কবিতার উষ্ণতায় একুশের সকাল
একুশের চেতনাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় প্রতিবছর সড়কের ওপর কবিতা পাঠের আয়োজন করে বোধন আবৃত্তি সংগঠন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২১ ফেব্রুয়ারি সকাল নয়টায় নগরের সব প্রান্ত থেকে প্রভাতফেরি যখন শহীদ মিনারে এসে মিলছিল, তখন নন্দনকানন অপর্ণাচরণ বিদ্যালয়ের পাশে শত শত মানুষের ভিড়। সেই ভিড়ের ভেতর থেকে মাইকে ভেসে আসছিল কবিতার ধ্বনি। এখানে স্বরচিত কবিতা পাঠ করেন ওমর কায়সার, খালিদ আহসান, আকতার হোসাইন। কবিতা আবৃত্তি করেন জাভেদ হোসেন, শারমিন মৃত্তিকা, পাপড়ি সিকদার, ফারুক আজম, কবীর আহাম্মদ প্রমুখ। এতে কবি ও আবৃত্তিকারদের সঙ্গে কবিতা শুনতে আসা অনেক দর্শকও কবিতা পড়তে আগ্রহ প্রকাশ করেন এবং একুশের কবিতা পড়েন। বোধনের সভাপতি প্রণব চৌধুরী বলেন, ‘মূলত সাধারণ মানুষের কাছে একুশের তাৎপর্য তুলে ধরাই আমার উদ্দেশ্য।’ এদিকে ছোট কাগজ একুশের কবিতাও সকালে চেরাগী পাহাড় চত্বরে প্রতিবছরের মতো এবারও স্বরচিত কবিতা পাঠের আয়োজন করেছে। এ জন্য একুশের দিন সকাল থেকেই জমে যায় চেরাগীর আড্ডা। কেউ কেউ শহীদ মিনার চত্বরটা একটু ঘুরে এসে, কেউ বা সরাসরি কবিতার আসরে চলে আসেন। কবি রিজোয়ান মাহমুদ বললেন, ‘প্রতিবছর এখানে কবিতার আসর হয়, কবিতা পাঠের চেয়ে সম্মিলনটাই ভালো লাগে।’ কবিতা পাঠের আসর ছিল সংক্ষিপ্ত, কিন্তু প্রসারিত ছিল কবিদের আড্ডা। কবি মুনিরুল মুনিরের সঞ্চালনায় এই আসরে কবিতা পড়েন জ্যোতির্ময় নন্দী, খালিদ আহসান, ওমর কায়সার, হোসাইন কবির, আশিষ সেন, আকতার হোসাইন, রিজোয়ান মাহমুদ, কমলেশ দাশগুপ্ত, কামরুল হাসান, শারদ নায়ার, রুদ্র শায়ক, ফারহানা আনন্দময়ী, প্রমুখ। আবৃত্তিকার শান্তনু বিশ্বাস রবীন্দ্রনাথের একটি গান আবৃত্তি করে শোনান।