কবিতার ছন্দে আনন্দে
কবিতার ছন্দে ভালোবাসার আনন্দটা পরিপূর্ণ হয়েছিল বর্ণ আবৃত্তি পাঠশালার আয়োজনে। মঙ্গলবার ভালোবাসা দিবসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জমজমাট এই আসর জমিয়ে রেখেছিলেন আবৃত্তিকারেরা। ভালোবাসার দিনে কবি ও কবিতার প্রতি ভালোবাসা অর্পণ করার উদ্দেশ্যে আয়োজকেরা চট্টগ্রামের সব আবৃত্তি দলকে আমন্ত্রণ জানিয়েছিল ‘কবিতা তুমি আনন্দ মাধুরী ভালোবাসা’ শীর্ষক এই অনুষ্ঠানে। রাশেদ হাসানের কণ্ঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’, মিলি চৌধুরীর কণ্ঠে সুবোধ সরকারের ‘ছেলেটি-মেয়েটি’, ফারুক তাহেরের রবীন্দ্রনাথের ‘অনন্ত প্রেম’সহ একের পর এক দলীয় ও একক পরিবেশনা কাব্যপ্রেমিকদের মুগ্ধ করে রাখে। শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইদুল করিম। উদ্বোধন করেন আবৃত্তিকার রণজির্যা রক্ষিত, প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মুফিজুর রহমান। ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আক্তার চৌধুরী সংস্কৃতিকর্মী ধ্রুব দাইয়ান, মো. মাহমুদুর রহমান।প্রধান অতিথি ড. অনুপম সেন বলেন, ‘ভালোবাসা দিবসে কবিতার প্রতি ভালোবাসা একটি ব্যতিক্রমী আয়োজন। তবে বর্ণ আবৃত্তি পাঠশালা যদি আরেকটু সময় নিয়ে গুছিয়ে করত তাহলে আয়োজনটি আরও ভালো হতে পারত।’আবৃত্তি দলগুলোর মধ্যে ভালোবাসার কবিতা আবৃত্তি করে প্রমা, ত্রিতরঙ্গ, উচ্চারক, নির্মাণ, শব্দ নোঙর, ত্রিস্বর ও তারুণ্যের উচ্ছ্বাস। আরও আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, অরুণ রুদ্র, বিশ্বজির্যা পাল, দেবাশীষ রুদ্র, ফেরদৌসী মুন, প্রবীর পাল, মিশফাক রাসেল, ফরিদ মুহাম্মদ, মাহবুবুর রহমান, সাইফুর রহমান। কথা হয় অনুষ্ঠান দেখতে আসা রাহাত কবিরের সঙ্গে। তিনি বলেন, ‘ভালো লাগছে ভালোবাসা দিবসে কবিতার এই আয়োজন।’ডিসি হিলে আসা তরুণ-তরুণীদের দেখা যায় কেউ বাদাম চিবুচ্ছেন, কেউ আড্ডা দিচ্ছেন আর কেউ কেউ বইমেলায় ঘুরছেন। তবে সবারই মনোযোগের কেন্দ্র ছিল কবিতা আবৃত্তি। তরুণ জুটি নিয়াজ আহমেদ ও সামিয়া জাহান জানান, ‘অসম্ভব ভালো লাগছে, ভালোবাসা দিবসে দুজনে একসঙ্গে ঘুরতে পারছি, আড্ডা দিচ্ছি তার সঙ্গে বইমেলা ও কবিতা আমাদের আনন্দে অন্যমাত্রা যোগ করেছে।’ সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কবিতা শুনে ভালোবাসা দিবসে ঘুরতে আসা মানুষেরা অন্য রকম এক ভালোবাসা নিয়েই বাড়ি ফিরলেন সেদিন।