কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তৃণভূমি
সবুজ ওয়াহিদ
ঘাসে ঘাসে ছেঁয়ে আছে বুকের জমিনখানি,
হৃদয় পড়ে ঘাসের মাঠে—হৃদয় গলে পানি।

জলের দেহে নাচন ওঠে; জল বেজে যায় সুরে,
সুর-কুহুতান মেঘ মেখে যায় অনেক অনেক দূরে...

সুদূর থেকে ছুটে আসে জামশেদ আলীর ঘোড়া
হৃদয় মাঠে পা-পিছলে সেই ঘোড়া হয় খোঁড়া।

খোঁড়া ঘোড়ার লাগাম ধরে ব্যর্থ কবির হাত
কবিতা কই! কবিতা কই! কান্না সারা রাত।

কবিতার বাস শব্দপুরে—জানা নেই ঠিকান
ঘাসে ঘাসে তাই ছেঁয়ে যায় বুকের জমিনখানা।

প্রেম ও প্রেমিকা

সায়মন স্বপন

পাহাড়েরা হয়তো-বা মেঘেদের কোনো এক প্রেমিকাকে ভালোবেসেছিল। তারপর, প্রেম ও প্রত্যাখানের সুখগুলো কেন যে পড়ে থাকে মুখ থুবড়ে, তার কোনো ব্যাখ্যা জানা ছিল না বুড়ো পাহাড়ের। ডাকবাক্সের দরজায় যেসব চিঠির আসা-যাওয়া ছিল, সেসব চিঠি এখন বিকল জাহাজের মতন পড়ে আছে বালুচরে। নাবিকের ছলছল চোখ ঘেমে ওঠে নুনজলে; ছেঁড়া পালের রুমালে লিখে যায় পুরোনো কবিতা।

এক দিন-দুই দিন করে কেটে গেল কতগুলো বরষাবিহীন সময়। তবে কি প্রেমিকারা ফিরে আসে না, এই সব জলবতী দিনে? রোদেলা দুপুর ভেঙে কালো কালো মেঘেরা হয়তো-বা ফিরে আসে তাদের পুরোনো প্রেম নিয়ে, কেবল ফিরে আসে না—সেই সব প্রেম ও প্রেমিকার মুখ।

আকেল হায়দার

চোখের মলাটে শীতল বর্ষার চিঠি

নাব্যতার অতলে নদীর কারুকাজ

হিয়ার গহিনে অনুভবের তীব্র ঢেউ 

দাঁড়িয়ে সম্মুখে; বিমূর্ত বসন্ত আজ।

ইন্দ্রজালে বোনা পরিযায়ী স্মৃতি

সবুজ স্বপ্নের ভেতর নক্ষত্রেরা ওড়ে,

লাবণ্যের দ্যুতি ছড়িয়ে অহোরাত্রি—

মনের কার্নিশে শীতার্ত রোদ ঝরে।

বুকভর্তি চন্দনের সুঘ্রাণ নিয়ে

কুমারী সময়েরা অপেক্ষমাণ

প্রতীক্ষার বৃষ্টি শেষে তুমি এসো—

ভুলে যাও যদি সব অভিমান। 

নজরুল তুমি

জাহিদ হোসেন

শিশিরের ডানা ভেঙে যে রোদ তোমার উঠোনে

অনায়াসে বাসা বাঁধে—

ময়ূর পেখম ছড়িয়ে ছন্দ তোলে ফোঁটায় ফোঁটায়

সেখানে নজরুল অক্লান্ত বিদ্রোহী।

জ্যৈষ্ঠের মেঘে মেঘে লাল ফিতা খুলে

তার অনুদানে কত না খেলেছি জলজ খেলা,

আজ সেই নজরুল—

আঙুলে জড়িয়ে থাকা ফাগুন,

পাশের বাড়ির ছাদে পড়শি চাঁদ দেখে দেখে

তৃপ্তির ঘ্রাণ বিলায় বিলাসী পৃথিবীতে।

আজ দীর্ঘশ্বাসের নামতা পড়ে

পকেটে সূর্যাস্ত নিয়ে দৌড়,

হৃদয়ে বিশাল শূন্যতা নিয়ে আকাশ ছুঁয়ে আছে নজরুল

তাঁকে ঘিরে হতে পারে আজ পত্রিকার নিখোঁজ সংবাদ।

মেঘের দেশে

নবীর হোসাইন

সাদা মেঘের গগনজুড়ে

মুঠি মুঠি স্বপ্ন উড়ে

ভেসে বেড়ায় ওই;

তারাগুলো আড়াল হয়ে

পাখপাখালি বেড়ায় ভয়ে

স্বপ্ন বুনি কই?

মেঘের দেশে ইচ্ছে দোলে

আলতো হাতে পরশ বোলে

দূর গগনের গাঁও;

ছুটে চলি তেপান্তর

সুখ-দুঃখের সঙ্গী করে

উজান পথের বাও।

স্বপ্ন

শিশির মাহমুদ

এক দিন মাঘ দুপুরের মাঠ বরাবর...

সরষেখেতের অন্দরমহলে এক সমুদ্র মেঘ দেখেছিলে।

বলেছিলে আলোকবর্ষ পাড়ি দিয়ে...

এনে দিতে হবে এক কোয়া কমলা আলো।

আমি এনে দিতে পারিনি সেদিন...

নীল দেয়ালের ঘরে লাল-সাদার সুখ!

সালোকসংশ্লেষণের অভাবে...

অনুর্বর চোখে ফোটাতে পারিনি মাধবীলতা।

অতঃপর বিচ্ছিন্ন দ্বীপ হয়ে...

ছেঁড়া কাগজের মতো টুকরো-টুকরো স্বপ্ন সঙ্গমে এখনো জেগে আছি আমি। যদি কোনো দিন প্রজাপতির পিঠে ভর করে উড়ে আসে...

আয়নার আড়ালে ভেঙে যাওয়া আলোকরশ্মি।

যদি কখনো জ্বলে ওঠে...

নেপচুনের কক্ষপথে সন্ধ্যার আড়ালে নিভে যাওয়া দৃশ্যমান নিউরনের নক্ষত্রগুলো।

যেদিন কেটে যাবে...

পার্থিব টানাপোড়েনের শৃঙ্খলে বাঁধা সমস্ত জটিলতা। সেদিনই নাহয় তোমার অন্ধকারে...

আমাকে ডুবে যেতে দিয়ো।