
নগরে শহীদ মিনারে প্রভাতফেরি ও শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একুশ উদ্যাপন করেছে বিভিন্ন সংগঠন। ছিল কবিতা পাঠ ও আবৃত্তির অনুষ্ঠান। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে এবং ২২ ফেব্রুয়ারি দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে কবিতা পাঠের আয়োজন করা হয়।
তারুণ্যের উচ্ছ্বাস: ২১ ফেব্রুয়ারি বিকেলে চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত হয় তারুণ্যের উচ্ছ্বাসের কবিতার আসর। ‘চিরদিনের কবিতা’ শিরোনামের এ আসরে আবৃত্তি পরিবেশন করেন চট্টগ্রামের বিভিন্ন আবৃত্তি সংগঠনের আমন্ত্রিত শিল্পীরা।
শামীমা ইয়াসমিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি জিন্নাহ চৌধুরী। এরপর ‘সেই মিছিলের বর্ণমালা’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা।
মুজাহিদুল ইসলাম, মিঠু তলাপাত্র, শ্রাবণী দাশগুপ্তা, সাইদুর রহমান, রাতুল হাসানসহ তারুণ্যের উচ্ছ্বাসের বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী এরপর আবৃত্তি পরিবেশন করেন। আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেন নাজমুল আলম, আসাদউল্লাহ, মছরুর হোসেন, বাপ্পী হায়দার, দিলরুবা খানম, প্রণব চৌধুরী, মিশফাক রাসেল, আসাদুজ্জামান উজ্জ্বল, সঞ্জিত বণিক, তাসকিয়াতুন নূর, ইউসুফ হাসান, কণা দাশ, এহতেশামুল হক, ফরিদ উদ্দীন মোহাম্মদ, সাইদুল করিম, প্রতিতী পর্ণা, ঊর্মি আচার্য্য এবং অঞ্চল চৌধুরী। শেষে রাশেদ রউফের কবিতা নিয়ে সাজানো ‘একুশ একাত্তর বাংলাদেশ’ শিরোনামের বৃন্দ আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাসের শিশু শিল্পীরা।
টিআইবি ও সনাক: একুশের চেতনায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্লোগান নিয়ে একুশ উদ্যাপন করেছে টিআইবি, সনাক ও তাদের সহযোগী সংগঠন ওয়াইপ্যাক দল। ২২ ফেব্রুয়ারি বিকেলে ডিসি হিল নজরুল স্কয়ারে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।
ওয়াইপ্যাকের সদস্য মো. মুজাহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সনাক সভাপতি মো. দেলোয়ার মজুমদার। শুরুতেই নাজিমুদ্দিন শ্যামল স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর একে একে কবিতা পাঠ করেন কামরুল হাসান, আকতার হোসাইন, খালিদ আহসান, মনিরুল মনির, দিলীপ কীর্ত্তনীয়া, বিজন মজুমদার, শেখর দেব ও আজিজ কাজল।
আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, রাশেদ হাসান, আয়েশা হক, ফারুক তাহের, প্রণব চৌধুরী, দেবাশীষ রুদ্র ও সাইদুর রহমান। ছড়া পাঠ করে শোনান জিন্নাহ চৌধুরী, উৎপল কান্তি বড়ুয়া, আবুল কালাম এবং শিশু শিল্পী ঐশি, উশরাক, হুমায়রা, মাসফিক ও কাবেরী দাশ প্রমুখ। অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ ও তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। সবশেষে শ্রাবণী দাশগুপ্তা সৃজন সেন রচিত ‘মাতৃভূমির জন্য’ শিরোনামের কবিতা পরিবেশন করেন।