কবিতায় মাতাল পাঁচ সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ নরেন আবৃত্তি একাডেমির কাব্যনাটক ‘অমাবস্যা’র একটি দৃশ্য
শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ নরেন আবৃত্তি একাডেমির কাব্যনাটক ‘অমাবস্যা’র একটি দৃশ্য

এক মঞ্চে পাঁচ আবৃত্তি সংগঠন। কবিতায় দ্রোহ আর প্রেম। প্রতিটি পরিবেশনাই মুগ্ধতার আবেশ ছড়িয়েছে।
নরেন আবৃত্তি একাডেমি, নির্মাণ আবৃত্তি অঙ্গন, সুচয়ন ললিত কলাকেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র ও ত্রিস্বর আবৃত্তি সংঘের আয়োজনে ৩ অক্টোবর নগরে বসে এই আবৃত্তির আসর। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ‘মাটির হৃদয়ে কালো কোকিলের ছায়া’ শিরোনামের আয়োজনে ছিল একক, দ্বৈত ও বৃন্দ কবিতার পরিবেশনা।
সন্ধ্যা ছয়টায় কথামালার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান। অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী ও কবি কামরুল হাসান। বক্তারা বলেন, ‘আবৃত্তি এখন স্বতন্ত্র মাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করতে শুরু করেছে। জনপ্রিয় হয়ে উঠেছে সংগঠনভিত্তিক আবৃত্তি চর্চা। যেখানে দেশের মানুষ একতাবদ্ধ হয়ে কিছু করতে হিমশিম খাচ্ছে, সেখানে জোটবদ্ধ আবৃত্তি চর্চা একটা উদাহরণ হতে পারে।’
কথামালা শেষে তাসকিয়াতুন নুর ও এহতেশামুল হকের উপস্থাপনায় শুরু হয় কবিতা পাঠের আসর। শুরুতেই সুচয়ন ললিতকলা কেন্দ্রের আবৃত্তি শিল্পীদের বৃন্দ পরিবেশনা—‘রামধনুকের গান শিখে ভাই, ধুলোয় প্রাণের রঙ লিখে যাই’। এরপর আসে চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র। ‘এ আমার বাংলা’ ও ‘অদ্ভুদ’ শিরোনামে দুটি বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তাঁরা। সমুদ্র টিটুর সৃজন বিন্যাস ও নির্দেশনায় পরিবেশিত হয় ‘জীবনের যৌবন এখনো বিদ্রোহের’। এই পরিবেশনা করে নির্মাণ আবৃত্তি অঙ্গনের। সবশেষে মঞ্চে আসেন নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন কাব্যনাটক অমাবস্যা। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন শোভনময় ভট্টাচার্য।