কবিতায় একুশের অগ্নিশিখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রক্তঝরা আটই ফাল্গুন অহংকারের দীপ্ত আগুন’—কবিতায় একুশের ভাষাশহীদদের স্মরণ করলেন আবৃত্তিকর্মীরা। সম্মিলিত আবৃত্তি জোটের আয়োজনে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে বসেছিল এ আসর। চার দিনের এ আবৃত্তি উৎসব শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।
২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় উৎসব শুরু হয় জোটভুক্ত আবৃত্তি দলের শিল্পীদের সমবেত কণ্ঠে কাজী নজরুলের ‘কান্ডারী হুঁশিয়ার’ কবিতাটি আবৃত্তির মাধ্যমে। এরপর শুরু হয় উদ্বোধনী ঢোলবাদন। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অনুপম সেন। সম্মিলিত আবৃত্তি জোটের ভারপ্রাপ্ত সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাশকুর এ সাত্তার, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল ও জেলা শিল্পকলা একাডেমীর কার্যকরী পরিষদ সদস্য সাইফুল আলম। স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহের।
উৎসবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও ত্রিতরঙ্গ আবৃত্তি দল। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন সাইদুল করিম ও তুষ্টি চৌধুরী। একক আবৃত্তি করেন মিলি চৌধুরী, আয়েশা হক, এ এস এম এরফান, ইউসুফ হাসান, তৈয়বা জহির প্রমুখ।
উৎসবের দ্বিতীয় দিনে ছিল একক ও বৃন্দ আবৃত্তি। স্বরচিত কবিতাপাঠ করেন কবি হাফিজ রশিদ খান, রাশেদ রউফ, আকতার হোসাইন, সেলিনা শেলী, জিন্নাহ চৌধুরী ও বিজন মজুমদার।
এরপর মুক্তধ্বনি আবৃত্তি সংসদ ‘ইতিহাসের ইতিহাস’, চট্টগ্রাম আবৃত্তি একাডেমি ‘একুশ মানে’ ও স্বপ্নযাত্রী আবৃত্তি সংগঠন ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে।
তৃতীয় দিনের শুরুও ছিল একক আবৃত্তি দিয়ে। এ ছাড়া ‘সেই মিছিলের বর্ণমালা’ শিরোনামে ছিল তারুণ্যের উচ্ছ্বাসের বৃন্দ আবৃত্তি। এরপর আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর কণ্ঠে বিদ্রোহী কবিতাটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পী তিলোত্তমা সেনগুপ্তা। স্বরচিত কবিতাপাঠ করেন কবি সাথী দাশ, অরুণ সেন, ফাউজুল কবির ও খালিদ আহসান। এরপর বৃন্দ আবৃত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের শিল্পীরা ‘দ্রোহের গান’ ও শব্দনোঙরের শিল্পীরা ‘ভাষার লড়াই’ পরিবেশন করেন।
উৎসবের সমাপনী দিনে নবীন-প্রবীণ কবি, আবৃত্তিশিল্পী ও আবৃত্তিপ্রেমীদের পদচারণায় মুখরিত ছিল শিল্পকলা প্রাঙ্গণ। সারা দিন ছিল আবৃত্তিকর্মী সমাবেশ ও আনন্দ আড্ডা। বিকেলের আয়োজনে কবিতাপাঠ করেন কবি ওমর কায়সার, এজাজ ইউসুফী ও কামরুল হাসান।
এ ছাড়া বোধন আবৃত্তি পরিষদ ‘ভালোবাসি ভালোবাসি’ ও উচ্চারক আবৃত্তি কুঞ্জ ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিন্ডিকেট’ শ্রুতিনাটক পরিবেশন করে। ‘জেগে উঠো প্রজন্ম’ পরিবেশন করে বর্ণ আবৃত্তি পাঠশালা।