কবিতার পঙতিতে
বৈশাখ যখন তার রুদ্র মূর্তি নিয়ে শাসন করছে বাংলার প্রকৃতি, তখন আমরা মানবতা ও মানুষের কথা বলতে একটু ছায়া খুঁজলাম কবিতার পঙ্ক্তিতে। আমরা মানে রাজশাহী বন্ধুসভা; ভয়ানক রোদ আর উত্তরবঙ্গের বিখ্যাত গরমে ৩ বৈশাখ রাজশাহীর হোটেল নাইসে আয়োজন করেছিলাম ‘কবিতা উৎসব’-এর। কবিকণ্ঠে কবিতা নিয়ে উপস্থিত হয়েছিলেন রাজশাহীর বিশিষ্ট কবি রূহুল আমিন প্রামাণিক, আরিফুল হক কুমার, কামরুল বাহার আরিফ, আমিনা আনসারি, শামীম হোসেন, প্রত্যয় হামিদ, আহমেদ মেহেদী হাসান নীল, জোহা এম এম হোসেন, কাজী শোয়েব শাবাবসহ কবিকুঞ্জের অনেক কবি। ছিলেন কবি আশিফা আশরাফি, মোসতাক রহমান, নবীন ইসলাম।
উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সাংবাদিক আবুল কালাম আজাদ। তিনিও শোনান তাঁর কবিতা ‘অতীত তাড়িত অসুখ’। আবৃত্তি পরিবেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী মনিরা রহমান মিঠি, শরিফ আহমেদ বিল্টু, আনোয়ারুল ইসলাম দোলন এবং বন্ধুসভার ছোট্ট দুই বন্ধু আইসিস ও ঔড়ব আজাদ। স্বরচিত কবিতা দিয়ে সবাইকে হতবাক করে দেয় দুই শিশু আতিক তাহমিদ ওহি ও প্রজ্ঞা রহমান।
কবিতার ফাঁকে ফাঁকে চলছিল গান। একক গায়কিতে সবাইকে মুগ্ধ করে রেখেছিলেন রাজশাহী বেতারের শিল্পী রেজাউল করিম। এ ছাড়া সার্বিক দেখাশোনায় ছিলেন ফারুক হোসেন, তাজদিকুল, আতাউলসহ অনেকে। কবিরা অবশ্য শুধু কবিতাই পড়ে শোনাননি, শুনিয়েছেন কবিতার গল্পগুলো, কবিতা নিয়ে তাঁদের অন্তরঙ্গ আবেগের কথা, তাঁদের পথচলা। সে পথে কেউ দুর্বার, কেউবা উদার। কেউ বেদনায় জরাজীর্ণ, কেউ আবার বেদনাকেই করলেন সঙ্গী। বাস্তবতার শিকল ভাঙতে চান কেউ, আবার কেউ পরাবাস্তব জগতে সাবলীল। বিকেল পাঁচটা থেকে শুরু করে শেষ পর্যন্ত শিল্পীর গানে যখন বিদায়ের সুর, তখন দেখি রাত ১০টা বাজে। সময়ের হিসাব িক কারোরই ছিল না! বুঝলাম, এ কেবল কবিতা বলেই সম্ভব!