোট্ট বোনের পায়ে নূপুর

ঘরের ভেতর নৃত্য,

প্রতিযোগী আমি হলে

বলো তো কে জিতত?

বৃষ্টি পড়ে ঝুম ঝুমা ঝুম

ছোট্ট বোনের নেই চোখে ঘুম

ঘরের ভেতর গান,

ওর সঙ্গে পাল্লা দিলে

ঠিক থাকবে কান?