কবিতায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ
বাঙালির ইতিহাসে বঙ্গবন্ধু অনিবার্য এক নাম। বাংলাদেশ ও বঙ্গবন্ধু প্রায় সমার্থক। প্রতিটি বাঙালির হূদয়ে চিরস্থায়ী আসন করে নেওয়া এই মানুষটিকে নিয়ে বাঙালি কবি কবিতা রচনা করবেনই। বর্তমানের কবিরা লিখেছেন, ভবিষ্যতের কবিরাও তাঁকে নিয়ে কাব্য রচনা করবেন। নির্মাণ আবৃত্তি অঙ্গন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক কাব্যসন্ধ্যায় ১৯ জানুয়ারি শনিবার শিল্পকলা একাডেমীতে বক্তারা এ কথা বলেন। বঙ্গবন্ধুকে নিয়ে তাঁকে নিবেদিত কবিতা দিয়ে সাজানো এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সমুদ্র টিটু রচিত ও নির্দেশিত ‘জনক আমার স্বাধীনতা’ ও ‘এখানে নরক এল না ’ শীর্ষক দুটো বৃন্দ পরিবেশনা। নির্মাণের আবৃত্তিকার মাহবুবুর রহমান মাহফুজ, বাপ্পী হায়দার, আমেনা ইসলাম একক আবৃত্তি পরিবেশন করেন। এ ছাড়াও প্রমা আবৃত্তি সংগঠন, নরেন আবৃত্তি একাডেমী ও তারুণ্যের উচ্ছ্বাসও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। আবৃত্তি অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মাহফূজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী এ কে এম বেলায়েত হোসেন, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি ওমর কায়সার, যুবনেতা দেলোয়ার হোসেন। আমেনা ইসলামের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সমুদ্র টিটু।