কবিতায় মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কবিতায় অন্যরকম ব্যঞ্জনায় উপস্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধ। উঠে এসেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়। নির্বাচনের পর নতুন বছরের শুরু থেকে এ দাবি মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটা মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়। সেই দাবিতে সরব হন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরাও। সামনের কাতারে ছিলেন আবৃত্তি সংগঠনগুলোর সদস্যরা। তাঁরা বছরজুড়ে বিভিন্ন প্রযোজনায় যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বিষয়টি জনগণের সামনে তুলে ধরেন। চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল আবৃত্তি সংগঠনগুলোর মধ্যে বোধন, প্রমা, অনার্য অন্যস্বর ও ক্বণন সারা বছর বিভিন্ন প্রযোজনা ও উত্সব নিয়ে সরব ছিল। এর মধ্যে বোধনের ১৬ বছর পূর্তি উত্সব, প্রমার স্বাধীনতা উত্সব সাড়া জাগায় সাংস্কৃতিক অঙ্গনে। এ ছাড়া উচ্চারকের প্রযোজনা ‘চিরকালের প্রমিথিউস’ ও ত্রিতরঙ্গ আবৃত্তি দলের ‘রক্তের দামে কিনেছি স্বদেশ’ বেশ আলোচিত হয়। তবে ২০০৯ সালে অন্য কয়েকটি সংগঠন একবারে নীরব ছিল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে ২৮ মার্চ বোধন আবৃত্তি পরিষদ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে পরিবেশন করে কাব্যনাট্য ‘এখনো একাত্তর’। ডিসি হিলে বোধনের বসন্ত উত্সব রং ছড়ায় তরুণ-তরুণীদের মধ্যে। প্রমা মার্চে ডিসি হিলে আয়োজন করে দুদিনব্যাপী স্বাধীনতা উত্সব। ১১ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ১৯ বছর পূর্তি উত্সবের আয়োজন করে। নিয়মিত আয়োজনের পাশাপাশি ১৯ ডিসেম্বর ঢাকা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানও করে প্রমা। ‘ফুলের গন্ধে ঘুম আসে না’ ও ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ শীর্ষক প্রযোজনা দুটি মুগ্ধ করে দর্শকদের। অনার্য অন্যস্বর ১০ বছর পূর্তি উপলক্ষে বিশদবাঙলায় বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে আটটি শ্রুতি প্রযোজনা প্রশংসিত হয়। এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ মিনারে ‘তিমির বিনাশী আলো’ শীর্ষক কবিতা পাঠের আসরের আয়োজন করে সংগঠনটি। ১০ আগস্ট উচ্চারক ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে ‘কবি ও কাব্যকথার সমন্বয়’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। নতুন প্রযোজনা ‘চিরকালের প্রমিথিউস’ দর্শকদের মধ্যে বেশ সাড়া জাগায়। নতুন বছরে কিষান চন্দের উপন্যাস গাদ্দার ও পুঁথিকাব্য ভেলুয়া সুন্দরী নিয়ে ১৫ বা ২০ মিনিটের একটি প্রযোজনা করার কথা বললেন উচ্চারকের সভাপতি ফারুক তাহের। বছরের আলোচিত আয়োজন ছিল ত্রিতরঙ্গ আবৃত্তি দলের ‘রক্তের দামে কিনেছি স্বদেশ’ ও ‘নকশি কাঁথার মাঠ’। সংগঠনটি পঁচিশে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ডিসি হিলে আয়োজন করে ‘হে ভৈরব হে রুদ্র বৈশাখ’ শীর্ষক অনুষ্ঠান। নতুন বছরে ভাষা আন্দোলনের ওপর কাজ করবেন বলে জানালেন সভাপতি দেবাশীষ রুদ্র। বোধনের সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী জানান, ‘এবার আরও বর্ণাঢ্য হবে বসন্ত উত্সব। আশা করি, পয়লা বৈশাখের মতো পয়লা ফাল্গুনেও ডিসি হিলে হবে বাঙালির মিলনমেলা।’