কবিতায় প্রতিবাদ
২৪ অক্টোবর সন্ধ্যা। গ্রন্থবিপণি বাতিঘরে অনেকগুলো বাতি যেন একসঙ্গে জ্বলে উঠল কবি ও কবিতা প্রেমীদের উপস্থিতিতে। সেই বাতির আলোয় খুঁজে পাওয়া গেল অন্ধকারে ঢেকে যাওয়া পথের নিশানা। প্রতিবাদের ঝাণ্ডা বয়ে আনা কবিতা তুলল শব্দের ঝড়। ছিন্নভিন্ন করে দিল সাম্প্রদায়িকতার সব জাল। মৌলবাদের বিরুদ্ধে কবিতাঘাত রচনা করল অন্য রকম এক সন্ধ্যা।কবিতার কাগজ মধ্যাহ্ন আয়োজন করে এ কবিতা পাঠের আসর। রামুর সহিংস ঘটনার প্রতিক্রিয়ায় দুই বাংলার কবিদের লেখা কবিতা নিয়ে সাম্প্রদায়িকতাবিরোধী কবিতা সংখ্যার পাঠ উন্মোচন করা হয় সেদিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে কাগজটির সম্পাদকীয় পড়ে শোনান কবি ওমর কায়সার। পাঠ উন্মোচন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বক্তব্য দেন ছোট কাগজ লিরিক সম্পাদক এজাজ ইউসুফী ও কালধারা সম্পাদক শাহ আলম নিপু।অলোচনায় বক্তারা বলেন, বাঁকখালী নদীতীরের জনপদ রামুতে শত সহস্র বছর ধরে বহু ধর্ম ও সংস্কৃতির মানুষ পাশাপাশি বসবাস করেছেন। রামুর বাসিন্দারা গর্ব করতেন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। কিন্তু ২৯ সেপ্টেম্বরের সহিংসতা সেই সহাবস্থানকেই যেন প্রশ্নবিদ্ধ করল। বর্বরোচিত ঘটনা কেন ঘটল তার অনুসন্ধান করতে হবে সুশীল সমাজকে। সমাজের প্রগতিশীল শক্তি এক না হলে দেশে সাম্প্রদায়িক শক্তি আবার মাথাচাড়া দেবে। হুমকির মুখে পড়বে সহিষ্ণু গণতান্ত্রিক বাংলাদেশ। আলোচনার ফাঁকে চলে কবিতা পাঠ। কবিতা পাঠ করেন কবি তপনজ্যোতি বড়ুয়া, আবসার হাবীব, খালিদ আহসান, হাফিজ রশিদ খান, আবু মুসা চৌধুরী, শাহিদ আনোয়ার, খালেদ হামিদী, জিললুর রহমান, রিজোয়ান মাহমুদ, আকতার হোসাইন, সেলিনা শেলী, রহমান হেনরী, বাদল সৈয়দ, নাজিমুদ্দীন শ্যামল, আহমেদ মুনির ও মনিরুল মুনির। মধ্যাহ্ন’র এ সংখ্যায় প্রকাশিত মৃদুল দাশ গুপ্তের কবিতাটি আবৃত্তি করেন রাশেদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি কামরুল হাসান।