কবিতার ব্যাখ্যা হরেক রকম হতে পারে। তবে উসকানিমূলক যে হতে পারে, সেটা আপনার জানা না-ও থাকতে পারে। জানাচ্ছেন ইকবাল খন্দকার, এঁকেছেন নাইমুর রহমান

বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই...
ব্যাখ্যা: এখানে বাবুই জাতিকে অত্যন্ত অপমান করা হয়েছে। কারণ, এখানে ‘চড়াই’ শব্দটার মাধ্যমে বাবুই পাখিকে চড়ানোর কথা বলা হয়েছে। বাবুই জাতির কোনোভাবেই উচিত হবে না এই অপমান সহ্য করা।
বল বীর বল উন্নত মম শির...
ব্যাখ্যা: এখানে বলা হয়েছে মমর শির নাকি উন্নত। কিন্তু না, যেহেতু মমর চেয়ে বিদ্যা সিনহা মিম বেশি লম্বা, অতএব মিমের শির বেশি উন্নত। এই ভুল তথ্যের প্রতিবাদস্বরূপ মিমের ভক্তদের উচিত হবে আন্দোলনের জন্য মাঠে নামা।
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর...
ব্যাখ্যা: বিপক্ষ দলের নেতা-কর্মীরা এসে ঘর ভেঙে দিয়ে গেছে। অথচ কোনো প্রকার পাল্টা অ্যাকশনে না গিয়ে উল্টো তাদের ঘর বেঁধে দিয়ে আসা হবে—কেন? তাহলে কি বিপক্ষ দলের নেতা-কর্মীকে ভয় পাওয়া হচ্ছে? নো, এভাবে দল চলতে পারে না। দল থেকে ভিতুদের বহিষ্কার করে সাহসীদের পদ দেওয়া হোক।

সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই যুবকের সাথে...
ব্যাখ্যা: নারী এখন স্বনির্ভর। সুতরাং সুরঞ্জনা কোথায় যাবে, কোথায় যাবে না, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না, এসব বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...
ব্যাখ্যা: দেশে কোনো হরতাল নেই, অবরোধ নেই, নেই পরিবহন ধর্মঘট। অবাধে গাড়ি-ঘোড়া চলছে। রাস্তাঘাটও মেরামত করা হয়েছে। তাহলে হেঁটে পথ চলতে হবে কেন? তাহলে কি যোগাযোগ খাতে সরকারের ব্যর্থতা প্রমাণের অপচেষ্টা চলছে?

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই...
ব্যাখ্যা: বাচ্চা ছেলেমেয়েদের সম্বোধন করতে হয় মোলায়েমভাবে। ‘তুমি’ করে। আর এখানে কিনা ‘আয় আয়’ মানে তুই-তোকারি করা হয়েছে! এটা মানা যায় না। আরেকটা বিষয় হচ্ছে, ছেলেমেয়েরা ফুল তুলতে যাবে মানে? ফুল তো কিনে আনবে ফুলের দোকান থেকে। তাহলে কি ফুলের ব্যবসায় লালবাত্তি জ্বালানোর অপচেষ্টা চলছে?