কবিতা

কবিতা-কবিতা রোগ
আহাদ আদনান
কবিতা-কবিতা রোগে ওরা দাঁড়িয়ে ছিল খোলা আকাশের নিচে,
নক্ষত্রগুলো বর্ণমালা করে গেঁথেছিল নকশিকাঁথা,
সুচের মতো অসহ্য রুপালি আলোয়
এফোঁড়-ওফোঁড় করে ঘোলা দৃষ্টিসীমায়
বিমূর্ত হয়ে ওঠে শব্দের স্রোত।
ওরা ছন্দ খুঁজে পেয়েছিল জোনাকি সরোবরে,
ঐরাবতের মতো মেঘের মেলায় বেঁধেছিল অন্ত্যমিল,
কালো জল শান্ত নদীর ছায়া যখন পড়েছিল উদোম আকাশটায়
আর মদিরা হাওয়াটা ক্ষান্ত দিয়েছিল খ্যাপাটে চলায়
আর ও বেলার কাটা খাওয়া ঘুড়িটা উড়তে গিয়ে ব্যর্থ হলো
আর বাঁশঝাড়টার একটা দৃশ্য হয়ে ওঠার প্রাণান্ত প্রয়াস
আর হাসনাহেনা রেণুর অদৃশ্য হওয়া মৃদু সুবাস,
অবাক হওয়ার আগেই দেখে কবিদের দল
চেনা পৃথিবীটা হয়ে গেছে এক ঋজু ‘ধূসর পাণ্ডুলিপি’।

তুই জানিস
ওয়াজিহা রহমান
কলমি লতার মতো বাহুডোরে যখন থাকি
মনে হয় এ স্বর্গ সুখ কোথায় রাখি?
এমন ভাবেই তোকে আমি খুব ভালোবাসি!
খেয়াল রাখিস তোর রৌদ্রময় আকাশে যেন শকুন না ওড়ে!
রাত্রি নিশিতে যেন কেউ আর জোছনা স্নানে না মজে;
তোর কলমি লতায় যেন আর কিছু না জড়ায়!
তুই জানিস না?
তোকে আমি খুব ভালোবাসি
তুই আমার হবি রাতের মুগ্ধতায়—
অন্যথায় ভোরের শিশির;
তোকে যে আমার পেতেই হবে
স্বর্ণলতা
আরিফুন নেছা
নেতিয়ে পড়া স্বর্ণলতাটাকে
আশ্রয় দিয়েছে সুঠাম পেয়ারাগাছটা
পরম মমতায় আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে একাকার
স্বর্ণলতা আর পেয়ারা
কাণ্ড ছাড়িয়ে
ছড়িয়ে পড়ছে
শাখা প্রশাখায়
স্বর্ণলতার প্রেমে
বুঁদ হয়ে আছে
পেয়ারাগাছ
সে কি জানে এই আশ্রিতা
তাকে এক দিন পূর্ণ গ্রাস করবে...
পাতাদের ভাষা
সবুজ ওয়াহিদ
শিশুটি আমার কাঁধ ছুঁয়ে বলে, দেখ, দেখ, পাতারা হেঁটে যায়!
তার সুর ভরে থাকে অপার বিস্ময়।
পাতারা হাঁটতে জানে—এই প্রথম জানি আমি!
পাতারা মিছিলে যায়—এই প্রথম দেখি আমি!
পাতার মিছিলে মেখে রোদও পায় ভাষা—
পেলবতা!
পাতারাও কথা বলে পৃথিবীর শুদ্ধতম স্বরে—
নীরবতা।
তুমি
নাফিউর রহমান
খোলা জানালা,
আনমনে দাঁড়িয়ে
হাত দুটো সামনে বাড়িয়ে
ঝুম বৃষ্টি ধরায় মগ্ন তুমি।
খোলা ছাদ,
নিশ্চুপ দাঁড়িয়ে
মুগ্ধ নয়নে তাকিয়ে
তোমায় দেখছি আমি!
মাঝে মাঝে,
দমকা হাওয়া এসে
শীতল পরশ বুলায় তোমার দেহে
মায়াবী আবেশে!
আর আমি,
হৃদয়ে ঝোড়ো হাওয়া নিয়ে
তোমায় ভেবে ভেবে
হঠাৎ করেই হারিয়ে গেলাম
অজানা কোন দেশে।
কতক বুনো ঘাম
সাদাফ আমিন
কাচগলা চাঁদ হেঁটে আসে মধ্যপাড়ার জানালায়; ঝোপঝাড়ে জমে ঝিঁঝিদের
রক্তলাল শরীর, মৃত্যু ডাকে কাঁপে পাতাদের টুনটুনি বুক, জলজ রাতে খয়েরি
প্রেমে কাঁদে বুনো জোনাকির ঘর।
এই যেমন বড়ই পাতা কাঁদে পৃথিবীর ’পর,
পথ খোকা বুনোফুল ঝরে পড়ে বার কয়েক,
মুক্তির হরতালে ডানা পুড়ে নিরীহ গাঙচিল, সমুদ্রভূমিতে ভিজে রাষ্ট্রের
আলুথালু প্যান্ট; রোদের মাতমে এঁকে এক আরণ্যক বালুচর...। তেমনি এই
প্রজাপতিময় রাষ্ট্রের সহচর সুখ; আগুন বালিতে পুড়ে পুড়ে হয়েছে দুপুরের ছাই,
হাঁটুনদীতে ফেলেছে ভরাডুবির পারাপার।
নিয়তির পানশালায় এখনো চাঁদেরা খয়েরি চুন; পেরেক ঠুকে ঠুকে কেড়ে নেয়
ভরা নদী, খটখটে আকাশজুড়ে দেয় বাংলায়...।
রাষ্ট্রকে ভালোবাসা ক্ষুধার এক উর্বর নাম; যদি রাষ্ট্র কেবলই রাষ্ট্র হয়
আর আমরা হই চাঁদের কতক বুনো ঘাম।
চিঠি
আশরাফুল সিদ্দিক
সারাটা দিন পকেটে করে ছেঁড়া কাগজ নিয়ে ঘুরি।
পাহাড়ে যাই, পাহাড় থেকে ওড়াব,
নদীতে যাই, নদীর জলে ভাসাব,
শ্মশানে যাই, চিতার আগুনে পোড়াব।
কিছুই হয় না, সূর্য ঘুরে যায়, চন্দ্র ঘুরে যায়।
একবার ভাবি নিজেকে জ্বালাব,
ছেঁড়া কাগজগুলো থাক,
আমার সঙ্গে সেগুলোও উড়ে যাক।
অপেক্ষা নিরন্তর
শেখর দাশ
মনে হয় তোমাকে ছুঁয়ে থাকি
অদৃশ্য মিলনের আকুলতায় জেগে থাকি
কাছে ডাকি-রাত-দুপুর
তবু শুনি না সে নূপুর!
ব্রত আর রীতির আসে না প্রহর
শূন্য হাতে ‘শুভক্ষণ’ আহ্বান বৃথা
তিথি নক্ষত্রের লগ্ন দিন গুনে
আরও আরও অপেক্ষায় থাকি একা।
স্রোতের মতোই বয়ে যায় মহাকাল
সাঙ্গ হয় না গুছিয়ে নেওয়ার পালা
পুড়ে পুড়ে অন্তর তবু খোঁজে
দুঃসময়ে এক ঘর ভালোবাসা।

প্রেম প্রলাপ
আনিকা তাসনিম
তখন আমি তোমার প্রেমে পড়িনি
যখন আমি সদ্য জন্ম নেওয়া টগবগে একটি শিশু,
প্রকৃতির নিয়ন্ত্রিত ভালোবাসাই আমার উপাদেয়।
তখনো আমি তোমার প্রেমে পড়িনি।
যখন আমি একজন কিশোরী,
আমার ভালো লাগার প্রিয়
চঞ্চলতার নির্যাস,
তোমার ভালোবাসা থেকে আমায় আড়াল করে রেখেছে।
তখনো আমি তোমার কাছে
যেতে পারিনি,
ভালোবাসব কী করে?
ভবিষ্যতে তোমার প্রেমে আমি পড়তে চাই
যখন আমি নিরুপায় একেবারে অসহায়
যখন হাত বাড়ালেই থরথর করে হাত কাঁপবে,
আর তখন তুমি শুধু
শুধুই আমায় ভালোবাসবে।
ন্যায্য হিস্যার পথিক
সুশান্ত পোদ্দার
সফেদ কুয়াশার গভীরে ম্লান সকল মূর্খতা
উদ্গ্রীব মননে অধিকারের অফুরান তেষ্টা
সুন্দরের মাঝে তবু ঠিক মজে মন; মজে প্রাণ
সুন্দরকে সুন্দর বলার বীরোচিত অসীমত্বে।
বানভাসি মানুষের ঢল বেয়ে আসা মুগ্ধতায়
চিবুক স্পর্শ করে নিভৃতে; নীরবে
চলেও যায় ফের সংগোপনে; একাকী।
শুধু ভালো লাগার অদ্ভুত রেশটুকু
বয়ে যায় শিরদাঁড় বেয়ে আনাচে-কানাচে
শরীরজুড়ে অবিরাম; অনুভবের মিছিলে।
রক্ত পলাশে রঙিন মানুষের ঢলে
লাল পদ্ম হয়ে হাসে কালো পিচের রাস্তা
প্রতিবাদ তবু বন্দীই রয়ে যায়
কালো খামের কুঠুরিতে; অনন্তকাল
কেবল ব্যক্তিক চেতনার চোরা স্ফুরণে!
প্রতিবাদ তাই আজ উদ্গ্রীব; উন্মুখ
প্রতিরোধ ভেঙে প্রতিশোধের তীব্রতায়
অনল পেরোনো বলে বলীয়ান; একাকী আজ
প্রতিঘাতের অন্তিম রোষে; অস্তিত্বের বোধে।
প্রেম ও প্রেমিকা
সায়মন স্বপন
পাহাড়েরা হয়তোবা মেঘেদের কোনো এক প্রেমিকাকে ভালোবেসেছিল।
তারপর, প্রেম ও প্রত্যাখ্যানের সুখগুলো কেন যে পড়ে থাকে মুখ থুবড়ে,
তার কোনো ব্যাখ্যা জানা ছিল না বুড়ো পাহাড়ের। ডাকবাক্সের দরজায়
যেসব চিঠির আসা-যাওয়া ছিল, সেসব চিঠি এখন বিকল
জাহাজের মতন পড়ে আছে বালুচরে। নাবিকের ছলছল চোখ ঘেমে ওঠে
নুনজলে; ছেঁড়া পালের রুমালে লিখে যায় পুরোনো কবিতা।
একদিন-দুদিন করে কেটে গেল কতগুলো বরষাবিহীন সময়। তবে কি
প্রেমিকারা ফিরে আসে না, এই সব জলবতী দিনে? রোদেলা দুপুর ভেঙে
কালো কালো মেঘ হয়তোবা ফিরে আসে তাদের পুরোনো প্রেম নিয়ে,
কেবল ফিরে আসে না—সেইসব প্রেম ও প্রেমিকার মুখ।