কবিতায় মিলল দুই বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমার আয়োজনে অভিন্নহৃদয়ে কবিতার ধ্বনি শিরোনামের অনুষ্ঠানে আবৃত্তি করেন কলকাতার সংগঠন শ্রুতিবৃত্তের শিল্পীরা l প্রথম আলো
প্রমার আয়োজনে অভিন্নহৃদয়ে কবিতার ধ্বনি শিরোনামের অনুষ্ঠানে আবৃত্তি করেন কলকাতার সংগঠন শ্রুতিবৃত্তের শিল্পীরা l প্রথম আলো

এক মঞ্চে এপার বাংলা আর ওপার বাংলার শিল্পীরা। দেশ ভিন্ন হলেও তাঁদের ভাষা অভিন্ন। মিল আছে আরও একটি জায়গায়। তাঁরা সবাই আবৃত্তিশিল্পী। দুই বাংলার আবৃত্তিশিল্পীদের এমন মিলনমেলা বসেছিল শিল্পকলায়। ২০ ও ২১ আগস্ট ‘অভিন্নহৃদয়ে কবিতার ধ্বনি’ শিরোনামের দুই দিনব্যাপী এই কবিতার অনুষ্ঠানের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। আয়োজনে সহযোগী ছিল ভারতীয় সহকারী হাইকমিশন।
২০ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। উদ্বোধনী আয়োজনের পর মঞ্চে বসে আলোচনা সভার আসর। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, কবি ওমর কায়সার, এজাজ ইউসুফী, রাশেদ রউফ, মানজুর মুহাম্মদ, শুভ্রা ধর ও ভারতীয় আবৃত্তিশিল্পী বৈশম্পায়ন চক্রবর্তী।
স্বাগত বক্তব্য দেন প্রমার সভাপতি রাশেদ হাসান ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। কথামালার আয়োজন শেষে কবিতার পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন ভারতের আগরতলার ‘কবিতালোক’ সংগঠনের শুভ্রা ধর ও বৈশম্পায়ন চক্রবর্তী। এরপর সংগঠনের আবৃত্তিশিল্পীদের সমবেত পরিবেশনা ‘আমার লাস্য, আমার লড়াই’ কবিতার সঙ্গে নাচ পরিবেশন করেন ঋতুপর্ণা ভৌমিক ও গোপাল ভট্টাচার্য। একক আবৃত্তি করেন অরিজিৎ বণিক ও পিনাকপাণি দেব। সমবেত কণ্ঠে নজরুলের ‘কামাল পাশা’ কবিতাটির মাধ্যমে পরিবেশনা শেষ করেন অতিথিরা। এরপর ছিল প্রমার ‘চিরকালের প্রমিথিউস’ শিরোনামের বৃন্দ আবৃত্তির পরিবেশনা।
আয়োজনের দ্বিতীয় দিনে কবিতা পরিবেশন করেন ভারতীয় আবৃত্তি দল আগরতলার ‘কবিতালোক’ এবং কলকাতার ‘শ্রুতি বৃত্ত’। সমবেত কণ্ঠে ‘যমুনাবতী সরস্বতী’ ও ‘তোমাকে চে’ শিরোনামের দুটি মুগ্ধ করে দর্শকদের। কলকাতার ‘শ্রুতি বৃত্ত’ সংগঠনের শিল্পীরা আবৃত্তি ও সুফি গানের সমন্বয়ে অনবদ্য এক পরিবেশনা উপহার দেন দর্শকদের। এরপর প্রমার পক্ষ থেকে আবৃত্তি করেন রাশেদ হাসান, কংকন দাশ, বিশ্বজিৎ পাল, জেরিন মিলি ও তাজুল ইসলাম।