কবিতা: গৌরীপুর জংশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন চলছে—
শব্দের নিবিড় বুননে মাঝ রাতে ঘুম ভাঙে আমার
আমি অপেক্ষায় থাকি।
সেই কবে একদিন আমার হাত ছুঁয়ে বলেছিলে,
রাতের শেষ প্রহরে যে ট্রেনটি ছেড়ে যাবে গৌরীপুর জংশন থেকে
সে ট্রেনেই তোমাকে নিয়ে নিরুদ্দেশ হব আমি!
শিউড়ে উঠেছিলাম সেদিন; নির্বাক নির্নিমেষে দেখছিলাম তোমার চোখ।

রাতের অন্ধকার মিইয়ে আলো ফুটল, তার পর
দিন গিয়ে আবার সন্ধ্যা হলো, মাস আরও কতগুলো—
বছরও পেরিয়ে গেল নিয়ম করে।
তুমি আজও এলে না কবি, কেন এলে না
সে উত্তরটাও জানা হলো না আমার, শুধু
অমীমাংসিত কিছু শব্দ আর অজানা এক সমীকরণের সখ্যতায়
এখনো বেঁধে রেখেছি নিজেকে।

মাঝে মাঝে জানাতে ইচ্ছে করে—
কেনই বা বেঁচে আছি এখনো! উত্তর পাই না
কেবলই মনে হয় তুমি আসবে এই গৌরীপুর জংশনে।
এখন আমার জীবন কাটে সাগর-নদী-জোছনা দেখে
তোমার কথা ভেবে ভেবে অশ্রু ঝরে বুকের মাঝে।

কবি, তোমাকে হারাবার কোনো ভয় ছিল না আমার
শুধু ভয় ছিল তোমাকে পাবার, জানি—
মরু হাওয়াকে বেঁধে রাখা যায় না কোনো ভাবেই,
না খাঁচায়; না শিকলে, না দেহ; না ভালোবাসায়— তবুও
তোমাকে ধরে রাখার আমার এই নিবেদন ছিল তোমারই প্রত্যাশিত।

শেষ বার তোমার বুকের কাছে কান পেতে শুনেছিলাম—
অনন্তলোকের গান,
যে হুতাশনের অন্তিমে থাকে মহাপ্রেম আর অবিনশ্বর ভালোবাসা—
তারই পূর্ণ স্নানে চেয়েছিলাম ধন্য হতে, এ ছিল আমার ব্রত।
বিশ্বাস করো কবি—তোমাকে ভেবে ভেবে নিবিড় কোনো রাতে
উত্তাল করে রাখিনি; রোমাঞ্চিত যমুনা আমার—
কোনো জৌবিক বা বাহুবাসের মধুরতায়, ধন্য হতে চাইনি কোনো দিন।

সে রাতে সব ছেড়েছুড়ে পথে নেমে এসেছিলাম তোমাকে পাবার আশায়
সন্ধ্যা তারাগুলো পথ চিনিয়েছিল আমাকে, আর
তুমিই চিনিয়েছিলে ওই সব নক্ষত্রদের একদিন।
রাত নামাতে শুরু করল, স্টেশনে একা আমি সদ্যযৌবনা
তুমি একবারও বুঝতে চাইলে না কবি, কতটা বিড়ম্বনায় কেটেছিল সে রাত
তার পর ছোট একটি ঘর ভাড়া নিলাম গৌরীপুর জংশনের পাশেই
কারণ, বাড়ি ফিরে যাবার আর কোনো উপায় ছিল না আমার,
সেই থেকেই এই আমি অপেক্ষমাণ দিনরাত!

তোমার স্মৃতিগুলো অদ্ভুত অনুশীলনে ঘিরে থাকে আমায়
কিছুতেই তাড়িয়ে নিতে পারি না দূরে
মনে হয় পরিশীলিত, জীবন্ত
এখন আমার কালো চুলের আড়ালে
দাঁত কেলিয়ে হাসেত শুরু করেছে সাদা চুলের বহর
নন্দিত তনুর গলিঘুঁজিতে দেখি বয়সের ভাঁজ
এখনও নিবিড় রাতে ট্রেনের হুইসেল শুনে ছুটে যাই স্টেশনে
দুচোখে অবিরাম অশ্রুর খেলা চলে, আমার—

দিন কাটে না, রাতে কাটে না, কেবলই মনে হয়
কখন যেন তুমি এসে বলবে—ফুল; চলো আমি এসেছি
সেদিনের পর থেকে আর একটি রাতও ঘুমোতে পারিনি আমি
তুমি আর কবে আসবে কবি, ততদিনে কি চিনে নিতে পারবে আমায়
ফিরে এসো, ফাগুনের রাতে সন্ধ্যামালতি হাতে
ফিরে এসো এই গৌরীপুর জংশনে
তুমি বুঝবে না কেমন করে এক একটি দিন হয়ে ওঠে সহস্র দিনের সমান
ফিরে এসো কবি, ফিরে এসো।


কাজী সাইফুল ইসলাম
রিয়াদ, সৌদি আরব