বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে গত শনিবার শেষ হলো তিন দিনের আঞ্চলিক আবৃত্তি উৎসব ও জাতীয় আবৃত্তি কর্মশালা। ‘উচ্চারিত কবিতার প্রতিটি শব্দ প্রাণের স্পন্দন’ শিরোনামে নগরের জেলা শিল্পকলা একাডেমীতে গত বৃহস্পতিবার এ উৎসব শুরু হয়েছিল।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিকার মীর বরকত ও কাজী মাহতাব।অতিথিরা বলেন, কেবল আবৃত্তি, গান, নাটক নয়, একটি বিষয়কে ভালোভাবে আয়ত্ত করতে হলে সাহিত্যের বিভিন্ন শাখায় পদচারণ করতে হবে। ভাসা ভাসা জানার মধ্য দিয়ে বেশি দূর এগোনো যায় না। সাংস্কৃতিকভাবে বিকশিত হতে হলে এর চর্চার মাধ্যমে পরিশীলন ঘটাতে হবে। আলোচনা অনুষ্ঠানের পর শুরু হয় একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশনা।উৎসবে একক আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রণজিৎ রক্ষিত, বেলায়েত হোসেন, গোলাম সারোয়ার, মীর বরকত, কাজী মাহতাব, রাশেদ হাসান, ফারুক তাহের, কঙ্কণ দাশ, শর্মিষ্ঠা বড়ুয়া, দেবাশীষ রুদ্র, প্রাপ্তি হায়দার, সুজন দে প্রমুখ।বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, নির্মাণ আবৃত্তি অঙ্গন, রাউজান আবৃত্তি পরিষদ, উজানী আবৃত্তি সংগঠন ও ঐক্যতান সাংস্কৃতিক গোষ্ঠী।পূর্ণাঙ্গ প্রযোজনা পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন ও বোধন আবৃত্তি পরিষদ।তিন দিনের উচ্চতর জাতীয় আবৃত্তি কর্মশালায় আবৃত্তি নির্দেশনা ও ভাবনা, কণ্ঠশৈলী, উচ্চারণ ও আবৃত্তির কলাকৌশল এবং সাংগঠনিক চর্চার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর অঞ্চলের ১৫টি এবং চট্টগ্রাম অঞ্চলের ১৩টি আবৃত্তি সংগঠনের ৮০ জন কর্মী অংশ নেন।