
বাইরে তখন ঘূর্ণিঝড় রোয়ানুর দাপট। অথচ গ্রন্থবিপণি বাতিঘরে লোকজনের উপস্থিতি দেখে কে বলবে তখন ৭ নম্বর বিপদ সংকেত চলছে? কবি রণজিৎ দাশ মঞ্চে উঠে প্রথমেই সে প্রসঙ্গটা টানলেন। বললেন, ‘সারা দিন হোটেলের কক্ষে বসে ঝড়ের তাণ্ডব দেখেছি। শঙ্কা জেগেছিল এত প্রতীক্ষার আসরটি হবে িক না! তবে এখন এত লোকজন দেখে মনে হচ্ছে আশঙ্কাটা ভুল ছিল। বুঝতে পারলাম চট্টগ্রামবাসী বরাবরই ঝড়কে জয় করে চলেছেন।’
২১ মে সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘সীমাহীন কবিতার স্বতন্ত্র অপরাহ্ণ’ শিরোনামে অনুষ্ঠিত হয় ভারতের পশ্চিম বাংলার কবি রণজিৎ দাশের কবিতা পাঠের আসর। এর আগে ২০১৪ সালেও চট্টগ্রামের পাঠকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তাই চট্টগ্রাম তাঁর কাছে একেবারে নতুন নয়। বরং এখানকার পাঠকের কাছে ফিরে আসা। ভারতের ছোট পত্রিকা ঐহিক ও বাতিঘরের যৌথ উদ্যোগে আয়োজিত এই আসরে রণজিৎ কবিতা পড়লেন। উত্তর দিলেন পাঠকের বিভিন্ন প্রশ্নের। অনুষ্ঠানের এক ফাঁকে ‘ঘামে যে রয়েছে নুন, তার অর্থ, সমুদ্রে ছিলাম’ শিরোনামে প্রকাশিত ঐহিক–এর রণজিৎ দাশ সম্মাননা সংখ্যারও মোড়ক উন্মোচন করা হয়। ঐহিক–এর এই বিশেষ সংখ্যা রণজিৎ দাশের হাতে তুলে দেন পত্রিকাটির সম্পাদক তমাল রায়।
শুরুতে ঝড়ের প্রসঙ্গ তুলেছিলেন। তার রেশ ধরে আরও কিছু কথা বললেন রণজিৎ। বললেন, চট্টগ্রামের কবিদের কবিতায় ঝড়ের স্পন্দন টের পান তিনি। আলাপ করলেন নৈতিকতা ও নান্দনিকতার বিষয়েও। টুকরো কথার পর শ্রেষ্ঠ কবিতা, ঈশ্বরের চোখ, সমুদ্র সংলাপ, ধানক্ষেতে বৃষ্টির কিবতা, শহরে নিঃস্তব্ধ মেঘ ও অসমাপ্ত আলিঙ্গন কাব্যগ্রন্থ থেকে ১০টির মতো কবিতা পাঠ করেন তিনি।
রণজিৎ দাশের জন্ম ১৯৪৯ সালে আসামের শিলচর শহরে। ১৩–১৪ বছর বয়স থেকে লেখালেখি শুরু। প্রথম কাব্যগ্রন্থ আমাদের লাজুক কবিতা প্রকাশের পর নিজেকে চিনিয়েছেন আলাদা করে। আসরে তাঁর লেখালেখি শুরুর সেই দিনগুলো নিয়েও দুই-চার কথা বললেন। একটা সময় কবিতা লিখেই বেরিয়ে পড়তেন আড্ডার উদ্দেশে। ছোট্ট একটা চা দোকানে ছিল কবিদের আড্ডা। সেই আসরে কবিতা শুনিয়ে কবি বন্ধুদের স্বীকৃতি মিললে নিজেকে সার্থক মনে হতো। আজ সারা বিশ্বে রণজিতের পাঠক থাকলেও ওই সময়টা তাঁর কাছে অনেক দামিই রয়ে গেছে।
কবিতার কাজ িক চমক দেখানো? এক পাঠকের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রণজিৎ বললেন, ‘কবিদের কাজই তো ম্যাজিক দেখানো। প্রতি শব্দে ও পঙ্ক্তিতে যদি বিদ্যুৎ চমক না থাকে তবে কিসের কবিতা! কবিতা মূলত ম্যাজিকের মতো। যেখানে জীবনের নানা মুহূর্ত ও অভিজ্ঞতা নতুন অর্থ পায়।