কবিতার আসর, কবিদের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের শেষে প্রকৃতিতে বর্ষা উঁকি দিতে শুরু করেছে। অস্থিরতা, ব্যস্ততা দিন দিন সংকীর্ণ করে দিচ্ছে আমাদের প্রেয়সী মনকে। তবুও আসেন একদল, যাঁরা হাজার ব্যস্ততার মধ্যেও ছুটে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের প্রান্তঘেঁষে চাঁপা ফুলগাছটার পাশে। প্রতি শুক্রবার বসে তাঁদের আসর, আসরের নাম ‘ম্যাজিক লণ্ঠন’। কবিতার আসর; কবিদের মেলা। ওই যে ‘একদল’ বললাম, তাঁরাই হলেন কবি।ম্যাজিক লণ্ঠনের কবি সোহেলের মতে, ‘আসলে আমার লেখালেখির পেছনে অনন্য অবদান এই ম্যাজিক লণ্ঠনের, এখানে এসে স্বরচিত কবিতা পড়ি, সমালোচিত হই আবার গুণী কবিদের উপদেশ পাই। তাঁদের উৎসাহে বের করলাম কবিতার বই।’ কবি ফারহান ইশরাকেরও একই কথা। ম্যাজিক লণ্ঠনের অন্যতম উদ্যোক্তা রতন মাহমুদ। ২০০৩ সালে শুরু হওয়া এ আসরের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। ‘আসলে আমাদের ম্যাজিক লণ্ঠন হচ্ছে কাব্য এবং নবীন-প্রবীণ কবিদের মিলনমেলা।’ বললেন রতন মাহমুদ। ম্যাজিক লণ্ঠনের বর্তমান সদস্য ১৪ জন এবং এই ১৪ জনই কিন্তু সম্পাদক। সবাই অবশ্য রতনদাকে প্রধান সম্পাদক ভাবেন। প্রতিটি আসরে একজন সভাকবি থাকেন। তাঁকে স্বাগত জানান অন্য কবিরা। দেওয়া হয় সংবর্ধনা। এরপর শুরু হয় তাঁকে ঘিরে শুভেচ্ছা বক্তব্য এবং তাঁর পাঁচটি স্বরচিত কবিতা পাঠ।কবিতার টানে এখানে ছুটে আসেন কবি নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, আসাদ চৌধুরী, মহাদেব সাহা, খন্দকার আশরাফ হোসেন, লিলি হক, রেজাউদ্দিন স্ট্যালিন, নুরুল হুদাসহ আরও অনেক কবি। আর নবীন প্রজন্মের কবিরা তো নিয়মিতই আসেন।নির্মলেন্দু গুণ জানান, ‘ম্যাজিক লণ্ঠন আমাদের কাছে মরুভূমিতে মরূদ্যানের মতো। সপ্তাহের কিছুটা সময় সবার সঙ্গে ব্যয় করতে ভালোই লাগে। জেগে থাকুক এই আসর, বেঁচে থাকুক চিরকাল।’ তিনিও হয়েছিলেন সভাকবি ২২৫তম আসরে। শুধু বাংলাদেশি কবি নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকেও কবিরা আসেন, পড়ে শোনান ইংরেজি কবিতা। ২৮০তম আসরে কবি ছিলেন আতিয়ার আহমেদ। এ আসরে নবীন কবিদের মধ্যে ফারহান ইশরাক, মনির, সোহেলসহ অনেকেই এসেছিলেন। সেদিন রতন মাহমুদ শোনান তাঁর কবিতা— ‘বড় পথ, ছোট মানুষকেও বড় করে তোলে/ঘর থেকে নেমে পথ যদি হতো বড়/তবে ছোট ছোট মানুষগুলো হয়ে উঠত বড় বড়।’অর্পিতা পড়েন, ‘আকাশের বুকে চাঁদটা কেন এত সুন্দর?/যেন অন্তিম আকাশের সর্বত্র তার বিস্তার/চোখে চোখে রাখে ফুটে উঠা সব তারা-উপতারাদের/আকাশ যেন তার, সে যেন আকাশের।’নির্মলেন্দু গুণ শোনালেন তাঁর কবিতা—‘নিরা, উল্টাপাল্টা বাতাসে তোমার/শাড়ি উড়ে গিয়েছিল/আমি পেয়েছি।’ঘড়ির কাঁটা এগিয়ে যায়, সময় হয় বাড়িতে ফেরার। রাত ১০টা কি সাড়ে ১০টায় শেষ হয় আসর, পরের শুক্রবারের আমন্ত্রণ জানিয়ে শেষ হয় আড্ডা। তবে এ আড্ডা শুধু কবিদের জন্য নয়, সব পেশার, সব মানুষের জন্য উন্মুক্ত।