
ছোট পত্রিকা খড়িমাটির যুগপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় কবিতার হেমন্ত শিরোনামে স্বরচিত কবিতা পাঠের আসর। ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিইআইসি) মিলনায়তনে এই কবিতার আসর বসে।
শুরুতে আমন্ত্রিত কবিদের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি ফাউজুল কবির। সঞ্চালনা করেন মনজুর মুহাম্মদ। স্বাগত বক্তব্য দেন খড়িমাটির সম্পাদক মনিরুল মনির।
আলোচনার পর কবিতা পাঠ শুরু হয়। ‘সামনে বসন্ত’ ও ‘বিষাদের জার্নাল’ নামের শিরোনামে কবিতা পাঠ করেন অভীক ওসমান। এরপর আকতার হোসাইন ‘অদৃষ্টের সাজানো মঞ্চ’, ‘হাড়ের হরিণী’ ও এজাজ ইউসুফী ‘জীবনমৃদঙ্গের তাল’ পাঠ করেন।
সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে রচিত ‘দেবীর প্রার্থনা’ কবিতা পাঠ করেন ওমর কায়সার। তারপর স্বপন দত্ত ‘হারিয়ে যাওয়া ছেলেবেলার গল্প’ পাঠ করে মুগ্ধ করেন দর্শকদের।
‘নয়া গণতন্ত্রের বাঁচা আর মরা’ ও ‘স্বপ্নভঙ্গে আতঙ্কিত মানুষ’ পাঠ করেন সাথী দাশ। খুরশীদ আনোয়ার পড়ে শোনান ‘আমার জীবাশ্ম ছুঁয়ে ঘুমাও তুমি’ ও ‘যাওয়া না যাওয়ার দ্বন্দ্ব’। বিশ্বজিৎ চৌধুরী ‘ভাওয়াইয়া ভাটিয়ালি’, ‘বালুকাবেলায়’ ও ‘আজ রাতে বাড়ি ফিরব না’ শিরোনামে তিনটি কবিতা পাঠ করে শোনান। ইউসুফ মুহম্মদ ‘স্মৃতির আয়ু’ ও ‘পায়ের চিহ্ন’, খালিদ আহসান ‘পুরুষ ও ‘জেলেপাড়ার মেয়েটি’ পাঠ করেন।
এ ছাড়া কবিতা পাঠ করেন কামরুল হাসান বাদল, রিজোয়ান মাহমুদ, ফারহানা আনন্দময়ী, দিলীপ কীর্ত্তনিয়া, নাজিমুদ্দীন শ্যামল, ভাগ্যধন বড়ুয়া, সাজিদুল হক, জিল্লুর রহমান, শাহিদ হাসান, সারাফ নাওয়ার, মুহাম্মাদ আমানুল্লাহ, খালিদ হামিদী, মোজাম্মেল মাহমুদ ও মানজুর মুহাম্মদ।
অনুষ্ঠানের সভাপতি ফাউজুল কবির বলেন, ‘কবিতা মানুষের মধ্যে সেতুবন্ধ করতে পারে। কবিতাকে আমাদের জীবনের সঙ্গী করতে হবে। কবিতা জীবন্ত থাকবে এবং কবিতাই মানুষকে পথ দেখাবে।’